রাজউকের জবাবদিহি কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্লট পাইতেই ২০ বছর! তারপর গ্যাস-বিদ্যুৎ আসতে আরও ২০ বছর লাগাবেন! আপনারা কী পেয়েছেন আমাদেরকে?’
রাজউকের এক কর্মকর্তার উদ্দেশে সরকারের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মুখে উচ্চারিত এই কথাগুলোর শেষ অংশটাই আসলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি সব ভুক্তভোগী নগরবাসীর সাধারণ প্রশ্ন: আপনারা কী পেয়েছেন আমাদেরকে?
এই প্রশ্নের সুরে পুঞ্জীভূত ক্ষোভ আছে, আছে হতাশাও। কারণ, গত বুধবার রাজউক নিয়ে দুর্নীতি দমন কমিশনের আয়োজিত গণশুনানিতে রাজউকের বিরুদ্ধে যেসব অভিযোগ উচ্চারিত হয়েছে, সে ধরনের আরও অনেক অভিযোগ উচ্চারিত হচ্ছে বহু বছর ধরে। কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। তাই রাজউকের কোনো কর্মকর্তা কোনো অভিযোগকারী ভুক্তভোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকারের আশ্বাস দিলে ভুক্তভোগী ব্যক্তিটি আশ্বস্ত হতে পারেন না। সেদিনের ওই গণশুনানিতে রাজউকের কর্মকর্তাদের আশ্বাসের ব্যাপারে আস্থাহীনতার প্রকাশ ঘটেছে একাধিক ভুক্তভোগী অভিযোগকারীর কণ্ঠে।
বরাদ্দ পাওয়া জমির প্লটের মূল্য বাবদ অর্থ জমা দেওয়ার পরও এর দখল না পাওয়া, লটারিতে বিজয়ী ঘোষিত হওয়ার পরও প্লটের বরাদ্দপত্র না পাওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আবেদন জানিয়ে রাজউকের কোনো পদক্ষেপ না নেওয়া, রাজউক ভূমি অধিগ্রহণ করে আবাসন প্লট গড়ে তুললে নিয়ম অনুযায়ী সেখানে প্লট পাওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হওয়া, প্লটের নামজারি ও স্থাপনা নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে হয়রানির শিকার হওয়া—এ রকম ৩০টি অভিযোগ নিয়ে গণশুনানি হয়েছে সেদিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই গণশুনানিতে ভুক্তভোগী নাগরিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজউকের কর্মকর্তারা হিমশিম খেয়েছেন, আর দর্শকদের প্রথম সারিতে বসে তা দেখেছেন ও শুনেছেন রাজউকের খোদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া। এ রকম গণশুনানির আয়োজন নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক ও দরকারি। কিন্তু অভিযোগ উত্থাপন, তা শোনা ও প্রতিকারের আশ্বাস দেওয়ার এই নাটকীয় দৃশ্য প্রহসনে পরিণত হবে, যদি অভিযোগগুলোর প্রতিকার করা না হয়।
এখানে রাজউকের জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।