রাজনীতি এবং ব্যবসায় স্বচ্ছতা আর আঁতাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকাপয়সার লেনদেন, সরকারি-বেসরকারি প্রকল্পের ব্যবস্থাপনা, নির্মাণকাজের ঠিকাদারি ও নানা ধরনের সেবা, পণ্য সরবরাহের কাজ এবং চাকরিতে নিয়োগ কিংবা ব্যবসার পণ্য সংগ্রহ, তার গুণগত মান অথবা বিপণন—সবকিছুর ক্ষেত্রেই স্বচ্ছতা এখন বর্তমান যুগের সবচেয়ে বহুল আলোচিত এবং দাবি করা একটি বিষয়। রাজনীতি ও বাণিজ্যজগতের যোগসাজশ এবং দুর্নীতির নতুন নতুন কেলেঙ্কারিতে ক্ষুব্ধ ও হতাশ সাধারণ মানুষকে তাই স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির আওয়াজ কিছুটা হলেও আলোড়িত করে। বিশ্বনেতারা তাই এখন এই স্বচ্ছতার বিষয়কে তাঁদের রাজনৈতিক কৌশলের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছেন বা করতে আগ্রহী হয়েছেন।আগামী সোম ও মঙ্গলবার যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের হ্রদবেষ্টিত অবকাশ যাপন কেন্দ্র লক আর্নে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-এইট নেতাদের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, সেখানেও এসব নেতার আলোচনার অন্যতম বিষয় স্বচ্ছতা। বছর খানেকেরও বেশি সময় ধরে চলতে থাকা সিরীয় সংঘাত এবং ১০ লক্ষাধিক শরণার্থীর দুর্ভোগের মানবিক দিকগুলো বিবেচনায় নিয়ে একটা মতৈক্য প্রতিষ্ঠার দুরূহ চ্যালেঞ্জের মধ্যেও অন্য যেসব বিষয় আলোচ্যসূচিতে রয়েছে, তার মধ্যে আছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারগুলোর মধ্যকার কাজকর্মে স্বচ্ছতা আনা, কর ফাঁকি বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাণিজ্য সহযোগিতা।জি-এইটের স্বচ্ছতার এজেন্ডার লক্ষ্য হচ্ছে দারিদ্র্যপীড়িত উন্নয়নশীল দেশগুলো। ওসব দেশের ভূমি অধিগ্রহণ, প্রাকৃতিক সম্পদ আহরণ ও উন্নয়ন কার্যক্রমে দুর্নীতি রোধ করার লক্ষ্যে দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়ন কৌশলে স্বচ্ছতার বিষয়কে প্রাধান্য দেওয়ার বিষয়ে শীর্ষ সম্মেলনে একটা সমঝোতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। অন্তত স্বাগতিক রাষ্ট্র ব্রিটেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দপ্তরের কর্তাব্যক্তিদের কথায় সে রকম ধারণাই পাওয়া যায়। তবে বৈশ্বিক ব্র্যান্ডের বিভিন্ন বহুজাতিক কোম্পানি এবং সম্পদশালী ব্যক্তিদের কর ফাঁকি বা কর এড়ানোর কৌশল বন্ধের বিষয়ে ব্রিটেন যে মতৈক্যের চেষ্টা করছিল, সে বিষয়ে সমঝোতার সম্ভাবনা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে গার্ডিয়ান-এর মতো কয়েকটি সংবাদপত্র। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অনেকের আপত্তির কারণে ওবামা প্রশাসনের পক্ষে এ ধরনের সমঝোতায় পৌঁছানো প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। আর যেসব বৈশ্বিক কোম্পানির বিরুদ্ধে বড় অঙ্কের কর ফাঁকির অভিযোগ আছে, সেগুলোও প্রধানত যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রি করা কোম্পানি। রাজনীতিকদের এই স্বচ্ছতা প্রতিষ্ঠার চেষ্টার ঠিক উল্টোটা অবশ্য দেখা গেল এই ইংল্যান্ডেই এবং তা-ও মাত্র সপ্তাহ খানেক আগে। গত সপ্তাহান্তে লন্ডনের উত্তর প্রান্তের শহরতলি এলাকা হার্টফোর্ডশায়ারের এক বিলাসবহুল হোটেলে হয়ে গেল আমেরিকা-ইউরোপের রাজনীতি ও অর্থনীতির ভাগ্যনিয়ন্তাদের এক অনানুষ্ঠানিক মিলনমেলা। গোপনীয়তার আড়ালে বৈশ্বিক করপোরেট কর্তাদের সঙ্গে রাজনীতিকদের এই অনানুষ্ঠানিক সলাপরামর্শকে অনেকেই যে সন্দেহের চোখে দেখবেন, সেটাই স্বাভাবিক। ফলে বিলডারবার্গ মিটিং নামে পরিচিত এই সম্মেলনকে ‘ষড়যন্ত্রতত্ত্বে’ বিশ্বাসীরা পর্দার আড়ালে ক্ষমতাধরদের ষড়যন্ত্রের আসর হিসেবে তুলে ধরেছেন। নানা ধরনের নাগরিক অধিকারবাদী সংগঠক ও বিক্ষোভকারীদের একটি বড় অংশও এই মিলনমেলাকে একই চোখে দেখছেন। বিলডারবার্গ সভায় অংশগ্রহণকারী শতাধিক ভিআইপির তালিকায় ছিলেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ড, বিশ্বব্যাংকের সাবেক দুই প্রধান রবার্ট জোয়েলিক ও জেমস উলফেনসন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যানুয়েল বারোসো, ইউরোপীয় দেশগুলোর প্রতিটিরই সাবেক বা বর্তমান প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী টিম গাইটনার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মতো ঝানু রাজনীতিকেরা। আরও ছিলেন বৈশ্বিক ব্যাংকিংয়ের শীর্ষে থাকা প্রতিষ্ঠান এইচএসবিসি, বার্কলেজ, গোল্ডম্যান স্যাক্স, জে পি মর্গান, আমেরিকান এক্সপ্রেস, ডয়েচ ব্যাংক, সিটি এবং অ্যালিয়ানজের প্রধানেরা। বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সুপরিচিত বৈশ্বিক ব্যান্ড বিপি, এক্সন মবিল, শেল, আমাজন ও গুগলের নির্বাহীরাও সেখানে উপস্থিত ছিলেন। স্বাগতিক দেশ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা ছায়া মন্ত্রিসভার অর্থমন্ত্রী এড বলসও ছিলেন এই মিলনমেলায়। হার্টফোর্ডশায়ারের গ্রোভ হোটেলে তাঁরা কেউ এসেছেন হেলিকপ্টারে, কেউ এসেছেন কালো কাচে ঢাকা লিমুজিনে। ১৯৫৪ সালে শুরু হওয়া এই ফোরামটির বার্ষিক সমাবেশে যেসব আলোচনা হয়, তার কোনো রেকর্ড রাখা হয় না। তাঁদের আলোচনার আনুষ্ঠানিক কোনো আলোচ্যসূচি থাকে না। তবে তাঁদের একটি স্টিয়ারিং কমিটি আছে এবং তাঁদের ওয়েবসাইটে বলা হয়েছে যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়েই তাঁরা মতবিনিময় করে থাকেন। আলোচনাগুলো সাধারণত তাঁদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বৈঠকে কারা অংশ নিচ্ছেন, তা বৈঠক শুরুর আগ পর্যন্ত প্রকাশ করা হয় না। বৈঠকে আগে ও পরে কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো প্রকাশনা নেই। অনেকের ভাষায় তাঁদের কোনো জবাবদিহিও নেই। তবে এই প্রথমবার হোটেলের গলফ কোর্সের সীমানার বাইরে বিক্ষোভকারীদের প্রতিবাদ জানানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। লোকচক্ষুর আড়ালে এ ধরনের ক্ষমতাধর ব্যক্তিদের অনানুষ্ঠানিক আলাপ-আলোচনায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়াটাই তো স্বাভাবিক। এই ফোরামের রেকর্ডও যে একেবারে ধবধবে সাদা, সে কথাও কেউ জোর গলায় বলতে পারবেন না। ’৭৬ সালে লকহিড মার্টিন কোম্পানির বিমান বিক্রির সঙ্গে ঘুষ লেনদেনের কেলেঙ্কারিকে কেন্দ্র করে বিলডারবার্গ গ্রুপের তখনকার সভাপতি নেদারল্যান্ডসের যুবরাজ বার্নহার্ডকে সভাপতির পদ ছাড়তে হয়েছিল। বিলডারবার্গ গ্রুপের সমালোচকদের মধ্যে বহুল পরিচিত যুক্তরাষ্ট্রের একজন রেডিও উপস্থাপক অ্যালেক্স জোনস এই পটভূমিতেই বিবিসির এক অনুষ্ঠানে একে ‘নেপথ্যের বৈশ্বিক সরকার’ বা ‘শ্যাডোয়ি গ্লোবাল গভর্নমেন্ট’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ এবং অন্য অনেকের বিশ্বাস যে এসব রাজনৈতিক ও করপোরেট কেউকেটারা একটি নতুন বিশ্বব্যবস্থা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। রাজনীতির ধরনটাই বোধ হয় এ রকম। রাজনীতি ও ব্যবসার মধ্যকার নেপথ্যের আঁতাত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ব্রিটেনে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে যোগসাজশ, লবিং এবং রাজনৈতিক দুর্নীতির বেশ কিছু অভিযোগের পটভূমিতে প্রধানমন্ত্রী ক্যামেরন মন্ত্রীদের আচরণবিধি সংশোধন করেছেন, যাতে করে মন্ত্রীরা সরকারি কর্মকর্তাদের উপস্থিতি এবং সহায়তা ছাড়া কোনো ব্যবসায়ী বা ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন না। ওসব বৈঠকের বিবরণীও লিপিবদ্ধ থাকার কথা। অথচ তিনি নিজেই কোনো সরকারি কর্মকর্তা ছাড়া ব্যবসায়ীদের এমন এক আসরে যোগ দিলেন, যেখানকার আলাপ-আলোচনার কোনো রেকর্ডই থাকে না। ক্যামেরন অবশ্য এই সমালোচনার জবাবে বলেছেন যে বিশ্ব অর্থনীতিকে চাঙা করার কৌশল সম্পর্কে এসব নেতৃত্বস্থানীয় ব্যক্তির মতামত শুনতে যাওয়ায় তিনি কোনো সমস্যা দেখতে পাননি।রাজনীতি ও ব্যবসার জগতের যোগসাজশের সন্দেহ সৃষ্টিকারী এসব ঘটনাকে তাই পুঁজিবাদবিরোধী আন্দোলনকারীরা লুফে নিয়েছেন তাঁদের প্রচারণার বিষয় হিসেবে। মঙ্গলবার লন্ডনের রাস্তায় তাঁদের ক্ষোভের কিছুটা প্রতিফলনও তাই দেখা গেছে। পুলিশের সঙ্গে হাঙ্গামায় গ্রেপ্তার হয়েছেন জনা ত্রিশেক বিক্ষোভকারী। পশ্চিমা দেশগুলোর কৃচ্ছ্র বা সরকারি খাতে ব্যয় সংকোচন নীতির বিরোধিতাকারী গোষ্ঠীগুলোর মধ্যে অনেকেই ইতিমধ্যে লন্ডনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রাণকেন্দ্রে দর্শনীয় প্রতিবাদ আয়োজনের ঘোষণা দিয়েছে। তাদের ভাষায়, বিশ্ব পুঁজিবাদের প্রাণকেন্দ্র হচ্ছে লন্ডন এবং সে কারণেই বৈশ্বিক মন্দার জন্য দায়ী এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তরগুলোকেই তারা বিক্ষোভ প্রদর্শনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। এবারের জি-এইট শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ যুক্তরাজ্য রাষ্ট্রনেতাদের বৈঠকের স্থান হিসেবে বেছে নিয়েছে উত্তর আয়ারল্যান্ডের যে হ্রদবেষ্টিতহ অবকাশ যাপন কেন্দ্র, সেখানে বড় ধরনের জনসমাবেশ আয়োজন করা প্রায় অসম্ভব। স্বভাবতই চাপটা তাই লন্ডনে কেন্দ্রীভূত থাকার আশঙ্কা বেশি। রাজনীতিকেরা যখন অন্যদের জন্য ‘অবশ্যপালনীয় করণীয়’ ঠিক করে দিয়ে নিজেরা সেগুলো উপেক্ষা করেন, তখন আর বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা কীভাবে অটুট থাকে?কামাল আহমেদ: বিশেষ প্রতিনিধি, লন্ডন।