রাজধানীতে বিনোদনের সুযোগ ও নিরাপত্তা বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলের বাগানে সাপ আর বিনোদনকেন্দ্রে বখাটে একই কথা। মিরপুর ডিওএইচএস-কালশী নতুন সড়কেরও সেই অবস্থা। অথচ কাছেই পুলিশ চৌকি রয়েছে।নির্জন ও মনোরম এই সড়ক ক্রমেই পারিবারিক বিনোদনের স্থান থেকে নারী উত্ত্যক্তকারীদের অবাধ বিনোদনের ক্ষেত্র হয়ে উঠছে। এটি এমন সমস্যা নয় যে প্রতিকার করা কঠিন।
প্রায় দেড় কোটি অধিবাসীর ঢাকায় নৈসর্গিক বিনোদনের সুযোগ খুবই কম। নিখরচায় বেড়ানোর স্থানও গুটি কয়েকের বেশি নয়। শুধু কালশী সড়কটিই নয়, চিড়িয়াখানা, বোটানিক্যাল, সোহরাওয়ার্দী, রমনা, চন্দ্রিমা উদ্যানের মতো জায়গা এবং আশুলিয়া, বুড়িগঙ্গা ও তুরাগতীরে মানুষ বেড়াতে ভালোবাসে। খোলা হাওয়ায় পরিজন ও বন্ধুদের নিয়ে নির্ভার সময় কাটানোর এই সুযোগও আর সাবলীল নেই। পাড়া-মহল্লার বখাটেরা এসব স্থানে নারীদের সঙ্গে মশকরা, উত্ত্যক্ত এমনকি যৌন নিপীড়ন চালাতেও কসুর করে না। এই চালচিত্র পুলিশের অজানা থাকার কথা নয়। কিন্তু লোক দেখানো টহল ছাড়া তাদের যেন আর কিছু করার নেই!
উৎপাতের মহড়া আরও উদগ্র হয়ে ওঠে একশ্রেণির মোটরসাইকেল আরোহী মাস্তানের জন্য। অবস্থাপন্ন হওয়ায় এদের ঔদ্ধত্যও থাকে বেশি। বিনোদনপ্রত্যাশীদের জন্য এরা হয়ে উঠছে এক বড় যন্ত্রণা। এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরের বাইরে থাকে কীভাবে?
নগর ও নাগরিকতার সংজ্ঞাই হচ্ছে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে ব্যক্তিগত জীবনযাপনের সুযোগের বন্দোবস্ত। অর্থের বিনিময়ে এমন কিছু সুযোগের ব্যবস্থা ঢাকায় থাকলেও সাধারণ মানুষের জন্য নিখরচায় তা পাওয়ার উপায় নেই। জন-উদ্যান ও জনপরিসরগুলো বিবিধ রকম উৎপাতের আখড়া হয়ে থাকে। অনেক সময় কিছু কিছু পুলিশও বেড়াতে আসা তরুণ-তরুণীদের হয়রানি করে এবং বখরা আদায়ে জড়িয়ে পড়ে।
শুধু কালশী এলাকা নয়, ঢাকা ও এর আশপাশের বেড়ানোর জায়গাগুলো মনোরম ও নিরাপদ করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।