রাজধানীতে ডেঙ্গু জ্বরের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আট বছরের মধ্যে এবার রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে—এই তথ্যটি যে ধারণাকে প্রতিষ্ঠিত করে, তা হচ্ছে মশা নিধনের বিষয়টিও নিশ্চয়ই এবার সবচেয়ে উপেক্ষিত ছিল। ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশার মাধ্যমে। কার্যকরভাবে এই মশা নিধন করা গেলে এবার রেকর্ড সংখ্যক ২ হাজার ৬০০ লোকের এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটত না।
মশা নিধনের কাজটি ঢাকার দুই সিটি করপোরেশনের। এটা মানতেই হবে যে তারা কাজটি ঠিকমতো করেনি। অন্তত ডেঙ্গু বা এডিস মশার বিষয়টি বিবেচনায় নিয়ে যেভাবে মশা নিধনের উদ্যোগ নেওয়া উচিত ছিল, তা হয়নি। বর্ষা শুরুর আগেই এ বিষয়ে সচেতন থাকা জরুরি ছিল। এ বছর বৃষ্টিপাত বেশি হয়েছে এবং আবহাওয়ায় যে ধরনের পরিস্থিতি ছিল, তা এডিস মশার বিস্তার ও বংশবৃদ্ধির জন্য ছিল খুবই অনুকূল। এই ব্যর্থতার দায় দুই সিটি করপোরেশনকে নিতেই হবে।

মশা নিধনের প্রচলিত যে কার্যক্রম রয়েছে বা শুধু নর্দমায় মশার ওষুধ ছিটিয়ে এডিস মশার বিস্তার রোধ করা যায় না। এডিস মশার বিস্তার ঘটে পরিষ্কার জমে থাকা পানিতে, ফলে ওষুধ ছিটানোর ক্ষেত্রে এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। মশক নিধনের দায়িত্বে সিটি করপোরেশনগুলোর যে কর্মীরা রয়েছেন, তাঁরা এ ব্যাপারে কতটুকু সচেতন, সে ব্যাপারে সংশয় রয়েছে।
এবারের রেকর্ড সংখ্যক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে সচেতন হতে হবে এবং মশা নিধন, বিশেষ করে এডিস মশার বিস্তার রোধে বিশেষ পদক্ষেপ নিতে হবে। কোথায় ও কীভাবে এডিস মশার বিস্তার ঘটে, সে ব্যাপারে সিটি করপোরেশনের মশক নিধন কর্মীদের সচেতন করা এবং সে অনুযায়ী মশক নিধনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও খুবই জরুরি।