কুড়িল উড়ালসড়ক উদ্বোধন হয়েছিল ২০১৩ সালের আগস্টে। এই প্রকল্পে উড়ালসড়কের নিচের অংশে ‘সৌন্দর্যকরণের’ কথা ছিল। বলা হয়েছিল, মহানগরের এ অংশের চেহারা বদলে দেওয়ার মতো লেক ও সৌন্দর্যমণ্ডিত অন্যান্য উপকরণ যুক্ত করে ফুলের বাগান তৈরি করা হবে। এর প্রায় আড়াই বছর পর সেখানকার পরিস্থিতি কী, তা প্রথম আলোর রাজধানী পাতায় গত বুধবার প্রকাশিত ছবিটি দেখলেই স্পষ্ট হয়ে যায়। সত্যিই ‘বদলে দেওয়ার মতো’ অবস্থাই হয়েছে সেখানে। ময়লা-আবর্জনা, পরিত্যক্ত যানবাহন, দখল আর লেকের পানিদূষণে এলাকাটি একটি পরিত্যক্ত জলাশয় ও ভাগাড়ে পরিণত হয়েছে।
কুড়িল উড়ালসড়ক প্রকল্প রাজউকের অধীন, আর ওই এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের অধীন। এই পরিস্থিতির দায় তবে কার? বোঝা যায় রাজউক ও ডিএনসিসি—দুই প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। রাজউক বলছে ডিএনসিসি এলাকাটিকে আবর্জনার ভাগাড় বিবেচনা করে সেখানে ময়লা ফেলছে। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এই অভিযোগ অস্বীকার করলেও প্রথম আলোতে ছাপা হওয়া ছবিতে দেখা যাচ্ছে সেখানে আবর্জনাবাহী একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ডিএনসিসি এর কী জবাব দেবে?
রাজধানী ঢাকার নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা যে কোন মাত্রায়, তা এসবের মধ্য দিয়ে টের পাওয়া যায়। যেখানে লেক ও ফুলের বাগান হওয়ার কথা, তা এখন পরিণত হয়েছে ভাগাড়ে, ভরে গেছে অবৈধ স্থাপনায়। রাজউকের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হচ্ছে, উচ্ছেদ হলেও রাতারাতি তা দখল হয়ে যায়। তাহলে কি এভাবেই চলবে? এই জায়গাটি কি এভাবেই থাকবে? রাজউকের কাছে জানতে চাই, আড়াই বছরের মধ্যে কেন ‘সৌন্দর্যকরণের’ কাজ শেষ হলো না?
আমরা চাই ভাগাড়ে পরিণত হওয়া এই এলাকাটি পরিচ্ছন্ন হোক, অবৈধ সব স্থাপনা উচ্ছেদ হোক। পরিষ্কার হোক লেকের পানি, এলাকাটি ভরে যাক ফুলে ফুলে। ডিএনসিসি ও রাজউক নিজ নিজ দায়িত্ব পালন ও নিজেদের মধ্যে সমন্বয় করতে পারলে কাজটি কঠিন হওয়ার কথা নয়।