রাজনীতিকদের কাছ থেকে কী শিখছে জাতি?
বিগত বছরগুলোতে জাতীয় সংসদে বাজেট আলোচনা ছিল নিষ্প্রাণ। এবার অনেকটাই প্রাণ এনেছে সরকারি ও আধা সরকারি দলের সংসদের কথাবার্তা। আমরা মনে করতে পারছি না, বিএনপি আমলে বিরোধী দল আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ আমলে বিএনপির সাংসদেরা বাজেট উপস্থাপনকালে সংসদে উপস্থিত ছিলেন। তখন গণতন্ত্রের অপরিহার্য শর্ত ছিল ‘বর্জন’। দশম সংসদে আর যাই হোক না কেন এই ‘বর্জন’ সংস্কৃতির অবসান ঘটেছে। গত তিনটি বাজেটের মতো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যখন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেন, আধা হোক আর সিকি হোক বিরোধী দলের সাংসদেরা উপস্থিত ছিলেন। এ জন্য তাঁরা ধন্যবাদ পেতে পারেন।
কিন্তু একই সঙ্গে এই প্রশ্নও আসবে যে বাজেটের খুঁটিনাটি বিষয় নিয়ে সাংসদেরা চুলচেরা বিশ্লেষণ কি কখনো করছেন? না, করছেন না। আমাদের বাজেট তৈরির প্রক্রিয়ায় মারাত্মক গলদ আছে। যাঁরা বাজেট পাস করবেন, তাঁদের বাজেট তৈরি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ কম। সাংবিধানিকভাবে সেই সুযোগটিই রহিত করে দেওয়া হয়েছ ৭০ অনুচ্ছেদের মাধ্যমে। এর ফলে কোনো সাংসদের পক্ষেই দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া সম্ভব নয়। এমনকি জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু কিংবা ফিরোজ রশীদ যতই গরম বক্তৃতা দিন না বাজেট পাসের সময় এর বিপক্ষে অবস্থান নিতে পারবেন কি না সে বিষয়ে সংশয় আছে।
তাই আমরা যদি সত্যিকারভাবে সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই তাহলে ৭০ অনুচ্ছেদের খড়্গ বাতিল করতেই হবে। বিরোধী দলে থাকতে রাজনীতিকেরা এর পক্ষে জোরালো বক্তব্য রাখলেও ক্ষমতায় গিয়ে ভুলে যান।
বাজেট নিয়ে সংসদে গত কয়েক দিনের আলোচনাকে একেক মহারথী একেকভাবে দেখছেন। বিএনপি ও এর সমর্থকদের কেউ কেউ এটিকে পাতানো খেলা বলে চালিয়ে দিচ্ছেন। এর মাধ্যমে একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদকে বৈধতা দেওয়ার কোশেশ বলেও মনে করেন তাঁরা। কিন্তু বর্তমান সংসদের নৈতিক অবস্থান যত দুর্বলই হোক না কেন, আইনগতভাবে বৈধ। গত সাড়ে তিন বছর প্রায় বিনা চ্যালেঞ্জই সংসদ তার কার্যক্রম চালিয়ে আসছে। বাকি সময়টা পার হতেও খুব বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। তাহলে পাতানো খেলার কী প্রয়োজন?
আসল প্রশ্নটা হলো, এই সংসদের মেয়াদ শেষে কী হবে? সংবিধান অনুযায়ী আরেকটি সংসদ গঠন করতে হবে। সেই সংসদ গঠনের জন্য একটি নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বা যাওয়ার দ্বিতীয় কোনো পথ আছে বলে জানা নেই। এই যে সংসদে বাজেট নিয়ে এবার সরগরম আলোচনা চলছে, তার পেছনেও রয়েছে ওই নির্বাচনের চিন্তা। কোনো কোনো সাংসদ খোলাখুলি বলেছেন, এটি মোটেই নির্বাচনী বাজেট হয়নি। বরং নির্বাচনবিরোধী বাজেট হয়েছে। এর ইতিবাচক দিক হলো তাঁরা ধরেই নিয়েছেন ২০১৪ সালে যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া গেছে, এবারে সেটি সম্ভব হবে না। বিএনপিও সম্ভবত আগের অবস্থান থেকে সরে এসেছে। মুখে তারা যাই বলুন না কেন, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তারা নির্বাচনী যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্থাপিত বাজেট নিয়ে সংসদের বাইরে ও ভেতরে বিস্তর আলোচনা হয়েছে। বাজেট পাসের পরও এ আলোচনা অব্যাহত থাকবে আশা করি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বাজেট পাসের পর নাকি বিএনপি সমালোচনার সুযোগ পাবে না। সে জন্য ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কিন্তু সরকারি দলের দুজন জ্যেষ্ঠ সদস্যের বক্তব্য আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। একজন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অপরজন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তাঁরা সমালোচনার ক্ষেত্রে শালীনতা ও ভদ্রতা বজায় রাখার কথা বলেছেন। কারও বয়স নিয়ে কটাক্ষ না করতে বলেছেন।
তোফায়েল আহমেদ বলেছেন, ‘সম্মানিত মানুষকে সম্মান দিতে হয়।’ আর মতিন খসরুর বক্তব্য ছিল ‘অর্থমন্ত্রীর মতো একজন ব্যক্তিকে নিয়ে আমরা গৌরব বোধ করি। তাঁকে নিয়ে যেভাবে কথা বলা হয়েছে, তাতে জাতি বিব্রত হয়েছে। তিনি সিনিয়র ম্যান। সংসদে এভাবে কথা বলা উচিত নয়। তাহলে জাতি আমাদের কাছ থেকে কী শিখবে।’
তাঁরা দুজনই বলেছেন, ‘বাজেটের সমালোচনা করা যেতে পারে। কিন্তু এভাবে অর্থমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত হয়নি।’ খুবই খাঁটি কথা বলেছেন তাঁরা। রাজনীতিতে পথ ও মতের ফারাক থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন হবে? সেটি সংসদের ভেতরের জন্য যেমন সত্য, তেমনি বাইরের জন্যও।
কিন্তু এই সংসদেই আমরা একাধিকবার প্রত্যক্ষ করেছি, কোনো কোনো সাংসদ শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে তথ্যপ্রমাণ ছাড়া মনগড়া অভিযোগ এনে সমাজের মান্যগণ্য ব্যক্তি, জাতীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিককে উচ্চারণ অযোগ্য ভাষায় গালাগাল করতে। তখন কিন্তু কোনো আইনপ্রণেতা এর প্রতিবাদ করেননি।
এবারে অর্থমন্ত্রীর পক্ষে তো কেউ কেউ কথা বলছেন। আবার তাঁর নিজেরও সংসদে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। কিন্তু সংসদের বাইরে থাকা ব্যক্তিদের সেই সুযোগটুকুও নেই।
প্রকৃতপক্ষে সম্মানের বিষয়টি একতরফা নয়। সম্মান পেতে হলে সম্মান দিতেও হয়। বাজেট কিংবা রাজনৈতিক আলোচনায় কাউকেই ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপমান করা উচিত নয়। অথচ আমাদের নেতা-নেত্রীরা অনেক সময় এমন ভাষায় কথা বলেন, যা শালীনতার সব সীমা লঙ্ঘন করে। মতিন খসরুর ভাষায় বলতে হয়, জাতি রাজনীতিকদের কাছ থেকে কী শিখবে? সভা-সমাবেশে তাঁরা একে-অপরের বিরুদ্ধে যেভাবে চোখ রাঙিয়ে কথা বলেন, প্রতিপক্ষকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তাতে মনে হয় না, তাঁদের কাছ থেকে জাতি ভালো কিছু শিখছে? কাউকে অপমান বা অসম্মান করলে নিজের সম্মান বাড়ে না। আর কে গণনন্দিত আর কে গণধিক্কৃত সেই রায়টি দেওয়ার মালিক একমাত্র জনগণ।
রাজনীতিকদের কাছে সবিনয়ে অনুরোধ থাকবে, আপনারা যত পারুন নিজের ঢাক পেটান। কিন্তু অন্যের ঢাকটি ভেঙে ফেলার চেষ্টা করবেন না। বয়সে যিনি এক দিনের বড় তাঁকে সম্মান করে কথা বলুন। তাহলেই দেশবাসী আপনাদের কাছ থেকে ভালো কিছু শিখবে। আশা করি, সংসদ অধিবেশনের পরও তাঁরা কথাটি ভুলে যাবেন না।
এ প্রসঙ্গে একটি উদাহরণ না দিয়ে পারছি না। বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে অনেকেরই রাজনৈতিক মত ও পথের ফারাক ছিল। রাজনৈতিক চিন্তাধারায় তিনি বরাবর মধ্যপন্থী ছিলেন। কিন্তু ডান-বাম উভয় শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল চমৎকার। সেটি মানবিক ও সামাজিক সম্পর্ক। তাঁর ঘোরতর প্রতিপক্ষও বলতে পারবে না তিনি মানুষকে অসম্মান করে কথা বলেছেন, ব্যক্তিগত সৌহার্দ্য মলিন হয় এমন কিছু করেছেন। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করেছেন নীতি ও কর্মসূচি দিয়ে। যারা তাঁর রাজনীতির বিরোধী ছিলেন, তাঁদেরও তিনি ব্যক্তিগত ব্যবহারে মুগ্ধ করতে পারতেন। মানুষকে মুগ্ধ করার অসাধারণ গুণ ছিল তাঁর।