রমজানের প্রস্তুতি নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান এখনো মাস দুয়েক দূরে। কিন্তু এখনই কিছু ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে—এই বাস্তবতা মেনেও বলতে হয়, এই সুযোগে ব্যবসায়ী মহলে মুনাফা করার যে প্রবণতা লক্ষ করা যায়, তা চাহিদা বৃদ্ধির তুলনায় মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। সে জন্য সময় থাকতেই এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি নেওয়া দরকার।
গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, দেশের পাইকারি বাজারে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে চিনি, রসুন, ছোলা, মটর ডাল ও মসুর ডালের দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব অবশ্যই খুচরা বাজারেও পড়ে। সুতরাং পাইকারি বাজার স্বাভাবিক রাখার গুরুত্ব সবচেয়ে বেশি।
বাজার স্বাভাবিক রাখার অর্থ কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর প্রবণতা ও প্রয়াস রোধ করা। যেসব পণ্যের দাম ইতিমধ্যে বেড়েছে, সেগুলোর দাম বিশ্ববাজারে বেড়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ার আগেই যেসব পণ্য আমদানি করা হয়েছে, সেগুলোর দাম বাড়ানোর তো যুক্তি নেই। এই অন্যায্য প্রবণতা বন্ধ করা দরকার এবং এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের নেতাদের কর্তব্য আছে। সরকারের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন ভোগ্যপণ্যের প্রকৃত চাহিদা সঠিকভাবে নির্ধারণ করা। চাহিদার বিপরীতে সরবরাহের অবস্থা সঠিকভাবে পর্যবেক্ষণ করা হলে বাজারের সম্ভাব্য অস্বাভাবিকতা সহজেই ধরা পড়বে। নিয়মিত বাজার পর্যবেক্ষণ বিশেষত রমজান মাসের আগের এই সময়টাতে বিশেষভাবে জরুরি।
যেহেতু আমদানিনির্ভর ভোগ্যপণ্যের দাম বাড়ার প্রবণতাই বেশি, তাই এসবের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরবরাহ নিশ্চিত করা জরুরি। নইলে রমজান মাসে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আশঙ্কা আছে। সরকারি পর্যায়ে আমদানি যদি কম হয়ে থাকে, তাহলে সরকারি সংস্থা টিসিবির মাধ্যমে কিছু পণ্য আমদানি করে রাখা যেতে পারে। এতে রমজান মাসে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে বাজারের স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব হবে।