রাঙামাটিতে অপহরণের ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে জনসংহতি সমিতির ৭০ জন, মতান্তরে ৫৪ জন কর্মী-সমর্থক প্রতিপক্ষের হাতে অপহূত হওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দাবি, প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফের সদস্যরা তাঁদের অপহরণ করেছেন। এই নেতা-কর্মীরা গত শুক্রবার জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে একটি ভাড়া করা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বাঘাইছড়ি যাচ্ছিলেন। সকাল ১০টায় বরকল উপজেলার সুবলং ইউনিয়নের জোড়াটিলা এলাকায় ট্রলারটি পৌঁছলে আরেকটি ট্রলারে করে ইউপিডিএফের সদস্যরা অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করেন। জনসংহতি সমিতি ৭০ জন কর্মী অপহরণের দাবি করলেও অন্য একটি সূত্র তাঁদের সংখ্যা ৫৪ জন বলে জানিয়েছে। এদের মধ্যে নাম-পরিচয় পাওয়া গেছে ৪৭ জনের।ইউপিডিএফ অপহরণের কথা অস্বীকার করলেও অপহূতদের অভিভাবকেরা তাঁদের ছাড়িয়ে নিতে সংগঠনটির সঙ্গে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইউপিডিএফ সূত্রের দাবি, ‘তাঁরা সুস্থ আছেন’। পার্বত্য এলাকার তিন জেলায়ই জনসংহতি ও ইউপিডিএফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে মাঝেমধ্যেই সেখানে হত্যা, অপহরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। দুটি সংগঠনই নিজেদের পাহাড়িদের স্বার্থ ও অধিকার রক্ষার জিম্মাদার বলে দাবি করে। কিন্তু এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যে সাধারণ পাহাড়িরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি তারা একে অপরকে সরকার কিংবা সেনাবাহিনীর ‘দালাল’ বলে চিহ্নিত করতেও দ্বিধা করে না। এ মুহূর্তে জরুরি হলো অপহূতদের উদ্ধার করা। আলোচনার মাধ্যমে সেটি করা গেলে ভালো, কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে শক্তি প্রয়োগ করেই তাঁদের উদ্ধার করতে হবে। সেখানে কর্তব্যরত বিজিবি ও পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরাও সহায়তা করতে পারেন। আমরা পার্বত্য চট্টগ্রামে অবিলম্বে এই ভ্রাতৃঘাতী তৎপরতা বন্ধের দাবি জানাচ্ছি। পাহাড়িদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রতিষ্ঠিত সংগঠন সংঘাত-সংঘর্ষে লিপ্ত থাকলে সেখানে সেনা মোতায়েনের যুক্তিই প্রতিষ্ঠিত হবে, যা ওই অঞ্চলের মানুষের মুক্তি ও উন্নয়নের সহায়ক নয়। এই সত্যটি পাহাড়ি নেতাদের বুঝতে হবে।