সম্প্রতি কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এই সতর্কবাণী উচ্চারণ করেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বল্পমেয়াদি রাজনৈতিক দ্বন্দ্বের বলি না হয়। তিনি যখন এই মন্তব্য করলেন, তখন দুই মাসের অধিক সময় চলা রাজনৈতিক সহিংসতায় দেশের তরুণসমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর পাশাপাশি সাড়ে চার কোটি শিক্ষার্থী রয়েছে চরম অনিশ্চয়তায়। ইতিমধ্যে বছরের দুটি মাস চলে গেছে। এই সেমিনারে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ যে সর্বস্তরে যুবসমাজের নেতৃত্বকে সামনে নিয়ে আসা এবং তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব বণ্টনের ওপর জোর দিয়েছেন, তা–ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেকোনো দেশের রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। কিন্তু অব্যাহত অবরোধ ও হরতালের মাধ্যমে সেটি কখনোই সম্ভব নয়। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটি বোঝেন না তা–ও নয়। কিন্তু তঁারা দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের কথা না ভেবে গোষ্ঠীবিশেষের স্বল্পমেয়ািদ স্বার্থের কথাই বেশি ভাবেন। এ কারণেই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ উপেক্ষা করতেও তঁারা দ্বিধা করেন না।
অনুকূল পরিবেশ পেলে আমাদের তরুণেরা যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন, বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠাই তার প্রমাণ। কেবল ক্রিকেট নয়—শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রেই বাংলাদেশের তরুণেরা অসাধারণ সাফল্য ও কৃতিত্বের পরিচয় দিয়ে এসেছেন। এখন রাজনৈতিক নেতৃত্বের করণীয় হলো তঁাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
রাজনৈতিক সমস্যার নিরসন করতে হবে সমঝোতার মাধ্যমে। মনে রাখতে হবে, এক পক্ষ যদি অন্য পক্ষের ওপর জবরদস্তি করে, তারাও একই আচরণ করবে। ব্রিটিশ হাইকমিশনার যে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের কথা বলেছেন, আমাদের রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই তাদের উপেক্ষা করতে পারেন না। অচিরেই তাঁদের ঘুম ভাঙবে, সেটাই আমাদের প্রত্যাশা।