ঢাকার রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা করলেন, চাঁদাবাজি বন্ধ না হলে তাঁরা নিজ নিজ দোকান বন্ধ করে দেবেন। এর আগে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও র্যা ব-১০-এর পরিচালকের কাছে লিখিতভাবে অভিযোগ করেও কোনো ফল পাননি। শনিবারের সংবাদ সম্মেলনে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পাওয়ার আশায় দুটি মার্কেটের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ডেকে খোদ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতে হয় কী পরিস্থিতিতে?
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দোকান বন্ধপরিস্থিতি হলো এই যে উল্লিখিত দুটি মার্কেটের ব্যবসায়ীদের ওপর সহিংস পন্থায় চাঁদাবাজি চলছে যে দুই ব্যক্তির নেতৃত্বে, আইন তাঁদের ক্ষেত্রে কাজ করছে না। কারণ, তাঁরা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা (বহিষ্কৃত!)। গত ঈদুল ফিতরের আগে র্যা ব একবার অভিযান চালিয়ে যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন কর্মীকে গ্রেপ্তার করেছিল। কিন্তু ‘রাজনৈতিক চাপে’ রেজাউল করিমকে ছেড়ে দিয়ে বাকি ১০ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান। সাজা খাটা শেষ করে তাঁরা সবাই বেরিয়ে এসেছেন এবং গত সোমবার তাঁদের পুষ্পমাল্য দিয়ে বরণ করেছেন চাঁদাবাজির প্রধান নেতা ময়নুল হক মনজু, যিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
১ হাজার ৭৮৮টি দোকান থেকে নিয়মিত কী হারে চাঁদা আদায় করা হয়, কেউ চাঁদা না দিলে তাঁকে কীভাবে শারীরিক নির্যাতন করা হয়—ব্যবসায়ীরা সেসব বিবরণ সংবাদ সম্মেলনে দিয়েছেন। যদিও ময়নুল হক তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ অসত্য বলে দাবি করেছেন, তবু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ব্যবসায়ীরা চাঁদাবাজির হাত থেকে স্থায়ীভাবে মুক্তি পান, স্বাভাবিক নিরাপত্তার সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারেন। তাঁদের ওপর এই জুলুমের কোনো প্রতিকার নেই—এটা তো হতে পারে না।