রাঙামাটিতে আদিবাসী গ্রামে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি নিয়ে বিরোধই যে পার্বত্য চট্টগ্রামে মূল সমস্যা, তার আবারও প্রমাণ মিলল রাঙামাটিতে তিন আদিবাসী গ্রামে হামলার মধ্য দিয়ে। বাঙালি পরিবারনিয়ন্ত্রিত একটি জমির আনারস ও সেগুনগাছের চারা কেটে ফেলার প্রতিক্রিয়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু প্রতিক্রিয়াটি বড়ই নিষ্ঠুর ও বেদনাদায়ক। এ ঘটনায় বৌদ্ধমন্দিরসহ তিন গ্রামের সাতটি দোকান ও ৫৪টি বাড়ি হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। সর্বস্বান্ত হয়েছে অনেক পরিবার। আমরা এ হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্তদের প্রতি রইল সমবেদনা।
এ ধরনের ঘটনার পেছনে নানা উসকানি ও ইন্ধন থাকে, থাকে নানা গোষ্ঠীর স্বার্থ। বাঙালি পরিবারনিয়ন্ত্রিত আনারসগাছ এবং সেগুনগাছের চারা রাতের অন্ধকারে কেটে ফেলেছে কে বা কারা। কিন্তু সংঘটিত হামলার শিকার হলো তিনটি গ্রামের এতগুলো বাড়িঘর। বোঝা যায়, পরিকল্পিতভাবেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
তিন আদিবাসী গ্রামে হামলা, বাড়িঘর দোকানপাট ভাঙচুরবলা হচ্ছে, চার লাখ আনারসগাছ ও ২০ হাজার সেগুনগাছের চারা নষ্ট করা হয়েছে। কিন্তু খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে, বাঙালি পরিবারের নিয়ন্ত্রণে থাকা পৌনে পাঁচ একর জমিতে কোনোভাবেই এত আনারসগাছ ও সেগুনগাছের চারা থাকা সম্ভব নয়। উত্তেজনা সৃষ্টির জন্যই যে অতিরঞ্জন করা হয়েছে, সেটা পরিষ্কার। পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও সক্রিয় রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমও জোরালো। আমাদের প্রশ্ন, আনারসগাছ ও সেগুনগাছ কাটার প্রতিক্রিয়া এমন একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটতে পারে, তা আগে অনুমান ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া গেল না কেন?
এ ঘটনায় যেসব পাহাড়ি নাগরিকের ঘরবাড়ি লুট হয়েছে কিংবা পুড়ে গেছে, তঁাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া হোক। নিশ্চিত করা হোক নিরাপত্তা। সর্বোপরি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।