প্রতিবেশী মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন সেখানে দীর্ঘদিন পর একটি শান্তির প্রয়াস নেওয়া হয়েছিল। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত হেয়ছিল একটি কমিশন।
বার্তা সংস্থা রয়টার্সের মতে, সেনাবাহিনীর অভিযানে ৮৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৬৯ জন রোহিঙ্গা ও ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৩০ হাজার অধিবাসী। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর রাখাইনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু তাদের এই আহ্বান মিয়ানমার সরকারের পাষাণ মন গলাতে পারবে বলে মনে হয় না। তারা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমাগত অস্বীকার করে আসছে। সেখানে যদি অত্যাচারই না হবে রোহিঙ্গারা দেশ ত্যাগ করবে কেন? সেখানে ইউএনএইচসিআরের কার্যক্রমই-বা কেন বন্ধ রাখা হয়েছে? মিয়ানমার সরকার যে শুদ্ধি অভিযান চালানোর কথা বলেছে, সেটি কার বিরুদ্ধে? যদি কোনো সংগঠন সেখানে সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে থাকে, তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তাই বলে একটি জনগোষ্ঠীকে উচ্ছেদ করার নিষ্ঠুর নীতি কোনোভাবেই চলতে পারে না।
মিয়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্বের অন্যান্য শান্তিকামী মানুষের সঙ্গে আমাদেরও প্রত্যাশা ছিল দেশটি শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সামরিক শাসনামলে যেভাবে রোহিঙ্গাদের মানবিক ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল, এখনো তার পুনরাবৃত্তি ঘটছে।
উৎপীড়িত রোহিঙ্গাদের প্রতি আমাদের যথেষ্ট সংবেদনশীলতা ও সহমর্মিতা রয়েছে। কিন্তু নতুন করে শরণার্থীর বোঝা বহন করা জনবহুল বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, যেখানে আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। তাই ইউএনএইচসিআরসহ যেসব আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখতে বলছে, তাদের উচিত হবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা, যাতে সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয়।
আমরা দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেত্রী শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দৃষ্টি আকর্ষণ করে বলব, তিনি অন্তত শান্তিতে নোবেল পুরস্কারের মর্যাদাটুকু রক্ষা করুন।