সিঙ্গাপুরের শান-বাঁধানো ফুটপাতে বা দেয়ালে কোনো রকম গ্রাফিতি বা লিখন দণ্ডনীয় অপরাধ। আর অপরাধীকে শনাক্ত করার জন্য শহরের আনাচকানাচে আছে ক্লোজড সার্কিট ক্যামেরা। বেশ ক বছর আগে রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন দেখলাম, ফুটপাতে চকখড়ি দিয়ে লেখা ‘আমার সোনার বাংলা’। এটুকুই। অন্য রকম শিহরণ জাগাল সেই লেখা। সিঙ্গাপুরের ডকইয়ার্ডে এবং নির্মাণপ্রতিষ্ঠানে কমসে কম এক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করে। এদেরই কোনো একজনের কাজ। সে যখন লিখছিল, তারও মাথার ওপরে ছিল অতন্দ্র সিসিটিভি ক্যামেরা, তবু হূদয়ে শাস্তির ভয় জাগেনি বা জাগলেও তার চেয়ে তীব্র হয়েছিল এই নির্দোষ লেখার তাড়না। হেঁটে যেতে যেতে ভাবছিলাম, যে গানকে আমরা আমাদের জাতিগঠনের ম্যানিফেস্টো বানিয়েছিলাম, তারপর সেই গান ধীরে ধীরে আমাদের জীবনে এক আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়ে গেছে, তার নির্যাসটুকু যেন কেউ পরম যত্নে মাখিয়ে রেখেছে সকাল ১০টার এই বিদেশি রাস্তায়। ব্রিটিশ-বাংলাদেশি ব্যান্ড ‘ক্ষ’-এর গাওয়া আমার সোনার বাংলা গানটি ইউটিউবের কল্যাণে অনেকেই দেখেছেন। সোহিনী আলমের গায়কি, যন্ত্রী আর যন্ত্রানুষঙ্গের ভিন্নতার কারণে গানটি নজর কেড়েছে অন্তর্জালে। গানটি তিনি গাওয়া শুরু করেছেন সঞ্চারি থেকে, আর তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন আমাদের রবীন্দ্রসংগীতের খ্যাতনামা শিল্পী সাদি মহম্মদ, খায়রুল আনাম শাকিল, মিতা হক ও ব্যান্ডশিল্পী মাকসুদ। একটি নিউজ পোর্টালের সঙ্গে আলাপে তাঁরা জানান, এই ‘বিকৃতি’র জন্য শিল্পীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। কারণ, জাতীয় সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। মাকসুদ অবশ্য জাতীয় সংগীতের সুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষাকে দোষের মনে করেননি। কিন্তু, তাঁর ভাষায়, এমন কোনো ‘উত্তীর্ণ’ হয়ে যায়নি এই গাওয়া যে একে নিয়ে ‘মাতামাতি’ করতে হবে।অবশ্য তাঁরা এই গান সম্পর্কে কী কী বলেছেন, তার সবটুকু সংবাদে এসেছে কি না, ধারণা করা মুশকিল। ইতিমধ্যেই মিতা হক তাঁর ফেসবুক ওয়ালে জানিয়েছেন, সোহিনীর গায়ন তাঁর ভালো লেগেছে। এমনকি সঞ্চারি থেকে গেয়ে সোহিনী যে ব্যতিক্রম ঘটিয়েছেন, তাকেও স্নেহসুলভ উপেক্ষা করার পক্ষে তিনি। এ থেকে অনুমান করা যায়, প্রতিক্রিয়া দেখানোর মতো পর্যাপ্ত সময় হয়তো এই শিল্পীরা পাননি। শিল্পী মাকসুদের পাত্তা না দেওয়ার মনোভাবে আশ্চর্য লাগল। রবীন্দ্রসংগীতকে সৃজনশীলভাবে গাওয়ার ‘অপরাধে’ যিনি একদা একঘরে হতে বসেছিলেন, তিনিও আজ ‘ক্ষ’ ব্যান্ডের এই উদ্যমকে অবজ্ঞায় পাশ কাটানোর পক্ষে! কিন্তু মিতা হক ছাড়া অন্যরা যেহেতু নতুন বক্তব্য হাজির করেননি, ফলে ওই প্রতিবেদনের বক্তব্যকেই তাঁদের বক্তব্য রূপে মানতে হয়।এখন প্রথম কথা হলো, আমার সোনার বাংলা জাতীয়সংগীত হওয়ার আগেই রবীন্দ্রসংগীত। অন্যান্য রবীন্দ্রসংগীত নিয়ে যদি পরীক্ষা-নিরীক্ষা হতে পারে, তবে এই গান নিয়ে নয় কেন? আমরা না-হয় আমাদের সংবিধানের চৌহদ্দির ভেতর থাকলাম, কিন্তু কলকাতার কেউ যদি এই গানে ‘হাত’ দেয়, তখন সেই কালো হাত আমরা ভেঙে দেব কীভাবে?অবশ্য সোহিনীর এই গানে খুব যে উথালপাতাল পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, এমন কিন্তু নয়। শিল্পী মিতা হক তাঁর ফেসবুক মেসেজে লিখেছেন, সোহিনী এই গানের নোটেশন যথাযোগ্যভাবেই অনুসরণ করেছেন। কোথাও কোনো সুরবিকৃতি ঘটাননি। শুধু শুরু করেছেন সঞ্চারি থেকে, এই একমাত্র ব্যতিক্রম। এটাকেও তিনি বিপুল দোষের জিনিস মনে করেননি। আবার মাকসুদ বলছেন যে এই গানের যন্ত্রানুষঙ্গে কিঞ্চিৎ জ্যাজকরণ করা হয়েছে, তাকে তিনি দোষের মনে করেননি।তাহলে ‘বিকৃতি’ ঘটল কোথায়? কেন সোহিনীকে ‘প্রতিহত’ করতে চাইছে আমাদের শিল্পীসমাজ? একটা ক্লু হতে পারে, এই গানে ব্যবহূত যন্ত্র ও যন্ত্রী দল। ব্রিটিশ কিছু যন্ত্রী বিদেশি কিছু যন্ত্র বাজিয়েছেন। ফলে আমাদের মধ্যে ‘ক্রেজ’ তৈরি হয়েছে, যাকে মাকসুদ বলছেন ‘ঔপনিবেশিক মানসিকতা’। অর্থাৎ বিদেশিরা আমাদের গানের সঙ্গে বাজাচ্ছে, এতে আমরা ধন্যবোধ করছি! হয়তো এটাই কারও কারও ক্ষোভের কারণ।ক্ষোভ প্রকাশের সময় আমরা হয়তো ভুলেই যাই যে, ক্ষ একটি ব্রিটিশ-বাংলাদেশি ব্যান্ড। এই শিল্পীরা জন্মেছেন ব্রিটেনে, আবার বাংলাদেশকেও জেনেছেন মাতৃভূমিরূপে। এই দুই পরিচয়ের দোলাচলের ভেতর তাঁদের জীবন তৈরি হয়েছে, মতাদর্শ তৈরি হয়েছে। পৃথিবীর আনাচকানাচে বহু রকম বাংলাদেশ আছে। সবার আনন্দবেদনার পরিধি আমরা আমাদের দেহাতি প্রাতিষ্ঠানিকতা দিয়ে মাপতে পারব না। ‘ক্ষ’ নামটিও প্রতীকী, যেন কোনো তীব্র ডায়াস্পোরিক বেদনাকেই বহন করছে এই নিঃসঙ্গ বর্ণটি।কিন্তু সোহিনী যত মনোমুগ্ধকরভাবেই গান না কেন, তাতে আমাদের জাতীয় সংগীতের সুর বিকৃত হয়ে যাচ্ছে না। কারণ, তিনি তো বিকৃত করে গাননি, মিতা হক জানিয়েছেন। আর ওই ব্রিটিশরা, যাঁরা গানের সঙ্গে বাজিয়েছেন তাঁরা ব্রিটিশ, এটা তাঁদের অপরাধ বটে! এঁদের মধ্যে একজন ভারতে বসে বাংলার বাউলগানের ওপর পিএইচডি করেছেন, একজন মৌসুমী ভৌমিকের কাছে গানের তালিম নিয়েছেন এবং বাজিয়েছেন, তাতেও তাঁদের অবাঙালিয়ানার ‘অপরাধ’ হালকা হয় না!রবীন্দ্রনাথ যখন আমার সোনার বাংলা গানখানি লিখেছিলেন, তার সুরখানি তিনি ধার করেছিলেন এক গগন হরকরার গ্রাম্যগীতি থেকে। গগন হরকরার প্রতিষ্ঠান ছিল না, আজ রবীন্দ্রনাথের আছে। তাঁর দীঘল হেজিমনিক অস্তিত্বের মধ্যে আমাদের অনামা গ্রাম্য শিল্পী আর লোককবিদের বেঁচে থাকা নিয়ে আজ কেউ তো মারখাপ্পা নন। কখনো ছিলও না। ফলে, আজ সোহিনী যখন তাঁর গানের জন্য ব্রিটিশ যন্ত্রীদের শরণ নেন, তার জন্যও আমাদের কিছু বেশি ঔদার্য বরাদ্দ রাখা উচিত।ইউটিউবে আমি যখন সোহিনীর গানখানি শুনি, চোখে ভেসে উঠেছিল সিঙ্গাপুরের ফুটপাতে আমার সোনার বাংলা লেখাটুকু। সেই অনামা শ্রমিকের আকুতিটুকু আমি অনুভব করেছি সোহিনীর দরদমাখা গলায়। নিয়ম, নোটেশন আর ব্যাকরণের ভেতর যাকে অনেক সময় টের পাওয়া যায় না। সেই অনামা শ্রমিককে মনে মনে সালাম জানিয়েছিলাম, আজ ‘ক্ষ’ ব্যান্ডকে প্রকাশ্যে জানাই। দেশ-বিদেশের টানাপোড়েন, পরিসীমা আর হাইব্রিডিটির ভেতর দেশপ্রেমের নতুন নতুন অর্থ তৈরি হোক। নতুন উদ্যম পাক প্রথায় আটকে পড়া পুরোনা আবেগ! সুমন রহমান: কবি, কথাসাহিত্যিক ও জনসংস্কৃতি গবেষক। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করেন। [email protected]