রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলের বিখ্যাত গানটির প্রথম চরণটি ছোটবেলায় দেখতাম দৈনিক পত্রিকার ঈদসংখ্যার শিরোনাম হতে। সেটা দেখে মন খুশিতে ভরে উঠত। তখন, ষাটের দশকে, ইত্তেফাক ছিল ঘরে ঘরে বিলানো জাতীয় পত্রিকা। ২৯ রোজার দিন ওই পত্রিকার প্রথম পাতার বাঁ দিকের কলামে থাকত নিশ্চিতভাবে সে শিরোনামটি ‘আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ’।আজ ৫০ থেকে ৫৫ বছর পরও ঈদ এলে আমার সে রকম আনন্দ হয়। এখনো আমি ঈদের চাঁদটা দেখার চেষ্টা করি ছাদে উঠে। নজরুলের চরণটির মধ্যে একটি প্রচ্ছন্ন তুলনা আছে। ঈদ খুশির, কেননা এর আগে ২৯ বা ৩০টি দিন ধর্মপ্রাণ মুসলমান কাটিয়েছেন সিয়াম সাধনায়। এবার রোজার প্রায় পুরো সময়টায় চলছিল অলিম্পিক, লন্ডনে। ম্যারাথনের দীর্ঘ দৌড় শেষ করার পর ক্লান্ত দৌড়বিদের মনে যে আনন্দ সঞ্চারিত হয়, একজন রোজাদারের মনেও ঈদ সে রকম আনন্দ বয়ে নিয়ে আসে। যাঁরা রোজা করেন না, তাঁরাও ঈদের আনন্দ সমান উপভোগ করেন।ঈদকে প্রজন্মান্তর পর্ব বলেও ধরে নেওয়া যায়। দাদা-বাবা-ছেলে-নাতি—এ চার প্রজন্মের ঈদ উদ্যাপনের ইতিহাস মেলালেও সমাজের অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের একটি সড়কচিত্র পাওয়া যায়। আবার ঈদ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে দেখার বিষয়ও হতে পারে। যেমন, আমি হয়তো এবার ঈদের বাজার করতে খুব কম বের হয়েছি। সে জন্য আমি ধরে নিয়েছি, এবার ঈদের বাজার জমেনি। যে পত্রিকায় সে রকম খবর দেখলাম, আমি প্রীত হলাম দেখে যে আমার ধারণা সঠিক। কিন্তু আরেকটি পত্রিকায় এর উল্টো খবর দেখলাম: ঈদের বাজার খুব জমে উঠেছে। তখন মন পেরেশান হলো, মনে হলো পত্রিকাটি ভুল খবর দিয়েছে।ঈদ যদিও ধর্মপ্রাণ মুসলমানদের সর্বজনীন উৎসব, কিন্তু ঈদকে ব্যক্তির অবস্থান থেকে দেখা ছাড়া আর উপায় নেই। ঈদ শেষ পর্যন্ত একটি সাবজেক্টিভ উৎসব। অর্থাৎ যার যার অবস্থান থেকে ঈদ পালন করা হয়। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন যে ঈদের প্রাক্কালে বাড়ি যাওয়ার সময় দরজায় তালা মেরে যাবেন। তাঁর কাছে ঈদের তাৎপর্য নিহিত রয়েছে জনমানুষের সম্পদের নিরাপত্তার মধ্যে। যদিও এর মধ্যে তিনি তাঁর উক্তির জন্য হাসির খোরাক হয়েছেন—কারণ, বাংলাদেশের লোকজন কোনো কালে তালা না মেরে ঘর ছেড়েছেন, এ রকম নজির গত ১০০ বছরের ইতিহাসে নেই। একটি শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকার সম্পাদকীয় ‘তালাটা কোথায় মারবেন’ শীর্ষক মন্তব্য উক্তিটির চরম তামাশার দিকটি উন্মোচন করেছে।ঈদের সামাজিক মর্মবাণী হলো প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়া। প্রাচীন গ্রিক দেবী হেস্টিয়া ছিলেন গৃহিণীদের দেবী, যাঁর দায়িত্ব ছিল চুলা বা হার্থের দেখভাল করা, অর্থাৎ ঘর সামলানো। আর গ্রিক দেবতা হার্মিসের দায়িত্ব ছিল গৃহকর্তাদের কর্ম ও উপার্জনের জন্য ঘরের বাইরে আসতে উদ্বুদ্ধ করা। তেমনি বাংলাদেশের সমাজজীবনে এ ছকটা পাওয়া যায় যে স্বামী উপার্জনের জন্য ঢাকা বা কোনো একটা বিভাগীয় শহরে কর্মরত আছেন, আর স্ত্রী গ্রামের আবাসে তাঁর সংসার রক্ষা করছেন। রোজার ঈদ ও কোরবানির ঈদ সে উপলক্ষ তৈরি করে দেয়, যার কারণে কর্মজীবী স্বামী ও সন্তানদের পিতার মওকা মেলে গ্রামে গিয়ে স্ত্রী, মাতা-পিতা, সন্তানাদিসহ অন্যান্য স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার। সঙ্গে থাকে সারা বছরের রোজগার থেকে সঞ্চিত অর্থে প্রিয়জনের জন্য ঈদসদাই। কিন্তু ঈদ উপলক্ষে মিলনের এ পর্বে বিরাট বাধা হয়ে দাঁড়িয়ে থাকে ভঙ্গুর যোগাযোগব্যবস্থা। শফিক রেহমান সম্পাদিত মৌচাকের ঢিল নামক সাময়িকীটির প্রতিবছরের ঈদসংখ্যায় পত্রস্থ পাঠকদের লেখা কাহিনি থেকে জানা যায়, স্বল্পবিত্তের লোকদের ঈদ পালন কেমন একটা জীবন-মৃত্যুর মাঝামাঝি দড়ির ওপর দিয়ে হাঁটার মতো। কাজেই বাসাবাড়ির যে নিরাপত্তাহীনতা নিয়ে সাহারা খাতুনের উদ্বেগ, ঠিক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের চিন্তা হলো যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে। সরকার না চাইলেও বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ ও স্টিমারে অতিরিক্ত যাত্রী বোঝাই হবেই। এবং এ কারণে দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে, হতে পারে বিপুল প্রাণহানি। এ রকম কিছু হলেই ঈদের আনন্দ আকাশ থেকে মাটিতে নামতে দেরি হবে না। দুর্ঘটনা না ঘটলেও যাত্রাজনিত বিলম্ব তো হবেই। মন্ত্রী কাদের এরই মধ্যে বলে দিয়েছেন, ঈদের সময় ট্রেনের সময়সূচি রক্ষা করা যাবে না। তাঁর কথা অক্ষরে অক্ষরে পালিত হলো বৃহস্পতিবার। উত্তরের ট্রেনসূচি বিপর্যয়ে ৬৭ হাজার যাত্রীর ভোগান্তি। এসবের সঙ্গে বাংলাদেশের মানুষের জন্য ঈদ-পর্বটা যেখানে এসে দারুণ আঘাত করে, সেটা হচ্ছে পকেট। উচ্চবিত্তরা বা ক্ষমতাধর বা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে সচ্ছল লোকদের কথা এখানে আলোচনায় আসবে না, কিন্তু পেশাজীবী মধ্যবিত্ত শ্রেণী, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের জন্য ঈদ আনন্দঘন উপলক্ষ হলেও একটি বড়সড় চ্যালেঞ্জ।সাধারণ অর্থনৈতিক সূত্র, যেটি কোনো সমাজেই শেষ পর্যন্ত কলকে পায় না, সেটি হলো, কম্বলের বাইরে পা না টানা। কিন্তু প্রতিবারই ঈদ এলে সব শ্রেণীর মানুষ যে কাজটি করে, সেটি হলো, কম্বলের বাইরে পা টানা। গ্রামীণ ব্যাংক নিয়ে যত বিতর্কই হোক না কেন, এ দেশে পেশাজীবী শ্রেণী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজকাল বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদে কনজিউমার লোন বা উপভোগযোগ্য ঋণপ্রাপ্তিতে যে সহজলভ্যতা এসেছে, তা জন্ম লাভ করেছে ড. ইউনূসের বন্ধকিবিহীন ক্ষুদ্রঋণ প্রদানের ধারণা থেকে।আর্থিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো এদিক থেকে এগ্রেসিভ ব্যাংকিং যেটা বলে, সেটাতে নেমেছে। এর প্রধান মাধ্যম হচ্ছে, ক্রেডিট কার্ড বা ব্যাংকের ভাষায় প্লাস্টিক লোন সরবরাহ করা। ক্রেডিট কার্ডের সুবিধা প্রদানের জন্য বেসরকারি ব্যাংকগুলো প্রতিযোগিতামূলকভাবে সারা দেশের শহরগুলোয় জাল ফেলেছে। এবং তারা খুব সফলও। সামান্য বৈধ উপার্জনের ভিত্তিতে বিভিন্ন আয়সীমার গ্রাহক পেয়ে যাচ্ছেন এক একটি ক্রেডিট কার্ড বিভিন্ন লিমিটের। এখানে থেমে নেই ব্যাংকগুলো, সঙ্গে সঙ্গে স্বামীর উপার্জনের সার্টিফিকেটের ছায়ায় স্ত্রীরাও পেয়ে যাচ্ছেন সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড। সব স্বামীই অতিশয় চালাক নন। অথবা সব স্ত্রীই অতিশয় বোকা নন। ফলে প্রায় ক্ষেত্রেই স্বামী তাঁর সময়ের অভাবে স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছেন ঈদ-শপিংয়ে। এর পরের অভিজ্ঞতা হলো, স্বামী যখন কর্মক্ষেত্রে ব্যস্ত, তখন তাঁর মুঠোফোনে মুহুর্মুহু খুদেবার্তা আসছে যে অমুক দোকান থেকে অত টাকার জিনিস তিনি ক্রয় করেছেন। ইফতারের সময় স্বামী ঘরে ফিরলে স্ত্রী ফিচকে হাসি দিয়ে বললেন, ক্রেডিট কার্ড দিয়ে সব বাজার করে ফেললাম। তোমার জন্য একটা হলুদ সিল্কের পাঞ্জাবি কিনলাম। কী আর করা! বুড়ো হিমু আর কি!ঈদের কর্মচাঞ্চল্য প্রাণ-উৎসারী একটি গভীর শুদ্ধচিত্ত ও পবিত্র ধর্মীয় আনন্দবোধ থেকে উৎপন্ন হলেও এটি জাতীয় চরিত্রকে বোঝার জন্য একটি এক্স-রে রিপোর্টের মতো। এটির সঙ্গে স্ট্যাটাস বা মর্যাদা নিবিড়ভাবে জড়িত। আমার একজন সহকর্মী ঈদটিদ নিয়ে খুব উৎসাহী নন। তরুণ বয়সে কার্ল মার্ক্স ও মিশেল ফুকো পড়েছেন। বললেন, তাঁর একটু আগাম ছুটি চাই, কারণ, শপিংয়ে যাবেন। বললাম, আপনি তো দার পরিগ্রহ করেননি, ঈদটিদেও তেমন উৎসাহী নন, শপিং কেন? বললেন, গ্রামে যাবেন, মা-বাবা, ভাইবোন আছেন, তাঁদের জন্য ঢাকা থেকে উপহার কিনে নিয়ে না গেলে অভিমান করবেন। কুমিল্লা থেকে যদি খুব দামি শাড়িও বোনের জন্য কিনে নিয়ে যান, তাহলে হবে না। বোন যেন বলতে পারেন যে ঢাকা থেকে ভাইয়া এ শাড়িটা কিনে এনেছেন।ঈদ যত ডিজিটাল যুগে ঢুকছে, ততই বেড়ে যাচ্ছে ব্র্যান্ডের কদর। শুধু আন্তর্জাতিকভাবে পরিচিত ব্র্যান্ডের সামগ্রী নয়, বাংলাদেশের স্থানীয় কোম্পানিগুলো ব্র্যান্ডের একটি জাত তৈরি করে ফেলেছে। আসবাবের জন্য মানুষ যেমন অটবিকে পছন্দ করছে, তেমনি বস্ত্রাদির জন্য ইনফিনিটি, আড়ং, দেশী দশ ইত্যাদি। মিরপুরের বেনারসিপল্লি পুরোটাই বেনারসির ব্র্যান্ডিং। ঈদ দেশীয় অর্থনীতির চাকাকে সচল রাখে। শুধু খাওয়া-দাওয়ার বেলায় ইলিশের ব্র্যান্ডিংটা হলেই হয়। শুনেছি ইলিশের রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার পর বাজারে সাধারণের আওতায় ইলিশ মাছ পাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে সে কথা মেলেনি। হাজার হাজার টন ইলিশ নাকি গায়েব হয়ে গেছে। একটি জাতীয় পত্রিকা চিৎকার করে বলেছে, এত ইলিশ যায় কোথায়? ঈদের দিন সরষেবাটা ইলিশ আর সাদা গরম ভাত দিয়ে যে অতিথি সৎকার করব, তার উপায় আর রইল না।ভাববেন না যে ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো পিছিয়ে আছে। ঈদের অনুষ্ঠানের অগ্রিম ঘোষণার ছড়াছড়ি এখন টিভি চ্যানেলগুলোয়। হুমায়ূন আহমেদের শেষতম রচিত নাটকটি যদি ভালো না লাগে তো দিয়ো না মন, যেটাতে সু্ইজ মডেল-অভিনেত্রী জ্যানিন ডমিনিক অ্যালারি অভিনয় করছেন, সেটা চ্যানেল আইয়ে কখন প্রদর্শিত হবে জানেন? ঈদের দিন দুপুর ১২টা পাঁচ মিনিটে। তবে নিশাচরদের জন্য বেশির ভাগ উপভোগ্য অনুষ্ঠানগুলো রেখে দেওয়া হয়েছে। আমার এক প্রিয় গায়িকার একক অনুষ্ঠান রাখা হয়েছে ঈদের চতুর্থ দিনে রাত একটায়। এবার জেগে থাকুন।তবে ঈদ সবচেয়ে বেশি উপভোগ করতেন আমার মা। চাঁদরাতে ইফতার করে রোজা ভাঙার পর তিনি রান্নাঘরজুড়ে যে খাবার-দাবার প্রস্তুতের কর্মযজ্ঞ শুরু করতেন, সেটি কেবল ফজর নামাজের আজানের সঙ্গে সঙ্গে শেষ হতো। এ প্রবীণ বয়সে আমার জন্য ঈদ হলো, মায়ের হাতের বানানো সেই পিঠাপুলি মুখে লেগে থাকার স্মৃতি উপভোগ। মোহীত উল আলম: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, ইউল্যাব, ঢাকা।