রাজধানীর ঝুঁকিপূর্ণ বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিজস্ব অনুসন্ধান থেকে বলেছে, ঢাকার ১ হাজার ১২৬টি বিপণিবিতানের মধ্যে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে মাত্র ৪৬টিতে। বাকিগুলো এককথায় আগুনে পুড়ে বিপর্যয় ঘটানোর থেকে রয়েছে মাত্র এক ধাপ দূরে! এ অবস্থার পরিবর্তন কীভাবে হবে তা নিয়ে সিটি করপোরেশনদ্বয় এবং বিপণিবিতান কর্তৃপক্ষের পদাধিকারীরা কিছু ভেবেছেন?
আধুনিক ও নিরাপদ বিপণিবিতান মানে সেখানে ভবনের উচ্চতা, দোকান ও ক্রেতা-বিক্রেতা অনুপাতে অগ্নিনির্বাপক থাকবে। এবং এগুলোর ব্যবহার দোকানের কর্মচারীদের জানা থাকবে। অতিরিক্ত লোকসমাগমের স্থানে স্মোক/হিট ডিটেক্টর থাকবে। বিপণিবিতানের প্রবেশদ্বার থাকতে হবে প্রশস্ত, জরুরি নির্গমন ও সিঁড়ি থাকবে পর্যাপ্ত ও প্রশস্ত। এ ছাড়া মাটির নিচের জলাধারের ধারণক্ষমতা, ফায়ার পাম্প বা জকি পাম্প, সতর্কসংকেতের ব্যবস্থা, বৈদ্যুতিক সাবস্টেশন, রাইজার বা হোস রিল, নিরাপদ বৈদ্যুতিক তার ও ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ বিষয়ে বিপণিবিতানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের প্রশ্নও রয়েছে। এসব বিচারে রাজধানীর দুটি সিটি করপোরেশনের ৯৬ শতাংশ বিপণিবিতানই বিপজ্জনক। সম্প্রতি গুলশান মার্কেটসহ রাজধানীর বড় আরেকটি শপিং মলের আগুনে পুড়ে যাওয়ার ঘটনা এই সত্যই প্রমাণ করে।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, দুটি সিটি করপোরেশন ও পুলিশের মালিকানাধীন বিপণিবিতানও রয়েছে এই বিপদের তালিকায়। রাজধানীতে বহু কোটি টাকা ব্যয়ে নতুন নতুন বিলাসবহুল বিপণিবিতান হচ্ছে। অথচ অগ্নিসুরক্ষার বিষয়ে পুরোনোদের মতো এঁরাও সমান অবহেলা দেখিয়ে আসছেন। এভাবে জনসমাগমের স্থানগুলোকে সম্ভাব্য অগ্নিকূপ বানিয়ে রাখা এক বিপজ্জনক গাফিলতি ছাড়া আর কী?
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ, গুলশান মার্কেটের আগুনের ঘটনার পর নিজেরা উদ্যোগী হয়ে রাজধানীর সব এলাকার বিপণিবিতানগুলোর অবস্থা যাচাই করেছে। এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ঘাটতি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতেই নিতে হবে। সামনে দীর্ঘ শুষ্ক মৌসুম। এই মৌসুমেই আগুন লাগার ঘটনা ঘটে বেশি। অতএব, ব্যবস্থা নেওয়ার বেলায় দেরি করার সুযোগ নেই। আমরা দেখতে চাই না আর কোনো বিপণিবিতান দুর্ঘটনার শিকার হোক। ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থেই বিপণিবিতানগুলোর নিরাপত্তা নিশ্ছিদ্র করা প্রয়োজন।