মেডিকেল কলেজ উদ্বোধন করতে গিয়ে গত শনিবার সরকার রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ বাধিয়ে দেয়। সরকার যদি পাহাড়িদের আপত্তির বিষয়ে গুরুত্ব দিত, তাহলে হয়তো এ রকম অবস্থা হতো না। তাদের দাবি খুব ন্যায্য। তারা চায় আগে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, তারপর মেডিকেল কলেজ বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু সরকার তাতে কান দেয়নি। তাই পাহাড়ি ছাত্র পরিষদ শনিবার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছিল।
পার্বত্য চুক্তি আইনে বলা আছে, পার্বত্য অঞ্চলে আইনের মাধ্যমে কিছু করতে হলে আঞ্চলিক পরিষদকে জানাতে হবে। কিন্তু সেটা না মেনেই সেখানে সরকার মেডিকেল কলেজ উদ্বোধন করেছে। পাহাড়িদের আপত্তির আরও কারণ আছে। মেডিকেল কলেজের জন্য এখনো ভূমি অধিগ্রহণ করা হয়নি, কিন্তু করতে তো হবে। কার ভূমি সরকার নেবে? এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য রাঙামাটি সদর উপজেলার জগড়া বিলের প্রায় ১০০ একর জমি অধিগ্রহণের জন্য অন্তত ৭০টি পাহাড়ি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এরা প্রথমে কাপ্তাই বাঁধের জন্য উদ্বাস্তু হয়েছিল। তারপর যেখানে তাদের পুনর্বাসন করা হয়, সেখানে পর্যটন মোটেল ও অন্যান্য স্থাপনার জন্য তাদের উচ্ছেদ করা হয়। এখন তৃতীয়বারের জন্য তাদের উদ্বাস্তু করা হয়েছে। পুনর্বাসন অনিশ্চিত। মেডিকেল কলেজের জন্য আরও কত পাহাড়ি পরিবার উদ্বাস্তু হবে কে জানে?
পাহাড়িদের ভয়, এভাবে কলেজ-বিশ্ববিদ্যালয় হলে তাদের এলাকায় বাঙালিদের প্রভাব বাড়বে এবং আদিবাসী হিসেবে সংবিধান ও চুক্তিতে স্বীকৃত অধিকার থেকে তারা আরও বেশি বঞ্চিত হবে। কারণ, পাহাড়িরা ঐতিহাসিক কারণে পড়ালেখায় পিছিয়ে আছে। দেশের অন্যান্য এলাকার মেধাবী বাঙালিরাই সেখানে সুযোগ বেশি পাবে। পাহাড়িরা আরও কোণঠাসা হয়ে পড়বে।
ভূমি কমিশন আইনের সংশোধন, ভূমিবিরোধ নিষ্পত্তি ও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের আগে সেখানে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থাপনের পদক্ষেপ আপাতত স্থগিত রাখাই বাঞ্ছনীয়। সরকার বরং চুক্তি বাস্তবায়নে বেশি মনোযোগী হোক।