রাজউকের সিদ্ধান্ত জনদুর্ভোগ বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে মানুষের বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি যতটা জরুরি, তার চেয়ে কম জরুরি নয় সেসব ঘরবাড়ির বাসিন্দাদের চলাচলের বিষয়টি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভবনের নকশা অনুমোদনে সিটি করপোরেশনসহ যে ১৬টি সংস্থার ছাড়পত্র নিতে হতো, গত মার্চ মাসে রাজউক তা শিথিল করেছে।

গত ২৮ মার্চ রাজউকের জারি করা এক অফিস আদেশে বলা হয়, ‘নকশা অনুমোদনের ক্ষেত্রে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিপিসিএ) ছাড়পত্র প্রয়োজন হবে না। একই আদেশে ১০ তলা বা ৩৩ মিটার পর্যন্ত উঁচু ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অনাপত্তিপত্রও জরুরি নয় বলে জানানো হয়। এতে আরও বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানি, সিটি করপোরেশন, গ্যাস বিতরণ কোম্পানি, বাংলাদেশ পুলিশ, প্রত্নতত্ত্ব বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কোনো ছাড়পত্র নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রাজউকের এ সিদ্ধান্ত একতরফা ও পরিকল্পিত নগরায়ণের সঙ্গে সাংঘর্ষিক। নগর-পরিকল্পনাবিদদের মতে, ভবনের পার্কিং, আবাসিক এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের জন্য ডিপিসিএর ছাড়পত্র নেওয়া অত্যাবশ্যক। গণপূর্তমন্ত্রীর ভাষ্যমতে, ‘নকশা অনুমোদনে ১৬টি দপ্তরের অনুমোদনের প্রক্রিয়া পরিবর্তন করে আমার নির্বাহী ক্ষমতাবলে ১২টি দপ্তরের অনুমোদনের ধাপ বাদ দিয়েছি। আমরা আইন করে দিয়েছি, ৫৩ দিনের ভেতরে নকশা অনুমোদন হতে হবে, ভূমির ছাড়পত্র, নামপত্তন ৭ দিনের মধ্যে হতে হবে।’

রাজউক ভবনের নকশা অনুমোদন সহজ করতে গিয়ে নগরবাসীর জীবনযাত্রাকে যে আরও কঠিন ও জটিল করেছে, সে বিষয়ে সন্দেহ নেই। পূর্তমন্ত্রী ৫৩ দিনের মধ্যে নকশা অনুমোদন ও ৭ দিনের মধ্যে ভূমির ছাড়পত্র ও নামজারির যে কথা বলেছেন, সে বিষয়ে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু নগরের গুরুত্বপূর্ণ সেবা সংস্থাগুলোর ছাড়পত্র ছাড়া ভবনের নকশা অনুমোদন করা হলে যে জটিল পরিস্থিতি তৈরি হবে, সেসব বিষয়ও তাদের ভাবা উচিত ছিল। একটি সেবা সংস্থা হিসেবে রাজউক একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। নগরবাসীর অন্যান্য সেবা সংস্থার সুবিধা-অসুবিধাও তাকে দেখতে হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২-এর ৯(চ) উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্মিতব্য ভবন ও আবাসিক প্রকল্পে যানবাহনের প্রবেশ-নির্গমন ও চলাচলসংক্রান্ত (ট্রাফিক সার্কুলেশন) নকশা অনুমোদন ও তদারকির কাজ করবে ডিপিসিএ।

ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও সহজ হোক, সেটি আমরাও চাই। কিন্তু আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে নির্ধারিত ৫৩ দিনে কেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর ছাড়পত্র নেওয়া যাবে না? এ ক্ষেত্রে রাজউক সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সময়সীমা বেঁধে দিতে পারত। এখন রাজউক ভবন নির্মাণের নকশা অনুমোদন করার পরও ডিপিসিএসহ অন্য সংস্থাগুলো যদি ছাড়পত্র না দেয়, তাহলে ভবন নির্মাণ হলেও সেখানকার বাসিন্দারা চলাচল করতে পারবেন না। গ্যাস, পানি, বিদ্যুৎসেবা থেকেও বঞ্চিত হবেন তঁারা।

তাই ডিপিসিএসহ সব সংস্থার ছাড়পত্র নিতে হবে নকশা অনুমোদনের আগেই। অন্যথায় রাজউকের নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেও এর মালিকেরা মহাবিপদে পড়বেন। ঢাকায় যেসব সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, তারা সমন্বিতভাবে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে, সেটাই প্রত্যাশিত। কোনো সংস্থা গায়ের জোরে বা একতরফা সিদ্ধান্ত নিলে জনদুর্ভোগ আরও বাড়বে। এমনিতেই ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বিভিন্ন সংস্থার দায়িত্বহীনতা ও অবহেলার কারণে, একে কোনোভাবে বাড়তে দেওয়া যায় না।