রাজধানীর তীব্র পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী নাগরিকদের পানির জন্য হাহাকার ও কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশিত হচ্ছে। অনেক নগরবাসী সংবাদমাধ্যমের কার্যালয়গুলোতে টেলিফোন করে তাঁদের দুর্ভোগের কথা জানাচ্ছেন। মীরহাজিরবাগের বিক্ষুব্ধ বাসিন্দারা বুধবার হাঁড়ি-কলস নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। পানির এই সংকট দূর করতে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে গোটা রাজধানীর জীবনযাত্রা বিপর্যস্ত হতে পারে।

উত্তরা, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, নাখালপাড়া, আগামসি লেন, গেন্ডারিয়া, নারিন্দা, কমলাপুর, জুরাইন, শনির আখড়া, মাদারটেক, নন্দীপাড়া, লালবাগ, আজিমপুর, জিগাতলা, দক্ষিণখান, বনশ্রী, মধ্যবাড্ডা, মধুবাগ, শান্তিবাগ—পানিসংকটে ভুগছে এমন এলাকার তালিকা তৈরি করতে গেলে তা আরও অনেক দীর্ঘ হবে। তার চেয়ে বরং এ প্রশ্ন তোলাই বেশি সমীচীন হবে—ঠিকমতো পানি সরবরাহ আছে কোথায়? পানিসংকটের শিকার বিপুলসংখ্যক নগরবাসীর দুর্ভোগের প্রতি ওয়াসা কর্তৃপক্ষের যতটা দৃষ্টি দেওয়া উচিত, ততটা দেখা যাচ্ছে না। সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, কিন্তু সমস্যা সমাধানে ওয়াসা তৎপর হচ্ছে না, এমন অভিযোগও আমরা পাচ্ছি।

পানিসংকট দূর করতে হলে দেখতে হবে সংকটের কারণগুলো কী। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথমআলোকে বলেছেন, বিদ্যুতের লোডশেডিং পানিসংকটের একটা কারণ। এখন শুষ্ক মৌসুম, ভূগর্ভের পানির স্তর অনেক নিচে নেমে গেছে, এটাও আরেকটা কারণ। বলাবাহুল্য, এ দুটি সমস্যা নতুন নয়। ওয়াসা কর্তৃপক্ষের জানা আছে যে প্রতিবছরই শুষ্ক মৌসুমে ভূগর্ভের পানির স্তর আরও নিচে নেমে যায়, বিদ্যুতের লোডশেডিং বেড়ে যায়। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলার জন্য ওয়াসা কী উদ্যোগ নেয়? নাকি তাদের উদ্যোগ নেওয়ার কিছু নেই?

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ২০২১ সালের পর আর পানির সমস্যা থাকবে না। কিন্তু এই সংকটের মুহূর্তে এমন আশ্বাসের কোনো অর্থ নেই। কারণ, রাজধানীর অধিকাংশ এলাকার বাসিন্দাদের জীবনে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এটা দূর করতে হবে, জীবনযাত্রার ন্যূনতম উপযোগী সেবার ব্যবস্থা অবশ্যই করতে হবে। বিদ্যমান অবকাঠামোতেই সম্ভবপর সর্বোচ্চ মাত্রায় সেবা দেওয়ার জন্য ঢাকা ওয়াসাকে তৎপর হতে হবে।