শিল্প এলাকা ও নাগরিক বসতি—কে কার মধ্যে ঢুকে গেছে, সেই বিতর্ক সরিয়ে রেখেও এটা বলা যায়, শহর মানে শিল্পবর্জ্যের ভাগাড় নয়। অথচ রাজধানীর বেশ কিছু এলাকায় সেটাই ঘটছে। হাজারীবাগের পর এ রকম বড় একটি এলাকা হলো পুরান ঢাকার শ্যামপুর। ঘনজনবসতিপূর্ণ এই নিম্নবিত্ত এলাকার পানি ও বাতাসের দূষণ এমন বিপজ্জনক স্তরে গিয়েছে যে একজন বিশেষজ্ঞ বলতে বাধ্য হয়েছেন, ‘এ অঞ্চলের মানুষকে পরোক্ষভাবে হত্যা করা হচ্ছে।’ এ রকম বাস্তবতার মুখে সরকারের শিল্প ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরি করণীয় রয়েছে।
শ্যামপুরের এ ভয়াবহ দূষণ কারও আবিষ্কারও নয়, উদ্ভাবনও নয়; বহুদিন ধরেই এটা চলে আসছে। নব্বইয়ের দশক থেকে এ অবধি এখানে ২০০টির বেশি শিল্পকারখানা তৈরি হয়েছে। শনিবারের প্রথমআলোর খবরে পরিবেশ অধিদপ্তরের বরাতে বলা হয়েছে, এর মধ্যে ৬৫টির বর্জ্য শোধনাগার থাকা জরুরি। অথচ আছে মাত্র ৫টির, তা-ও একটি নষ্ট। বুয়েটের পরীক্ষায় এ এলাকার নালার এবং এই পানি বুড়িগঙ্গার যেখানে মেশে, সেখানকার পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান মিলেছে সহনীয় মাত্রার চেয়ে কয়েক শ গুণ বেশি। মূলত শিশু ও নারীদের মধ্যে যারা দিন-রাত এলাকাতেই অবস্থান করে, তাদের শরীরে এর প্রতিক্রিয়া ধীর হলেও মারাত্মক। পুরো বিষয়টি ঘটছে নগরবাসী, গণমাধ্যম ও সরকারের নাকের ডগায়। প্রশ্ন এই, হাজারীবাগের চামড়াশিল্প যথাযোগ্য জায়গায় সরাতে যত বছর ও যত কাঠখড় পোড়াতে হয়েছে, শ্যামপুরের বেলাতেও কি তা-ই হবে?
সরকার বারবার বুড়িগঙ্গা দূষণমুক্ত করার কথা বলেছে, অথচ বুড়িগঙ্গার তীর ঘেঁষে আরও কিছু হাজারীবাগ, আরও শ্যামপুর রয়ে গেছে। আরও যেসব এলাকায় এ রকম বর্জ্য শোধনাগারহীন কারখানা রয়েছে, সেগুলো দূষণমুক্ত করা কিংবা
শিল্প এলাকায় অপসারণ করা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য খুবই জরুরি। তা ছাড়া, এলাকাটিতে স্বাস্থ্য জরিপ করার মানবিক দরকারও রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি পরিমাপ করা ভবিষ্যতের প্রতিরোধব্যবস্থার জন্যও সহায়ক হবে।
শ্যামপুরের এ কারখানাগুলো পরিবেশ ও শিল্প স্থাপনের নীতিমালা মেনে হয়নি। একসময় অর্থনৈতিক বিকাশের স্বার্থে এসব অনিয়ম উপেক্ষা করা হয়েছে। কিন্তু ঢাকা এখন বিশ্বের মধ্যে ঘনবসতিতম ও দূষিত শহরগুলোর শীর্ষে। যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ, আশুলিয়া থেকে গাজীপুর, সাভার থেকে মানিকগঞ্জ পর্যন্ত নদী ও পরিবেশদূষণের উৎসগুলো চিহ্নিত করে প্রতিকারের বিশদ পরিকল্পনা এখন সময়ের প্রয়োজন।
শ্যামপুরের মানুষের এবং বুড়িগঙ্গা নদীর আরেকটি নিরন্তর দুঃখের কারণ দূর হবে বলে আমাদের আশা।