রাজধানী ঢাকার জনস্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা পাওয়া গেল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণার ফলাফলে। এই মহানগরের বিভিন্ন পথের পাশে যেসব খাবার বিক্রি হয়, তার ৫৫ শতাংশে জীবাণু থাকে। যাঁরা এসব খাবার তৈরি ও বিক্রি করেন, তাঁদের ৮৮ শতাংশেরই হাতে থাকে জীবাণু। সন্দেহ নেই, যে বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এসব খাবার খান, তাঁরা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
পথের পাশের প্রায় আট হাজার খাবার বিক্রেতার কাছ থেকে নেওয়া তথ্য এবং তাঁদের তৈরি ও বিক্রীত খাবারের নমুনা গবেষণাগারে পরীক্ষা করে গবেষকেরা এসব খাবার দূষিত ও জীবাণুযুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনেছেন। রান্নার জন্য খাবারের উপাদান প্রস্তুত করা, রান্না করা, সংরক্ষণ ও সরবরাহ করার প্রক্রিয়া, অর্থাৎ পুরো প্রক্রিয়ার প্রায় সব স্তরেই খাবারে দূষণ ঘটে। অনিরাপদ পানির ব্যবহার খাবার জীবাণুযুক্ত হওয়ার একটি বড় কারণ। খাবার বিক্রেতাদের হাতে, গামছায়, খাবার সরবরাহের প্লেটে ও কাগজেও জীবাণু থাকে। বিশেষত, ময়লা কাগুজে টাকা তাঁদের নাড়াচাড়া করতে হয়। মাছিসহ অন্যান্য কীটপতঙ্গের কারণেও খাবারে দূষণ ঘটে।
ঢাকার ৫৫ শতাংশ পথখাবারে জীবাণুএই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির একটি বড় কারণ অসচেতনতা: পথখাবার বিক্রেতা এবং যাঁরা এসব খাবার কিনে খান—উভয় পক্ষেই সচেতনতার অভাব প্রায় একই স্তরের। এই তথ্যও গবেষণা থেকেই জানা গেছে।
এই পরিস্থিতির উন্নতিসাধন অবশ্যই সম্ভব। প্রথমত, পথখাবারের বিক্রেতা ও ভোক্তা—উভয় পক্ষের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে যে, শতভাগ নিরাপদ পানি ব্যবহার, হাতে গ্লাভস পরাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রাথমিক নিয়মগুলো মেনে চললে খাবার দূষিত ও জীবাণুযুক্ত হওয়ার ঝুঁকি বেশ কমে যায়। পথখাবার বিক্রেতারা যাতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলেন, সে জন্য ব্যাপকভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। ঢাকার রাস্তাঘাটের দায়িত্বে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কিছু প্রাথমিক নিয়ম ঠিক করা ও পথখাবার বিক্রেতাদের তা মেনে চলতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা।