ড. আকবর আলি খান গল্প বলেছিলেন। ছেলে বড় হলে কী হবে, তা এক মা বুঝতে চেয়েছিলেন। তাই মন্ত্রণামতো একটা টেবিলে তিনি টুপি, মানিব্যাগ ও পিস্তল রাখলেন। টুপি নিলে এলেমদার, মানিব্যাগ নিলে পকেটমার ও পিস্তল নিলে মাস্তান। ছেলেটি প্রথমে মাথায় টুপি দিল। এরপর মানিব্যাগটি পকেটে পুরল। সবশেষে হাতে তুলে নিল পিস্তল। তখন ছেলেটির মাকে বলা হলো, তার ছেলে ভবিষ্যতে রাজনীতিবিদ হবে। অন্যদের সঙ্গে তোফায়েল আহমেদ হাসিতে যোগ দেননি। হাত দিয়ে মুখ ঢেকেছিলেন। তিনি বললেন, বাংলাদেশের এ অবস্থার জন্য রাজনীতিবিদেরা নন, সাবেক আমলারা দায়ী। কবির লড়াইয়ের আমেজে বৈঠকের পরিবেশ হয়তো ক্ষণকালের জন্য ভারী হলো। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, দুই বক্তব্যের মধ্যে বুঝি, বড় কোনো বৈরিতা কিংবা সত্যের তেমন কোনো ঘাটতি আছে। কিন্তু সত্যিই কি আছে? বরং আমরা তো দেখি, একশ্রেণীর রাজনীতিবিদ ও একশ্রেণীর আমলাই আমাদের সমাজকে অক্টোপাসের মতো আটকে ধরেছে।৩ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই আলোচনা চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল সাবেক তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদের লেখা মুক্তিযুদ্ধের দলিল লন্ডভন্ড এবং অতঃপর শিরোনামে বই। ঘটনাক্রমে এই লেখক ওই আলোচনা সভার সঞ্চালক ছিলেন। সাবেক মন্ত্রী বলেই হয়তো আমরা তাঁর কাছ থেকে এমন একটা বই পেলাম। আলোচনা যাতে বইয়ের বিষয়বস্তু, বিশেষ করে আওয়ামী লীগের একজন নেতা হিসেবে যেসব বিষয় নতুন করে সামনে এনেছেন, তাকে ঘিরেই থাকে, কিছু পরামর্শ আসে, সে জন্য গোড়াতে আলোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কিন্তু সেটা অরণ্যে রোদন ছিল।ব্যক্তিকেন্দ্রিকতা, ব্যক্তিতন্ত্র, রাজনীতি বাণিজ্যিকীকরণ, স্পিড মানি, ক্রিমিনাল মানি—এসবই ছিল কতিপয় নতুন শব্দ। প্রথা ভঙ্গ করে হাত কচলানোর জায়গা থেকে সরে আসার একটা চেষ্টা লেখকের আছে। কিন্তু সেটা এই মাত্রায় নয়, যা আমাদের বোধগম্য রাজনৈতিক সংস্কৃতিকে অতিক্রম করে যায়। এ কথায় তাঁর স্বীকৃতি আছে যে, আওয়ামী লীগ ও বিএনপি বলে আলাদাভাবে কিছু ঠাহর করা কঠিন। সমাজ উন্নয়নের ধারাকে ‘ব্যক্তিক ক্ষমতালিপ্সুতা’ সত্যিই ‘লন্ডভন্ড’ করেছে। লেখক যদি দাবি করেন যে এটা তিনি শুধু সামরিক শাসকদের উদ্দেশে বলেছেন, তাহলেও তাতে সত্যের অপলাপ ঘটবে। কারণ, বেসামরিক শাসকেরাও এ থেকে বাইরে নন। দুই দলের তফাত নির্ণয়ে তিনি অকপট হতে চেয়েছেন। বলেছেন, ‘পাহারাদার নিযুক্তির ক্ষেত্রে জনগণের সুযোগ থাকে দুই পাত্রের মধ্যে কাকে সে বেছে নেবে।’ দুই বড় দলের নাম না নিয়ে তিনি বলেন, ‘এর একটি দাগি, অন্যটি আধা পচা। একদিকে “দস্যু”, অন্যদিকে “দানব”। কার কাছে যাবে? “ভালো মাল” বাজারে আসতেই পারে না।’ তাঁর স্পষ্ট ঘোষণা, ‘আজ বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে কালো মানুষেরা রাজনৈতিক মাঠ থেকে “সাদা, সৎ মানুষদের” বের করে দিয়েছে। অধিকাংশ সাংসদ বেনিয়া, “টাকার মানুষ”। এই মানুষেরা রাজনীতিকে প্রধান বাণিজ্য হিসেবে গ্রহণ করেছে। ফলে রাজনীতি বাণিজ্যিকীকরণ হয়েছে। ঘুষ, লুণ্ঠন, দুর্নীতি, ফাঁকফোকর গলে আসা টাকা রাজনীতিকদের মধ্যে লগ্নি হয়েছে। বর্তমানে কালোটাকার পরিমাণ এক লাখ ৭৫ হাজার কোটি টাকার বেশি। এ অবস্থায় জনগণ হয়ে পড়ে কেনাবেচার টার্গেট। অথচ সংবিধানে লিখিত আছে, রাষ্ট্র এমন অবস্থার সৃষ্টি করবে, যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবে না।’আমরা এটাই চাই, আওয়ামী লীগের কিংবা দুই বড় দলের ভেতর থেকেই এই প্রশ্নগুলো সামনে আসুক। এক ব্যক্তির শাসন যে বাংলাদেশকে ছারখার করে দিচ্ছে, এই সত্যটা বড় বেশি তীব্র ও তীক্ষ হয়ে সবার সামনে উদ্ভাসিত হোক। অধ্যাপক সাইয়িদ লিখেছেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সাংসদেরা বোবা থাকেন। এক ব্যক্তির কথায় উঠবস করেন।’ সংসদীয় দলগুলোকে তিনি যথার্থই ‘কীর্তনের দল’ বলে চিহ্নিত করেছেন। তাঁর কথায়, ‘মূল গায়েন যা বলেন, অন্যরা তা-ই “দোহার” তোলে। সেই “দোহারে” জনগণ নেই। তাঁদের দুঃখের কথা, কষ্টের কথা, বেদনার কথা, যন্ত্রণার কথা বা অভাব-অনটনের কোনো কথা নেই। শুধু হরিভজন, কী চমৎকার সংসদীয় গণতন্ত্রের এই কীর্তনিয়া আসর। কেউ যেন ছুটে না যায়, সে জন্য শক্ত করে বাঁধন দেওয়া হয়েছে।’ কিন্তু পরিহাস হলো, এর কোনো প্রতিকারের পরামর্শ তিনি দেননি, বরং স্ববিরোধিতার সুরে তিনি বলেন, ‘যেভাবে দিন দিন কালোটাকা ও দুর্নীতিবাজদের কবজায় সংসদ সদস্যপদ চলে যাচ্ছে, তাতে ৭০ অনুচ্ছেদ তুলে দিলে তা রাতারাতি সরকার বদলের তেলেসমাতিতে পরিণত হবে কি না, তা ভেবে দেখতে হবে।’লেখক একদেশদর্শী এবং আওয়ামী লীগারই হয়ে থাকেন, যখন তিনি মুক্তিযুদ্ধের দলিল লন্ডভন্ড বলতে বিতর্কিত চতুর্থ সংশোধনীকে অন্তর্ভুক্ত করতে চান না, এমনকি এর একটি বিধানেরও সমালোচনা করতে অপারগ থাকেন। পঞ্চদশ সংশোধনীতে ‘বিসমিল্লাহ’ রাখা, ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করে মূল সংবিধানের ৩৮ অনুচ্ছেদের শর্তাংশ প্রতিস্থাপন করতে না পারা এবং রাষ্ট্রধর্ম বহাল রাখার বিষয়টিকে তিনি নির্দিষ্টভাবে গোঁজামিল বলেন। ওই আলোচনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের কথায় অবাক হলাম। বঙ্গবন্ধু বলেছিলেন, চার মূলনীতির মধ্যে সেরা মূলনীতি হলো ‘জনগণের মৌলিক অধিকার’। আর পঞ্চদশ সংশোধনীতে বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকারের বিধানগুলো পর্যুদস্ত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা হরণকারী কালাকানুন বহাল রাখা হয়েছে। ড. মিজান এসব নিয়ে সরব হবেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি লেখকের কাছে প্রশ্ন রেখেছেন, ‘পঞ্চদশ সংশোধনীতে যে আপস করা হয়েছে, তার কোনো বিকল্প ছিল কি না।’ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে বাহাত্তরের সংবিধানে পুরোপুরি ফিরতে না পারার বেদনা আমরা শুনেছি। তাতে যুক্তি নিশ্চয়ই আছে। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে ৭ক ও ৭খ অনুচ্ছেদ সংযোজনসহ ৫০টির বেশি অনুচ্ছেদকে চিরকালের জন্য অপরিবর্তনীয় ঘোষণা করার মতো কতিপয় বালখিল্য কিংবা ধুরন্ধর পদক্ষেপের আদৌ কোনো দরকার ছিল না।অধ্যাপক সাইয়িদ বাকশালের আওতায় পাবনা জেলার গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সুতরাং বাকশালের প্রতি তাঁর একটা সহানুভূতি কিংবা পক্ষপাত অস্বাভাবিক নয়। তিনি আমাদের নতুন করে বাকশাল আঁকড়ে ধরতে পরামর্শ দিচ্ছেন কি না জানি না। তবে তাঁর বইয়ের বড় জায়গাজুড়ে বাকশাল কী পরিস্থিতিতে, কেন প্রবর্তন করতে হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন। বাকশাল সম্পর্কে আওয়ামী লীগ আজও সংবেদনশীল। কিন্তু কেন সেদিন সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করতে হয়েছিল, কোথা থেকে এটা এসেছিল, তার ব্যাখ্যা আমরা আজও পাই না। সাইয়িদ সেই বিষয়টিও সযত্নে এড়িয়ে গেছেন। আমরা পিতার ভুলের সমালোচনা করি। প্রশাসকরূপী জাতির পিতার নির্মোহ সমালোচনা তা যত রূঢ় হোক, তা আমাদের করতে হবে। এমন অনুভূতির প্রতি আঘাত সইতে শিখতে হবে।ড. আকবর আলি খান ও তোফায়েল আহমেদের প্রসঙ্গ দিয়েই শেষ করি। রাজনীতিবিদ ও আমলাদের সম্পর্কে যে কঠোর উক্তি করেছেন, তা কিন্তু অযথার্থ নয়। তাঁরা উভয়েই দুটি রূঢ় সত্য আমাদের সামনে এনেছেন। একে সামগ্রিক বা খণ্ডিতরূপে মানা না-মানা মূলত প্রসঙ্গ ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। উভয়ে ক্ষতিকর রাজনীতিক ও আমলাদেরই কটাক্ষ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা বুঝতে পারি না রাজনীতিবিদের সংজ্ঞা কী। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দিকে তাকালে আমরা বুঝতে পারি না কাকে আমরা আমলা বলব, কাকে আমরা রাজনীতিবিদ বলব না। আমলার ভরণপোষণ, আমলার তুষ্টি, আমলার পরিপুষ্টি ও আমলা তোষণ ছাড়া এই রাষ্ট্রের কুশীলবেরা আর কোনো কিছু করেই ততটা সন্তুষ্টি অর্জন করতে পারেন না। এবং সে কাজটা অবশ্যই অসহায়তার সঙ্গে রাজনীতিবিদেরাই প্রধানত করে থাকেন। তোফায়েল আহমেদ দৃষ্টান্ত হিসেবে এম কে আনোয়ারকে টেনেছেন। কিন্তু আমরা দেখি, একজন এম কে আনোয়ার বিচার বিভাগ পৃথক না করতে যে ফর্মুলা দেন, সেটা আওয়ামী লীগের গ্রহণ করতে কষ্ট হয় না।সুতরাং আপাতদৃষ্টিতে মনে হতে পারে, ড. খান রাজনীতিকদের এবং তোফায়েল আহমেদ সাবেক আমলাদের খোঁচা দিয়েছেন। কিন্তু কে, কখন আমলা আর সাবেক আমলা, তার মধ্যে তফাত খুঁজে পাই না। আজ যিনি সাবেক আমলা, কাল তিনি মন্ত্রী, উপদেষ্টা কিংবা সাংবিধানিক পদধারী। রাজনীতিবিদেরা যখনই জনগণের সামনে কোনো একটা নিরপেক্ষতার ভাব ও ব্যঞ্জনা আনতে সচেষ্ট হন, তখন পয়লা তাঁদের নজর পড়ে আমলাদের দিকেই। বাংলাদেশের ইতিহাসে বেসামরিক প্রশাসনে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চসংখ্যক সামরিক আমলা কর্মরত রয়েছেন।১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত গঠিত উপদেষ্টা পরিষদের দিকে তাকালে দেখা যাবে, সেখানে নাগরিক সমাজের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব সবচেয়ে কম। যেকোনো কমিটি বা কমিশন হোক, তাতে সামরিক, বেসামরিক ও বিচার বিভাগীয় আমলার কদর সবচেয়ে বেশি। কেন এই বেহাল অবস্থা, তা-ও নির্দেশ করেছেন তোফায়েল আহমেদ। তাঁর কথায়, দলে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব সৃষ্টি করতে না পারার কারণেই এটা ঘটেছে। ড. আকবর আলি খান নিশ্চিতভাবেই রাজনীতিকদের প্রতিই শ্রদ্ধাশীল থেকেছেন। ভালো আমলা ও সাবেক আমলাও হবেন বরণীয়। তবে মুক্তি চাইলে ‘ব্যক্তিতন্ত্র’ থেকে বেরোতে হবে। দল ও সরকারের প্রধান হবেন আলাদা ব্যক্তি। সংসদীয় সরকারব্যবস্থায় সুপার সচিবালয়ের জায়গা নেই।অধ্যাপক সাইয়িদ ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটিতে ছিলেন। তিনি তাঁর বইয়ের ২৪ পৃষ্ঠায় মাত্র সাত মাসে সংবিধান দেওয়ার প্রসঙ্গে বলেন, রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভাকে দেওয়া হয়। এই তথ্য শুধু ভুল নয়, এটা একটা সাংবিধানিক কেলেঙ্কারি। সংবিধান প্রণয়ন কমিটি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে দিলেও ৪ নভেম্বর তাতে গোপনে সংশোধনী আনা হয়। নির্বাহী ক্ষমতা সেই থেকে ব্যক্তি প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। বাংলাদেশে নির্বাচিত ও সাংবিধানিক স্বৈরতন্ত্রের বীজ এভাবেই বাহাত্তরের সংবিধানে রোপিত হয়েছিল। এটা এখন বিষবৃক্ষে পরিণত হয়েছে, একে উপড়াতে হবে।মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]