রাঙামাটিতে জাতিগত সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে একদল বাঙালির হাতে বেশ কয়েকজন আদিবাসী পাহাড়ি হামলার শিকার হয়েছেন। এ ঘটনার শুরু রাঙামাটি কলেজের এক বাঙালি ও এক আদিবাসী ছাত্রের মধ্যে হাতাহাতি থেকে। এক কলেজের দুজন ছাত্রের মধ্যকার হাতাহাতি থেকে দলবদ্ধ জাতিগত সংঘাত জন্ম নেওয়া থেকে বোঝা যায়, বাঙালি-আদিবাসী সম্পর্কের জমি যথেষ্টই উত্তপ্ত হয়ে আছে। এ ঘটনায় ৬০ জন আহত হলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বা মামলা করা হয়নি কারও বিরুদ্ধে।আদিবাসী এক ছাত্রের সঙ্গে বিরোধের জের ধরে রাঙামাটি কলেজের বাঙালি ছাত্রটি বহিরাগতদের সঙ্গে নিয়ে কলেজে হামলা চালালে ছাত্ররা জাতিগত ভিত্তিতে বিভক্ত হয়ে যায়। তবে কলেজের ঘটনাটিকে সংঘর্ষ বলা গেলেও কলেজের বাইরে যা ঘটেছে তা সোজাসাপ্টা জাতিবিদ্বেষী হামলা। বাঙালি ও আদিবাসী উভয় পক্ষ সড়কে অবরোধ সৃষ্টি করে। সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষ-পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। তাদের উপস্থিতি সত্ত্বেও শহরজুড়ে বিভিন্ন স্থানে আদিবাসীরা নির্বিচার হামলার শিকার হয়। উত্তেজিত কিছু বাঙালি স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সভায় হামলা করে বেশ কয়েকজন আদিবাসী জনপ্রতিনিধিকে মারধর করে। প্রায় দেড় হাজার বাঙালি বনরূপা বাজারে আদিবাসীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। কয়েকটি আদিবাসী বসতিতেও হামলা করা হয়। জেলা প্রশাসনের হস্তক্ষেপ এবং পুলিশের তরফে ১৪৪ ধারা জারি হলে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য কমে। সেই ১৪৪ ধারা এখনো চলছে এবং পরিস্থিতিকে কোনোভাবেই শান্ত বলা যায় না।ঘটনার বিবরণ বলছে, বিষয়টি আদিবাসী বনাম বাঙালিদের সংঘর্ষ নয়, বরং একতরফা বাঙালিদের তরফে আদিবাসীদের ওপর হামলার ঘটনাই সেখানে ঘটেছে। পুলিশ এ ঘটনায় একজনকেও গ্রেপ্তার করতে পারল না বা কারও বিরুদ্ধে মামলাও হলো না?বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতকারীর পক্ষে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের বোকা বানিয়ে সহিংসতায় উসকে দেওয়াও নতুন নয়। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শান্তি নিছক চুক্তির ব্যাপার নয়। উভয় সম্প্রদায়ের মানুষকেই নিজেদের ভেতরকার হিংসা মোকাবিলায় আত্মসচেতন হতে হবে। দুষ্কৃতকারীদের পাতা ফাঁদে পা না দিয়ে এবং প্রশাসনের তরফে তাদের দমনের মাধ্যমে শান্তির শর্ত সৃষ্টিই এখনকার কাজ।