সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় আটক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজ দাসের জামিনের পর এখন তাঁর নিরাপত্তার প্রশ্নটিই সামনে এসেছে। ফেসবুকে যে বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, প্রাথমিক তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, অন্য কেউ তাঁর নামে পোস্টটি দিয়েছে। তারপরও, একজন দরিদ্র জেলে কেন আড়াই মাস কারাভোগের পর জীবনসংশয়ে থাকবেন?
গত বছরের ২৮ অক্টোবর সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ফেসবুক পোস্টের জের ধরে ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফায় হামলা ও অগ্নিসংযোগ চলে। অথচ প্রাথমিক তদন্ত না করেই রসরাজের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও রিমান্ড চলে। এ ঘটনায় নাসিরনগরের হিন্দুসমাজ নিপীড়নের শিকার হন, দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং সহিংসতার অভিযোগে ১০৪ জন গ্রেপ্তারও হন। অথচ ২০১২ সালে রামুতেও অনুরূপ জিগির তুলে হামলা, অগ্নিসংযোগ ইত্যাদি হয় এবং উত্তম বড়ুয়া নামের এক যুবককে অভিযুক্ত করা হয়। উত্তম বড়ুয়া এখনো নিখোঁজ। অথচ তদন্তে দেখা গেছে, উত্তম বড়ুয়া সম্পূর্ণ নির্দোষ।
সাম্প্রদায়িক মনোভাব ও হিংসার এই পরিস্থিতিতে রসরাজ দাসের পরিণতি যাতে উত্তম বড়ুয়ার মতো না হয়, তার ব্যবস্থা সরকারকেই নিতে হবে। গতকাল বুধবারের প্রথম আলোর সংবাদ থেকে জানা যাচ্ছে, পুলিশ কোনো আশঙ্কা করছে না। পুলিশের এই মনোভাব বাস্তবতার সঙ্গে খাপ খায় না।
সংখ্যাগুরুদের একাংশের মনে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করে সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার চক্রান্ত অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। রামু ও নাসিরনগরের মতো ঘটনা থেকে তাই সবারই শিক্ষা নেওয়া উচিত। ব্যক্তি বা গোষ্ঠী চক্রান্ত করে মানুষকে উত্তেজিত করতে চাইলেই সফল হবে কেন? পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দল এবং সর্বধর্মীয় নেতাদের এ ব্যাপারে সজাগ থাকা প্রয়োজন।
সম্পূর্ণ নির্দোষ মানুষের জীবনকে বদনাম দিয়ে অশান্তি ও হুমকির মধ্যে নিপতিত করা বেআইনি ও অমানবিক। আইন যেন এর প্রতিকার করে, সরকার যেন তাদের নিরাপত্তা দেয়।