আর এক বা দুদিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। প্রতিবছর রমজান শুরু হওয়ার আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা লক্ষ করা যায়। এ নিয়ে মানুষের মনে বাড়তি উদ্বেগ শুরু হয়। এবার যেন দ্রব্যমূল্য ন্যায্য পর্যায়ে থাকে, সেদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি রাখা জরুরি।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) বলছে, আসন্ন রমজান মাসের চাহিদার তুলনায় বেশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্য মজুত রয়েছে। পাইকারি বাজারগুলোতে পণ্যের সরবরাহ ও দাম এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সুতরাং, খুচরা বাজারেও সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকা উচিত। কিন্তু এই পরিস্থিতি বজায় থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে, কারণ প্রায় প্রতিবছরই দেখা যায়, বিভিন্নভাবে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ানো হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম না হলে দ্রব্যমূল্য বাড়ার কোনো কারণ ঘটে না। কোনো কোনো দ্রব্যের তাই কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় দাম বাড়ানোর পরিস্থিতি তৈরি করতে। এ বছর দেখা যাচ্ছে, রমজান শুরু হওয়ার আগে থেকেই ভোজ্যতেল বেশি দামে বিক্রি করা হচ্ছে। চিনিও বিক্রি হচ্ছে বেশি দামে, যার পেছনে কোনো যুক্তিসংগত কারণ নেই। এই দুটি ক্ষেত্রে ব্যবসায়ীরা স্পষ্টতই অতিরিক্ত মুনাফা করছেন। রমজান শুরু হওয়ার পর তাঁরা আরও মুনাফার লোভে পড়বেন না, এ কথা জোর দিয়ে বলা যায় না।
অতিরিক্ত মুনাফার লোভে অনেক ব্যবসায়ী দ্রব্যপণ্য মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। এফবিসিসিআই এই অসৎ কর্ম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু এই আহ্বান কতটা কাজে লাগবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সাধারণত সততার আহ্বানে সাড়া দেন না। আসলে তাঁদের নিয়ন্ত্রণ করতে হবে সরকারি উদ্যোগে। বাণিজ্য মন্ত্রণালয়ের তদারক দলগুলোকে সব সময় কঠোর নজরদারি চালিয়ে যেতে হবে। এ ব্যাপারে এফবিসিসিআইয়ের নিজস্ব তদারকিও সহায়ক হবে।