রাঙামাটিতে জনপ্রতিনিধিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ের সামনে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা। পরদিন তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হলেন আরও পাঁচজন। এ নিয়ে গত পাঁচ মাসে পার্বত্য চট্টগ্রামে সহিংসতায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১৮। উদ্বেগের সঙ্গে প্রশ্ন জাগছে, পাহাড়ে এই সহিংসতার কি শেষ নেই? নিহত শক্তিমান চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। সংগঠনটি অভিযোগ করেছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। অন্যদিকে ইউপিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, শক্তিমান চাকমার হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফের কোনো সংশ্লিষ্টতা নেই; এটা জনসংহতি সমিতির অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে কিংবা তৃতীয় কোনো পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এসব অভিযোগ ও পাল্টা অভিযোগের সুরাহার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের শনাক্ত করা অত্যন্ত জরুরি।

গুরুতর প্রশ্ন হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পুলিশ, র‍্যাব ও সামরিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও একের পর এক এ ধরনের সহিংসতা ও প্রাণহানির ঘটনা কেন ও কীভাবে ঘটতে পারছে। পাহাড়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর সক্রিয়তায় কি ঘাটতি রয়েছে?

প্রত্যাশা ছিল, ১৯৯৭ সালের ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা পাবে। কিন্তু ওই চুক্তির বিষয়ে পার্বত্য জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ইউপিডিএফ চুক্তিটির বিরুদ্ধে অবস্থান নেয়। ফলে পাহাড়ি ও বসতি স্থাপনকারী অপাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যে সংঘাত-সহিংসতা শুরু হয়। সেসব সহিংসতায় ২০১৫ সাল পর্যন্ত কয়েক শ মানুষের মৃত্যু ঘটে। ওই বছর পার্বত্য অঞ্চলের তিনটি প্রধান সংগঠনের মধ্যে সমঝোতা হলে সহিংসতা বন্ধ হয়। কিন্তু গত বছরের নভেম্বরে ইউপিডিএফ ভেঙে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে আরেকটি সংগঠনের জন্ম হওয়ার পর ডিসেম্বর থেকে আবার সহিংসতা শুরু হয়।

পার্বত্য চট্টগ্রামের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিস্থিতি দেশের বাকি অংশের থেকে ভিন্ন রকমের। সেখানে শান্তি ও জননিরাপত্তা রক্ষার বিষয়টি শুধু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক ও সাংস্কৃতিক সহাবস্থানে শান্তি-সংহতির মনোভাবের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি বিষয়। বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা সৃষ্টির উদ্যোগ নেওয়া প্রয়োজন। ২০১৫ সালে তিনটি সংগঠনের মধ্যে সমঝোতার যে সুফল ফলেছিল, সেই অভিজ্ঞতার দৃষ্টান্ত আমাদের সামনেই রয়েছে।

পার্বত্য চুক্তির ধারাগুলোর পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। তবে চলমান বিরোধ-সংঘাতের পেছনে আরও কিছু কারণ রয়েছে। পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে এলাকায় নিজ নিজ প্রভাব বা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা আছে। আধিপত্যের প্রতিযোগিতার পেছনের কারণ যতটা না মতাদর্শিক বা সাংস্কৃতিক, তার চেয়ে বেশি অর্থনৈতিক। পার্বত্য অঞ্চলে চাঁদাবাজির ব্যাপকতা সম্পর্কে অভিযোগ পাওয়া যায়। যে সংগঠনের প্রভাব বা আধিপত্যের বিস্তার যত বেশি এলাকাজুড়ে, সে সংগঠনের চাঁদাবাজির আয় তত বেশি। বৈধ-অবৈধ নানা রকমের ব্যবসা-বাণিজ্য এবং নিয়মিত ও পেশাদার অপরাধবৃত্তির ক্ষেত্রেও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলে। এসব প্রতিযোগিতা কখনো কখনো সহিংস রূপ ধারণ করে খুনোখুনির কারণ ঘটায়।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন প্রয়োগের ব্যবস্থাকে আরও দক্ষ, সৎ, সক্রিয় ও ফলপ্রসূ করার পাশাপাশি বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি ও সামগ্রিক সুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন।