বাতাস, আলো ও পানি হলো মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। রাজধানী ঢাকায় বহুতল ভবনের জঞ্জালে বাতাস আর আলো হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কংক্রিটের বাড়িঘর এই জ্যৈষ্ঠের তাপমাত্রা ৮-১০ ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে। এরপর যখন বিভিন্ন এলাকায় ওয়াসার পানির অভাব দেখা দেয়, মানুষ বাঁচবে কীভাবে? বুধবার প্রথম আলোর প্রতিবেদনে মোহাম্মদপুর, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিটসহ অন্তত চারটি গুরুত্বপূর্ণ এলাকায় পানির পাম্প নষ্ট হওয়ার খবর আমরা পেয়েছি। হাজার হাজার মানুষ পানির কষ্টে ভুগছে। বিকল্প ব্যবস্থার কথা বলা হলেও সবার কপালে সেই সেবা লাভের সুযোগ জোটে না।
ওয়াসার গভীর নলকূপ নষ্ট হতে পারে। কিন্তু তা ঠিক করতে ন্যূনতম কত সময় লাগবে, তার একটা হিসাব অবশ্যই থাকতে হবে। নতুন পাম্প বসাতে হলেও তার নির্ধারিত সময়সীমা থাকা দরকার। এসব কাজে ঢিলেঢালাভাবের অভিযোগ করেছেন এলাকাবাসী। এ অবস্থায় ওয়াসার নির্বিকার থাকার কোনো সুযোগ নেই।
গরমের সঙ্গে পানির কষ্টকোথাও পানির পাম্প নষ্ট হলে দ্রুত এলাকাবাসীকে জানিয়ে দিতে হবে তঁাদের দুর্ভোগ কত দিন চলবে এবং ওই সময়কালে মানুষের জন্য অন্তত খাওয়ার পানির ব্যবস্থা করা হবে কি না। কর্তৃপক্ষের তরফে পাম্প মেরামতের কাজ কঠোর নজরদারিতে রাখতে হবে, যেন গাফিলতির কারণে জনদুর্ভোগ না বাড়ে।
পানিতে দুর্গন্ধও একটি বড় সমস্যা হয়ে উঠেছে। এই মুহূর্তে বাসাবো, গেন্ডারিয়া, নাখালপাড়াসহ অন্তত ১৩টি এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধের অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো এলাকায় ওয়াসার পানি ব্যবহার করলে চোখমুখ জ্বালাপোড়া করে বলেও গুরুতর অভিযোগ রয়েছে। কোনো এলাকায় পানি ও বর্জ্যনিষ্কাশন লাইন মিলেমিশে একাকার হয়ে যায়। এসব দুর্গন্ধযুক্ত পানি বিপজ্জনক। পেটের অসুখ, টাইফয়েড, জন্ডিস থেকে শুরু করে কত গুরুতর অসুখ-বিসুখই না হতে পারে এই পানি থেকে। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে এসব এলাকায় পানিতে দুর্গন্ধের কারণ বের করে তার সমাধান করা প্রয়োজন।
এই ভীষণ গরমে এখন ওয়াসাকে নড়েচড়ে বসতে হবে।