রাঙ্গাবালীবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর এক প্রতিবেদনে সেখানকার লোকজনের দুর্ভোগের চিত্র উঠে এসেছে। নৌপথনির্ভর সেখানকার লোকজনকে চলাচলের জন্য বাধ্য হয়ে জোয়ারের সময় পানিতে নেমে ও ভাটার সময় কাদা পার হয়ে তাদের লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার চালিতাবুনিয়া, চিনাবুনিয়া, গরুভাঙ্গা, গাইয়াপাড়া, টুঙ্গিবাড়িয়া, ফেলাবুনিয়া, ডিগ্রি, চরমোন্তাজ, চরমণ্ডল, গহিনখালী ও নিজকাটা লঞ্চঘাটে কোনো পন্টুন নেই। দীর্ঘদিন ধরেই এভাবে চলছে এবং কোনো কোনো লঞ্চঘাটে পন্টুন নেই কয়েক বছর ধরে। রাঙ্গাবালী মাছ ব্যবসা ও সরবরাহের জন্য প্রসিদ্ধ, লঞ্চঘাটগুলোতে পন্টুন না থাকায় ব্যবসায়ীরা মাছ পরিবহন ও বাজারজাত করার ক্ষেত্রে চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এই যখন পরিস্থিতি তখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পটুয়াখালী নৌবন্দরের সহকারী পরিচালক প্রথমআলোকে নিশ্চিত করেছেন যে রাঙ্গাবালীর বিভিন্ন লঞ্চঘাটে পন্টুনের অভাবে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তাঁরা ‘জানতে’ পেরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ ব্যাপারে তিনি এত দিন কোনো ব্যবস্থা নেননি কেন? এ ধরনের ক্ষেত্রে স্থানীয় পর্যায় থেকে জোরালো উদ্যোগ জরুরি। তিনি ১১টির মধ্যে একটি ঘাটে পন্টুন বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন। বাকি ঘাটগুলোর কী হবে, সে ব্যাপারে কোনো আশ্বাসও দিতে পারেননি। রাঙ্গাবালীর জনগণ যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে, তা অগ্রহণযোগ্য। আমরা আশা করব, কর্তৃপক্ষের টনক নড়বে এবং সব কটি ঘাটে পন্টুন স্থাপনের জরুরি উদ্যোগ নেওয়া হবে।