অন্তত আড়াই বছর পরে দেশের দুই প্রধান দল পরপর দুদিন রাজধানী ঢাকায় শান্তিপূর্ণভাবে বড় জনসভা করেছে। আমরা নতুন করে আশা করতে চাই যে শেষ পর্যন্ত শুভবুদ্ধির জয় হবে। বিএনপি ঢাকা শহরে দীর্ঘদিন জনসভা করতে পারেনি বা দলটিকে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। সেদিক থেকে বিএনপির শুক্রবারের সমাবেশ অনুষ্ঠানের বিষয়টিকে আমরা একটি পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচনা করতে পারি।
অনিশ্চয়তার মধ্যেও আমরা দেশে একটি দ্বিদলীয় সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখি। ক্ষমতা হস্তান্তরের জন্য ভোট অনুষ্ঠান দরকার কিন্তু যে রাষ্ট্রব্যবস্থায় প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা একই দিনে একই শহরে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন না, সেখানে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের আশা করা কঠিন। সে কারণেই আমরা আড়াই বছর পর রাজধানীতে শান্তিপূর্ণভাবে বিএনপির মহাসমাবেশ করার ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি।
আগামী সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে পুলিশ কী শর্তে কতটা সভা–সমাবেশ করতে দেয় বা দেবে, সেটা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কৌতূহলের বিষয় হয়ে থাকবে। ক্ষমতাসীন দল স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত না হলে বাস্তবে পুলিশের পক্ষে সমতার নীতি নিশ্চিত করা অসম্ভব। আমরা আশা করব, প্রশাসন ও ক্ষমতাসীন দলের যাঁরা এতকাল বিএনপিকে সমাবেশ করতে দেওয়াকে বিপজ্জনক মনে করেছেন, তাঁরা তাঁদের আগের অবস্থানের যথার্থতা যাচাই করতে সচেষ্ট হবেন। সবারই বোঝা উচিত, কারও সাংবিধানিক অধিকারে বাধাদান কখনো গ্রহণযোগ্য নয়।
আমরা আশ্বস্ত হতে চাই যে আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সরকার ও সরকারি দলের নীতিনির্ধারকেরা মনোভাবে পরিবর্তন এনেছেন এবং তারই ফল হলো কোনো প্রকারের উত্তেজনা, হাঁকডাক, অনাবশ্যক চিঠি চালাচালি এবং ন্যূনতম কোনো তর্ক ছাড়াই দুদিনে দুটি বড় জনসভা করার একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের সাধুবাদ প্রাপ্য।
যদিও এটা লক্ষণীয় যে, ২৩টি শর্ত সাপেক্ষে সাড়ে তিন ঘণ্টার মেয়াদে সরকারি কর্তৃপক্ষ বিএনপিকে সভা করার অনুমতি দিয়েছে। এসব শর্ত যুক্তিসংগত বাধানিষেধের মধ্যে পড়ে এবং তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে, সেটা নিশ্চিত করার দায় জনপ্রশাসনের। কোনো গণতন্ত্রে এটা ভাবাই যায় না যে আইন বা শর্ত সবার জন্য সমান নয়, মুখ চিনে আইনের ব্যবহার ঘটবে। সাধারণ মানুষ এটাই আশা করবে যে জনপ্রশাসন এখন থেকেই নিরপেক্ষ আচরণ করার প্রমাণ দিতে শুরু করবে।
২০১৪ সালের পরের প্রতিটি উল্লেখযোগ্য নির্বাচনে বিএনপির অংশগ্রহণ এবং তাদের প্রার্থীদের ভোটপ্রাপ্তির পরিমাণ নির্দেশ করে যে তারাই প্রধান বিরোধী দল হিসেবে টিকে আছে। প্রায় পাঁচ বছর ধরে সংসদে যাদের বৃহত্তম বিরোধী দলের আসনে বসানোর চেষ্টা করা হয়েছে, তারা সফল হয়নি। তারা বিএনপির বিকল্প হতে পারেনি। এ কারণে সভা–সমাবেশ করার স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ চলমান রাখা প্রত্যাশিত নয়। ক্ষমতাসীন দলের নেতাদের এটা বিবেচনায় নিতে হবে যে সরকারি দলের সংশ্লিষ্ট কেউ হলেই তাঁরা কোনো না কোনোভাবে বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকেন। মেয়র নির্বাচনগুলোর প্রচারণায় সরকারি দলের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা পোস্টার লাগানোসহ সব ধরনের কর্মসূচি পালনে চোখে পড়ার মতো সুবিধা নিচ্ছেন। এই ধারাটা বন্ধ হোক। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের এই ধারাই চালু থাক।
আওয়ামী লীগ ও বিএনপির নেতারা পরস্পরের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যমূলক মনোভাব বজায় রাখুন। তবে জনসভা করার অধিকারের নামে যানজট ও দূষণে দুর্দশাগ্রস্ত ঢাকার মানুষকে অনাবশ্যক কষ্ট দেওয়া থেকে বিরত রাখার বিষয়টিও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বিবেচনায় থাকতে হবে। ছুটির দিন ছাড়া অন্য কোনো দিনে জনসভা অনুষ্ঠানের উদ্যোগ থেকে পুরোপুরি সরে আসতে হবে।