রমজানে ভোগ্যপণ্যের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে ভোগ্যপণ্যের দাম বাড়ে। তাই প্রতিবছর রমজানের মাসখানেক আগে থেকেই সংবাদমাধ্যমে সরকারকে স্মরণ করিয়ে দেওয়া শুরু হয় যে মূল্যবৃদ্ধি ঠেকাতে আগে থেকে প্রস্তুতি, নজরদারি ও সতর্কতার উদ্যোগ নেওয়া দরকার। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোও ব্যবসায়ীদের নিয়ে সভা-বৈঠকে বসে, আলোচনা করে এবং ব্যবসায়ীরা আশ্বাস ও প্রতিশ্রুতি উচ্চারণ করেন যে এবারের রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না।

এই বছরও তেমন প্রতিশ্রুতি শোনা গিয়েছিল, কিন্তু রমজান মাস শুরু হওয়ার আগেই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম প্রায় ৫ টাকা বেড়েছে, ভোজ্যতেলের মণপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত, পেঁয়াজের কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত এবং ছোলার দামও দু-তিন দিনের ব্যবধানে মণপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

চাহিদার তুলনায় সরবরাহ কম হলে পণ্যের দাম বাড়ে। আমদানিপণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়লে দেশের বাজারেও তা বাড়াই স্বাভাবিক। কিন্তু উল্লিখিত ভোগ্যপণ্যগুলোর ক্ষেত্রে এ রকম কিছু ঘটেনি। যেমন বাণিজ্য মন্ত্রণালয় বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে চিনি আমদানি হয়েছে ১৬ লাখ ৬৫ হাজার টন। অথচ আমাদের মোট চিনির চাহিদা বছরে ১৬ লাখ টন। অর্থাৎ চাহিদার তুলনায় বেশি চিনি আমদানি হয়েছে, উপরন্তু দেশের ভেতরে উৎপাদিত চিনি তো রয়েছেই। ভোজ্যতেলের দাম বাড়ারও কোনো যুক্তিসংগত কারণ নেই। কেননা আন্তর্জাতিক বাজারে এর দাম কমছে এবং বাংলাদেশে ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ ভোজ্যতেল আমদানি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ১৫ লাখ টন, আর চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই আমদানি হয়েছে প্রায় ১৩ লাখ টন। পেঁয়াজ ও ছোলার ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি।

বাজারে পর্যাপ্ত পণ্য আছে, কিন্তু দাম বাড়ছে—এর কারণগুলো অনুসন্ধান করা খুব জরুরি। এ রকম অভিযোগ শোনা যায় যে ব্যবসায়ীদের একাংশ অতিরিক্ত মুনাফার লোভে বাজারে সংকট সৃষ্টি করে দাম বাড়ার কারণ ঘটান। এ অভিযোগ সত্য হলে এর প্রতিকার করা এক নম্বর জরুরি কাজ। এটা করতে হবে সরকারকে, তবে ব্যবসায়ী সম্প্রদায়কেও সরকারের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, সারা দেশের পণ্য সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন করতে হবে। পরিবহন পথের ঘাটে ঘাটে চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা একাধিকবার অভিযোগ করেছেন, রমজান উপলক্ষে চাঁদাবাজি বেড়ে যায় এবং সেটার নেতিবাচক প্রভাব ভোগ্যপণ্যের দামের ওপর পড়ে। ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের একাংশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাংশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। তাদের দমন করা না হলে রমজানে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রাখা কঠিন। সেই সঙ্গে বাজারের ওপর নজরদারিও বাড়াতে হবে।