ভাবা খুবই আনাড়িপনা হবে যে পাকিস্তানের আসন্ন নির্বাচনটি খুব নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। সব মুদ্রার গন্তব্য যখন সেনাপ্রধানের টেবিল, তখন তা হওয়া অসম্ভব। তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন কোন দল কতটা আসন পাবে এবং সে অনুযায়ী মনোনয়নপত্র পূরণ করার আগে ব্যবস্থাও নেবেন। গণতন্ত্র চালানোর ধরনটা ক্লান্তিকর, দ্বিধাকাতর ও বিশৃঙ্খল। তা সত্ত্বেও, এটাই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় যে জনগণ ভোটকেন্দ্রের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকে এবং কোনো চাপ ছাড়াই তাদের প্রতিনিধি নির্বাচন করে। পাকিস্তানে এমন অবস্থা বিরাজ করছে না।তাই পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ ও সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানিকে যখন ১৯৯০ সালে ভোট জালিয়াতির মাধ্যমে পাকিস্তানের পিপলস পার্টিকে (পিপিপি) পরাজিত করে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ক্ষমতারোহণ ঠেকানোর অভিযোগে অভিযুক্ত করা হয়, তখন আমি মোটেই বিস্মিত হইনি। তৎকালীন সেনাপ্রধান যখন চান যে পিপিপির সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে নির্বাচনে কারচুপি করা হোক, তখন এই দুজনেরও আলাদা কিছু করতে পারার কথা নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ সত্যই বলেছেন, ‘স্বচ্ছ তদন্তের মাধ্যমে ওই দুই ব্যক্তির বিচার করা হবে।’ কিন্তু এটা হলো বাস্তবতার দিক থেকে চোখ বুজে থাকার মতো। পাকিস্তানে শেষ কথা বলবে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের দায়ে সেনা কর্মকর্তাদের বিচার হওয়া তারা মানবে না। ঘটনাক্রমে পাকিস্তানে এখন পিপিপির সরকার ক্ষমতাসীন এবং সেই সরকারের কাছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সুপারিশ করেছেন, নওয়াজ শরিফের ইসলাম জাম্বুরিকে তহবিল জোগান দেওয়ার কাজ যদি এই দুই ব্যক্তি করে থাকেন, তাহলে তদন্তপূর্বক তাঁদের শাস্তি দেওয়া হোক। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতিতে যা-ই থাকুক না কেন, সেনাবাহিনীর সঙ্গে পিপিপির দহরম-মহরম বেশ চাঙা। সুতরাং দুজন শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তারা কিছু করবে কি না সন্দেহ। দুই কর্মকর্তাই সুপ্রিম কোর্টে গিয়ে তাঁদের বিরুদ্ধে দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। তার পরও, সবকিছু নির্ভর করছে সেনাবাহিনীর ওপর, এ ক্ষেত্রে সেনাপ্রধান জেনারেল পারভেজ কায়ানির ওপর। বিশ্বাস করার কোনো কারণ দেখি না যে সেনাবাহিনী আসলাম বেগ ও আসাদ দুররানির বিরুদ্ধে করা মামলাকে আইনের যথাযথ পথে চলতে দেবে এবং বিচারের মুখে পড়তে দেবে তাঁদের। সেনাবাহিনী এই দুই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে কিছু করবে না বলে সংবাদ বেরিয়েছে। একটা প্রতিবেদনে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে এই দুই কর্মকর্তা যেসব বেসামরিক ও সামরিক পদকে ভূষিত হয়েছেন, অপরাধের খেসারত হিসেবে সেগুলো তাঁদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তা হলেও, যেভাবে পাকিস্তানের ক্ষমতাতন্ত্র চলে তার সঙ্গে এমন কার্যক্রম একেবারেই যায় না। পাকিস্তানে সেনাবাহিনীই সর্বেসর্বা এবং ‘নির্বাচিত’ সরকার ততটাই স্বাধীন যতটা সেনাবাহিনী তাদের করতে দিতে রাজি। দুই কর্মকর্তাই অনেক শক্তিশালী এবং তাঁদের যোগাযোগও অনেক ভালো। শাস্তির মুখে পড়লে তাঁরা এমন সব তথ্য ফাঁস করবেন, যা হয়তো বিচার না করার থেকে বেশি বিব্রতকর।আইএসআই পাকিস্তানি সেনাবাহিনীর নিবিড় অঙ্গ এবং এই গোয়েন্দা সংস্থার কর্মীরা খুবই সুরক্ষিত। আইএসআই যদি এখনো ব্যাপারটিতে নাক গলিয়ে না থাকে, তাহলে আশা করা যায় যে শিগগিরই তারা তা করবে। মির্জা আসলাম বেগ ও আসাদ দুররানিকে আইনের আওতায় আনার সব চেষ্টাই তখন ব্যর্থ হবে।বোধগম্য কারণেই এ ঘটনায় পাকিস্তানের সিভিল সোসাইটিও সরব হয়নি। এর মানে এই নয় যে পরিস্থিতি দেখে তারা খুশি বরং তারা তাদের সাহসের অভাব বিষয়ে সচেতন। তারা এটা ভালো করেই জানে। সুপ্রিম কোর্টের শুনানিতে বেরিয়ে আসা সবচেয়ে উন্মোচনকারী বিষয় হলো আইএসআইয়ের রাজনৈতিক সেলের উপস্থিতি এবং এটা সেনাবাহিনীর কাঠামোরই অংশ। অন্যভাবে বললে, পাকিস্তানের রাজনীতিবিদদের পেছনে আইএসআই নজরদারি করে এবং তাঁদের গতিবিধি সব রেকর্ড করা হয়। যেমন তাঁদের টেলিফোনে আড়ি পাতা হয়, তাঁদের চিঠি খোলা হয় অথবা তাঁদের অতিথিদের গাড়ির নম্বর টুকে রাখা হয়। এটাতে কোনো অবাক হওয়ার ব্যাপার নেই, এমনকি ভারতের মতো গণতান্ত্রিক দেশেও এসব চলছে। বিপ্লবী রায়ের জন্য বিখ্যাত পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী সরকারকে বলেছেন আইএসআইয়ের রাজনৈতিক শাখাটি বন্ধ করে দিতে। এ রকম পদক্ষেপ খুবই প্রত্যাশিত, তাতে কোনো সন্দেহ নেই এবং এটা করা হলে তা নির্বাচনী প্রক্রিয়ায় আইএসআইয়ের হস্তক্ষেপ ঠেকাতেও সাহায্য করবে। কিন্তু সেনাবাহিনী না চাইলে এটা করা সম্ভব, তা আমি কল্পনাও করি না। রাজনীতিবিদ ও রাজনীতির গতি-প্রকৃতি এবং রাষ্ট্রের প্রশাসকদের ওপর নিবিড় ধারণা ছাড়া রাজনৈতিক ঘটনাবলির ওপর কীভাবে নিয়ন্ত্রণ রাখবে আইএসআই?ভারতে আমরা সম্প্রতি অবসর নেওয়া সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের কার্যকলাপের ওপর নজর রেখেছিলাম। অভিযোগ রয়েছে, দেশের রাজনৈতিক ঘটনাবলির ওপর নজর রাখায় তাঁরও রাজনৈতিক সেলের মতো কিছু একটা ছিল। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনিও রাজনৈতিক অর্থেই বলেছিলেন, তাঁর মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। জেনারেল ভি কে সিং যখন আখের দাম বাড়ানোর পক্ষে পার্লামেন্ট ভবন ঘেরাও কর্মসূচিতে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগ দেন, তখন এই পরিস্থিতিতে অবাক হওয়ার কিছু থাকে না। এটাই তাঁর উচ্চাভিলাষ সম্পর্কে সবটুকুই বলে দেয়। কিন্তু শোভনতা-শালীনতা বলে কিছু কি থাকবে না? তাঁর কি উচিত ছিল না অবসর গ্রহণ আর রাজনীতিতে যোগদানের মাঝখানে একটা শোভন বিরতি পার করা? মাত্র কয়েক মাস আগেই তিনি যে ১০ লাখ সেনার এক বাহিনীর নেতৃত্ব দিতেন, তারা কি তাঁর এ রকম আচরণে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে না? আমাদের আশা যে তাঁর মতো বিপথগামী সেনাবাহিনীতে ব্যতিক্রম।ইংরেজি থেকে অনূদিতকুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।