রাজউকে জবাবদিহি কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে ইমারত ও অন্যান্য স্থাপনা নির্মাণে পরিকল্পনাহীনতা ও বিশৃঙ্খলা একটি বহুল আলোচিত বিষয়। এই বিশৃঙ্খলার ফলে রাজধানীবাসীর জীবনযাত্রার মান শুধু নিম্নগামীই হয়নি, অনিরাপদও হয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে জীবনযাপন। ঝুঁকির মাত্রা কত উচ্চ, তা উপলব্ধি করা যায় যখন কোনো দুর্ঘটনায় একসঙ্গে অনেক মানুষের মৃত্যু ঘটে। সম্প্রতি বনানীর এফ আর টাওয়ার নামের এক বহুতল বাণিজ্যিক ভবনের অগ্নিকাণ্ডে ২৬ জন মানুষের মৃত্যু ও ৭০ জনের আহত হওয়ার ঘটনায় আমরা আবারও তা টের পেলাম।

এসব ক্ষেত্রে বরাবর যা ঘটে, এবারও তার ব্যত্যয় হয়নি: এফ আর টাওয়ার বৈধভাবে নির্মিত ভবন কি না, সেখানে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থাগুলো ছিল কি না ইত্যাদি নানা প্রশ্ন যথারীতি উঠেছে এবং সংবাদমাধ্যমের অনুসন্ধানে এসব সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে এসেছে। এমনকি ভবনটির কিছু অংশের মালিককে গ্রেপ্তারও করা হয়েছে। প্রশ্ন উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্ব–কর্তব্য সম্পর্কেও। রাজধানী ঢাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়মকানুনগুলো ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব এই সংস্থার। ২৮ মার্চ এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পরদিন কয়েকজন সাংবাদিক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে জিজ্ঞাসা করেছিলেন, অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য ওই ভবনটির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না। উত্তরে আইজিপি বলেন, ১৮ তলা ভবনটি ২৩ তলা করা হয়েছে, তারপর ১৪ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় ধরে রাজউক কী করেছে?

অত্যন্ত যুক্তিসংগত প্রশ্ন। রাজউকের অনুমোদন ছাড়া রাজধানী ঢাকায় কোনো ভবন নির্মাণ করা কিংবা পরিবর্ধন করার কোনো সুযোগ নেই। প্রথম আলোয় ৬ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এফ আর টাওয়ার নামের ভবনটির মূল নকশা ১৮ তলা; এই ১৮ তলা ভবনের নকশা রাজউক অনুমোদন করে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর। কিন্তু ২০০৭ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হলে দেখা যায়, সেটি ২৩ তলা। অতিরিক্ত পাঁচটি তলা, যা ভবনের মূল নকশায় ছিল না, তা নির্মাণের আগে রাজউকের কাছে সম্পূরক নকশা জমা দেওয়া হয়েছিল কি না এবং রাজউক ওই বাড়তি পাঁচতলা নির্মাণের অনুমোদন দিয়েছিল কি না—এ বিষয়ে খোদ রাজউকের সূত্র থেকেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, ভবনটির বর্ধিতাংশের ক্রেতা তিনটি তলা বন্ধক রেখে এবং ভবনটির জমির মালিক একটি তলা বন্ধক রেখে ঋণ নিতে গিয়ে রাজউক থেকে অনাপত্তি সংগ্রহ করার আবেদন প্রক্রিয়ায় তাঁদের ও রাজউকের মধ্যে দুই দফায় যে চিঠি চালাচালি হয়েছিল, তাতে রাজউক এফ আর টাওয়ারকে অবৈধ ভবন বলেছে দুইবার। রাজউক ২০০৬ সালে ভবনটির বর্ধিতাংশের মালিক ও ভবনটির নির্মাতা প্রতিষ্ঠানকে অনাপত্তিপত্র দিয়ে ঋণ পেতে সহায়তা করার মাধ্যমে ২০, ২১ ও ২২তম তলাকে বৈধতা দিয়েছে, কিন্তু ২০০৭ সালে মূল নকশার অংশ ষষ্ঠতলা বন্ধক রেখে ঋণের আবেদনকারী জমির মালিককে অনাপত্তিপত্র দেয়নি এই বলে যে ১৮ তলার অনুমোদন নিয়ে নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনটি আরও চার তলা বাড়ানো হয়েছে। আবার ২০১৪ সালে রাজউক এফ আর টাওয়ারের ২১, ২২ ও ২৩ তলার নিবন্ধনের আবেদনের পরিপ্রেক্ষিতে যে চিঠি দেয়, সেখানে বলা হয়, রাজউক উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার মতামতের আলোকে ওই তিনটি তলা অবৈধ।

পুরো বিষয়টিতে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নৈতিকতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রাজউকের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। রাজউকের জবাবদিহি নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এফ আর টাওয়ার নিয়ে রাজউকের দুর্নীতির অভিযোগ দুদকের তদন্ত করা উচিত, দুর্নীতি প্রমাণিত হলে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।