রাজনীতিতে তৃতীয় শক্তির আবছা রেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা খুব আশার কথা যে বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে। সব তরুণই যে জেগে উঠেছে, তা অবশ্য নয়। তরুণদের এক বড় অংশ জেগে উঠেছে। যারা এখন জেগে উঠেছে, তারা সঠিক নেতৃত্ব ও কর্মসূচি দিতে পারলে আরও অনেক তরুণকে তারা তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে পারবে আশা করা যায়।যুদ্ধাপরাধী কাদের মোল্লার মামলার রায়ের সূত্র ধরে ঢাকার শাহবাগ চত্বরে একদল তরুণ প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিল। দিনটি ছিল ৫ ফেব্রুয়ারি ২০১৩। পরে সেই জমায়েত তরুণদের এক মহাসমাবেশে রূপ নেয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে ঢাকা শহরের নানা বয়সী মানুষ, এমনকি অসংখ্য পরিবারও এই সমাবেশে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করে। দেশের বিভিন্ন জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রধানত তরুণেরাই এর উদ্যোক্তা ও কর্মী। নানা কারণে শাহবাগের ‘গণজাগরণ মঞ্চের’ সেই আবেদন এখন অনেকখানি হারিয়ে গেছে। সেটা ভিন্ন বিষয়।আমরা যে কারণে ‘গণজাগরণ মঞ্চ’ সম্পর্কে আগ্রহী, তা সম্পূর্ণ এক ভিন্ন কারণে। এর মাধ্যমে তরুণ সমাজে একটা আলোড়ন ঘটেছে। এত দিন একটা অভিযোগ ছিল, আমাদের ছাত্রছাত্রী ও তরুণ সমাজ দেশের কোনো ইস্যুতে মাথা ঘামাচ্ছে না। এমনকি নিজেদের সমস্যা বা ইস্যু নিয়েও তারা উদাসীন। বলা হতো, তারা রাজনীতিবিমুখ। তারা ক্যারিয়ারিস্ট। মোবাইল ফোন, ব্লগ, ফেসবুক ও কম্পিউটার নিয়ে তারা এক আত্মকেন্দ্রিক জীবন যাপন করে। শাহবাগের গণজাগরণ মঞ্চ এই অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পেরেছে।শাহবাগের আন্দোলন এখন দুটি দাবিতে সীমাবদ্ধ। ১. যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, ২. জামায়াত-শিবির নিষিদ্ধ ঘোষণা। এই দাবিতে তাদের আন্দোলন ও নানা কর্মসূচি চলছে। তবে দেখতে হবে তাদের আন্দোলন যেন হাসপাতাল, রোগী, সাধারণ মানুষ, যানবাহন চলাচল ইত্যাদিতে নিয়মিত বিঘ্ন সৃষ্টি না করে। তারা যদি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘অবস্থান ধর্মঘট’ চালাতে চায়, তাহলে ট্রাইব্যুনালের সামনে, অথবা সচিবালয়ের সামনে কিংবা জাতীয় সংসদের সামনে তাদের সভা-সমাবেশ করতে পারে। এই তিনটিই উপযুক্ত জায়গা। হাসপাতালবেষ্টিত জনবহুল কয়েকটি রাস্তার মোড় অনির্দিষ্টকালের ‘অবস্থান ধর্মঘটের’ জন্য উপযুক্ত জায়গা নয়। বর্তমান রাজনৈতিক সংকটে একটা কথা নানা মহলে উচ্চারিত হয়, তা হলো, ‘দেশের প্রধান দুই দল জনসাধারণের প্রত্যাশা পূরণে বারবার ব্যর্থ হয়েছে। তারা দূষিত ও দুবৃর্ত্তায়নের রাজনীতির পৃষ্ঠপোষকতা করছে। দেশে যদি কোনো ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’র উত্থান হতো, তাহলে মানুষ সেই দলকেই ভোট দিত।’ বড় দুই দলের বেনিফিশিয়ারি কিছু মানুষ ছাড়া দেশের অধিকাংশ মানুষই এই দুই দলের সন্ত্রাস, দুর্নীতি ও ‘নির্বাচিত একনায়কত্ব’ থেকে মুক্তি চায়। এই ইস্যুতে একটা ‘গণভোট’ হলেই তা প্রমাণিত হতে পারে। কিন্তু এ সত্ত্বেও রাজনৈতিক বাস্তবতা হলো, দেশে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি। আমাদের ধারণা, সে রকম দল বা রাজনীতিবিদ এখন নেই বললেই চলে, যাঁরা সংসদের ১৫১টি আসনে জয়লাভ করতে পারবেন। এই ব্যর্থতা ও বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বড় দুই দলের সন্ত্রাস, দুর্নীতি ও ‘নির্বাচিত একনায়কত্ব’ এ দেশের মানুষ যুগের পর যুগ মেনে নেবে? পরিবারতন্ত্র ও উত্তরাধিকারের রাজনীতিই কি এ দেশে বহাল থাকবে? এত দিন মনে হয়েছিল, নাটকীয় কোনো ঘটনা না ঘটলে এই ভবিতব্য আমাদের মেনে নিতেই হবে। এই পটভূমিতে আমি প্রথম আলোতে প্রায় এক বছর আগে লিখেছিলাম, ‘তরুণরোই হবে দেশের তৃতীয় শক্তি’। আজ ভাবতে ভালো লাগছে, আমার সেই কল্পনা বা স্বপ্ন এখন বাস্তবে উঁকি দিচ্ছে। সম্ভাবনার একটা রেখা দেখা যাচ্ছে। অবয়ব নয়। আমরা ‘শাহবাগ প্রজন্ম চত্বরকে’ সেই ‘তৃতীয় শক্তি’ বলে মনে করছি না। তবে শাহবাগকে কেন্দ্র করে তরুণদের মধ্যে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তাকেই তৃতীয় শক্তির একটি আবছা রেখা বলে মনে করছি। অনুমান করছি, সবাই না হলেও অনেক তরুণ নিশ্চয় দেশের সামগ্রিক রাজনীতি, অর্থনীতি ও উন্নয়ন নিয়ে ভাবছে। আমি যদি আজ সেই তরুণদের একজন হতাম, তাহলে আমি সমমনা তরুণদের সঙ্গে নানা বিষয়ে মত বিনিময় করতাম। প্রশ্ন হলো, ‘সমমনা’ কারা? যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা বড় দুই দলের সন্ত্রাস, দুর্নীতি, নির্বাচিত একনায়কত্ব ও পরিবারতন্ত্র সম্পর্কে ক্ষুব্ধ এবং যারা দেশে একটা ইতিবাচক পরিবর্তন চায়, যারা জামায়াতসহ কয়েকটি দলের দুর্বৃত্তায়ন থেকে দেশের রাজনীতি ও শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্ত করতে চায়, তারাই সমমনা। মোটা দাগে এদেরই আমি সমমনা বলব। দেশের সবখানে একটা ইতিবাচক পরিবর্তন আনতে যারা চায়, তাদের নিয়ে একটা ‘তরুণ ফোরাম’ গঠন করার কথা আমি ভাবতাম। যেসব তরুণ বা ছাত্র বর্তমান রাজনীতি ও রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখে, আমি বিশ্বাস করি, তারাও দেশকে ভালোবাসে। তারাও দেশের জন্য কিছু করতে চায়। কিন্তু তাদের তো নানা প্ল্যাটফর্ম রয়েছে। ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, যুবদল, যুবলীগ—কত কত প্ল্যাটফর্ম তাদের। তারা সেখানে যোগ দিতে পারে। যারা বর্তমান কোনো প্ল্যাটফর্মের ওপর আস্থা রাখে না, যারা সম্পূর্ণ নিজেদের একটি পৃথক প্ল্যাটফর্ম করতে চায়, আমি তাদের সংঘবদ্ধ করতে আগ্রহী হতাম। আমাদের ধারণা, অনেক তরুণ এ রকম স্বপ্ন দেখে। আমরা মনে করি, এই মুহূর্তের প্রথম কাজ হবে ছাত্র ও তরুণদের মধ্যে ‘সমমনা’ খুঁজে বের করা। তারপর একটি ‘ফোরাম’ গঠন করা। দেশের সব বিশ্ববিদ্যালয়ে, কলেজে, জেলায় জেলায় ছাত্র/তরুণদের এই ফোরামের শাখা গঠন করতে হবে। সভা, সমাবেশ, সেমিনার, বিতর্ক ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ছাত্র/তরুণদের সংঘবদ্ধ করতে হবে। মিছিল, ধর্মঘট ধরনের কর্মসূচি এই ফোরাম নেবে না। এই ‘ফোরাম’ প্রথম মনোযোগ দেবে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি। অন্য সমস্যাগুলো অনেক বড় সমস্যা। আগে নিজেদের ছোট ছোট সমস্যা সমাধান করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এ মুহূর্তে এই ‘ফোরাম’ দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে, আবাসিক হলে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ও নির্বাচিত উপাচার্যের দাবিতে (আইন অনুযায়ী) আন্দোলন গড়ে তুলতে পারে। এই একটি দাবির আন্দোলন দেশের সব জেলায় ছড়িয়ে পড়তে পারে। এখানে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই। সরকার আইন করে কোনো ছাত্র সংসদ নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। কাজেই এই আন্দোলন হবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে। কর্তৃপক্ষ ১৯৯০ সালের পর থেকে ছাত্রদের এই মৌলিক অধিকার অগ্রাহ্য করে একটা ভয়ংকর অন্যায় করেছে। এত দিন যে ছাত্ররা এই আন্দোলন করেনি, এটা ছাত্রসমাজের এক বড় ব্যর্থতা। যে ছাত্র নিজের গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে না, তারা বড় কিছু অর্জন করতে পারবে, তা বিশ্বাস করা শক্ত। ‘শাহবাগ প্রজন্ম চত্বরে’ যেসব ছাত্র যোগ দিয়েছে, তাদেরও উচিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পাশাপাশি নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করা। নিজের গণতান্ত্রিক অধিকার আদায় এবং তা সমুন্নত রাখাও মুক্তিযুদ্ধের চেতনার অংশ। গণতন্ত্রের দাবিও মুক্তিযুদ্ধের অন্যতম দাবি ছিল।প্রস্তাবিত এই ‘তরুণ ফোরাম’ ছাত্র ও তরুণদের স্বার্থসংশ্লিষ্ট নানা দাবিতে পর্যায়ক্রমে আন্দোলন শুরু করতে পারে। ছাত্র সংসদ নির্বাচনের দাবির কথা তো বলা হয়েছে। এ ছাড়া কলেজ, বিশ্ববিদ্যালয়ে নানা সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে, আবাসিক হলে তথ্যপ্রযুক্তির ব্যাপক সুবিধা দেওয়ার দাবি, কর্মসংস্থান বৃদ্ধি করার দাবি, ছাত্রজীবন শেষে বিনা জামানতে ছোট অঙ্কের ঋণ দিয়ে ছোট ছোট ব্যবসা শুরুর জন্য ‘এসএমই ফাউন্ডেশনের’ মতো ‘যুব ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার দাবি, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার দাবি, শিক্ষাবিষয়ক আরও নানা দাবিতে এই ফোরাম আন্দোলন গড়ে তুলতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে টেন্ডার-বাণিজ্য (যে কাজটি পালাক্রমে ছাত্রলীগ ও ছাত্রদল করছে) চিরতরে বন্ধ করার জন্য জোরদার আন্দোলন তারা গড়ে তুলতে পারে। বড় কয়েকটি রাজনৈতিক দল যেভাবে ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে, ছাত্রসমাজকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছে, তার বিরুদ্ধে সচেতন ও পরিবর্তনকামী ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। প্রস্তাবিত এই ফোরামের মূল দর্শন ও স্লোগান হোক: ‘আমরা ইতিবাচক পরিবর্তন চাই’। এই ‘তরুণ ফোরাম’ আন্দোলনের মধ্য দিয়ে একদিন ছাত্রসংগঠনে রূপ নেবে। তারপর যুব সংগঠনে রূপ নেবে। এরপর নতুন একটি রাজনৈতিক দলে রূপ নেবে। ২০১৯ সালের সংসদ নির্বাচনে এই যুব সংগঠন থেকে অন্তত ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা এখন থেকে ভাবতে পারে। যারা হবে জাতীয় সংসদে ছাত্র ও তরুণদের প্রতিনিধি। ২০২৪ সালের সংসদ নির্বাচনে এই নতুন রাজনৈতিক দল ৩০০ আসনেই প্রার্থী দেবে। আমরা স্বপ্ন দেখি, ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠন করবে এবং পর্যায়ক্রমে এভাবেই দেশে দুবৃর্ত্তায়নের দূষিত রাজনীতি ও পরিবারতন্ত্রকে পরাজিত করে ইতিবাচক ও প্রকৃত গণতান্ত্রিক রাজনীতি ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এবং এই তরুণেরাই হবে বহুল আলোচিত সেই তৃতীয় শক্তি। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।