ঢাকার গুলশান এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যে বিপাকে পড়েছে, তা থেকে এই সংস্থার কর্তাব্যক্তিদের ব্যবসাবুদ্ধির অবস্থা টের পাওয়া যায়। ৩২ কোটি টাকা খরচ করে তারা যে জমির ওপর ওই বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে, তার মালিকানা নিয়ে গোড়া থেকেই বিতর্ক ছিল। নির্মাণকাজের শুরুর দিকেই জায়গাটির মালিকানা দাবি করে এক ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। হাইকোর্ট রাজউককে এই বলে সতর্ক করেছিলেন যে রিট আবেদনকারী যদি রিটের নিষ্পত্তির পর জমির মালিকানা পেয়ে যান, তাহলে ওই জমিতে রাজউকের নির্মিত ভবনটিও রিট আবেদনকারীকে দিয়ে দিতে হবে।
হাইকোর্টের এই সতর্কতা আমলে নিয়ে রাজউকের উচিত ছিল ভবনটির নির্মাণকাজ স্থগিত রাখা। কিন্তু তারা তা না করে নির্মাণকাজ চালিয়ে গেছে এবং মাস দুই আগে নির্মাণ শেষ হয়েছে। তার আগেই রাজউক সংবাদপত্রে অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিছু আগ্রহী ক্রেতাও দেখা গেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, রিট মামলা বিচারাধীন আছে বলে রাজউক ওই ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারছে না। এখানে রাজউক শুধু অদূরদর্শিতার পরিচয় দেয়নি, একগুঁয়েমিরও প্রকাশ ঘটিয়েছে। সংস্থাটি আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখত।
রাজউককে প্লট আর ফ্ল্যাটের ব্যবসায় যত উৎসাহী দেখা যায়, রাজধানীর উন্নয়নের বিষয়ে ততটা দেখা যায় না। রাজধানীর নগরায়ণ বাড়ছে অপরিকল্পিতভাবে, মানুষ ঘরবাড়িসহ নানা রকমের স্থাপনা নির্মাণ করছে, কিন্তু ইমারত নির্মাণের বিধিমালা যথাযথভাবে মানা হচ্ছে না। অনেকে রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই ঘরবাড়ি তৈরি করছে, যারা নকশা অনুমোদন করিয়ে আনছে, তাদের সবাই নকশা অনুযায়ী স্থাপনা নির্মাণ করছে না, অনেকে নকশা লঙ্ঘন করে ইমারত সম্প্রসারণ করছে—এ ধরনের প্রচুর অভিযোগ পাওয়া যায়। রাজউকের দায়িত্ব এসব দিকে নজরদারি করা, পরিকল্পিত ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করা। কিন্তু তারা তা ঠিকমতো করছে না।
ব্যবসা করা রাজউকের কাজ নয়। আবাসন সমস্যা লাঘবের জন্য প্লট আর অ্যাপার্টমেন্ট ব্যবসা তারা করতে পারে বটে, কিন্তু সেটাই প্রধান উৎসাহের বিষয় হওয়া উচিত নয়। রাজধানীর সুশৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত নগরায়ণই রাজউকের প্রধান মনোযোগের বিষয় হওয়া উচিত।