রাজধানীবাসীর জন্য সুপেয় পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সায়েদাবাদে ওয়াসার পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় চালু হওয়ার মধ্য দিয়ে ঢাকাবাসীর জন্য সুপেয় পানির সরবরাহ লাইনে যোগ হলো দৈনিক সাড়ে ২২ কোটি লিটার পানি। এর তাৎক্ষণিক সুফল রাজধানীবাসীর পানিসংকট কিছুটা লাঘব আর ভূগর্ভ থেকে অবিরাম পানি তোলায় কিছুটা নিয়ন্ত্রণ।কিন্তু যে নদী থেকে পানি এনে শোধনাগারে শোধন করে রাজধানীবাসীকে সরবরাহ করা শুরু হয়েছে, সেই শীতলক্ষ্যার দশা বেশ খারাপ। এ নদীতে এখনো পানি আছে বটে, কিন্তু সে পানি এতই দূষিত যে তা মানুষের পানের উপযোগী করার জন্য মূল শোধনাগারে নেওয়ার আগে একটি প্রাক-শোধনাগারে নিয়ে একবার শোধন করতে হয়। অর্থাৎ শীতলক্ষ্যার পানি এক দফায় শোধনযোগ্য নয়: দুটি পৃথক শোধনাগারে দুই দফায় শোধন করার পরেই কেবল তা মানুষের পানের উপযোগী হয়। ডেমরার সারুলিয়া নামের যে জায়গায় শীতলক্ষ্যা নদী থেকে শোধনাগারে পানি নেওয়া হচ্ছে, সেখানে নদীতীরে দাঁড়ালে পাওয়া যায় নদী থেকে ভেসে আসা দূষিত পানির দুর্গন্ধ। পুরোপুরি শুকনো মৌসুমে শীতলক্ষ্যার পানি কমে গেলে দূষণ আরও বাড়ে, আরও প্রকট হয়ে ওঠে দুর্গন্ধ।কলকারখানার রাসায়নিক বর্জ্য, বাণিজ্যিক ও গৃহস্থালি বর্জ্য, এমনকি পয়োবর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গার পানি এতটাই দূষিত যে তা আর পরিশোধনযোগ্যও নেই। ঢাকাবাসীর জন্য এখন ভূপৃষ্ঠের পানির একমাত্র উৎস শীতলক্ষ্যা নদীতেও যেভাবে দূষণ চলছে, তা অব্যাহত থাকলে অচিরে বুড়িগঙ্গার মতো শীতলক্ষ্যার পানিও শোধনের অনুপযোগী হয়ে পড়বে।ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে পানির চাহিদাও বাড়ছে। এমন অবস্থায় যখন আমাদের ভূ-উপরিস্থিত পানির উৎস বাড়ানো প্রয়োজন, তখন যদি নদীদূষণের কারণে উল্টো তার শেষ উৎসটাও হারিয়ে যায়, তাহলে রাজধানীবাসী সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়বে ভূগর্ভস্থ পানির ওপর। কিন্তু ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে বিপজ্জনকভাবে দ্রুতগতিতে।তাই, শীতলক্ষ্যার দূষণ বন্ধের কোনো বিকল্প নেই।