১৯৪৭ সালে যখন ব্রিটিশ পার্লামেন্ট ভারতের ক্ষমতা হস্তান্তরের বিলের ওপর আলোচনা করছিল, তখন সে সময়ের ব্রিটিশ বিরোধীদলীয় নেতা উইনস্টন চার্চিল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ক্ষমতা যাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাঁরা নিতান্তই ‘খড়ের পুতুল’। আসলে ভারতীয় সাম্রাজ্য হারানোই ছিল তাঁর সত্যিকার বিরক্তির কারণ। তাঁর কথাগুলো তিক্ত, কিন্তু এখন তা দৈববাণীর মতো ফলে গেছে। স্বাধীনতার পিতৃপুরুষেরা বিদায় নেওয়ার পর, স্বাধীনতাসংগ্রামে জনগণকে উজ্জীবিত করার আদর্শবাদও উবে যেতে লাগল। তৃতীয় শ্রেণীর লোকদের ক্ষমতায় আসা হয়ে দাঁড়াল সময়ের ব্যাপার মাত্র। কোনো সন্দেহ নেই যে এটাই ঘটেছে। এই কাহিনি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বেলায় সমান সত্য। আজ মামুলি চরিত্রের লোকেরা অথবা এমনকি নিকৃষ্ট লোকেরাই ক্ষমতার কর্ণধার হয়ে বসে আছেন।অবশ্যই এঁরা খড়ের পুতুল, অপশাসন বা অশাসনের বাতাসের ঝাপটায় তাঁরা দুলছেন। দুর্নীতি তাঁদের প্রশাসনের শিরোপা, যেখানেই পারেন সেখানেই এর ছাপ তাঁরা ফেলেছেন, সবখানে ছড়াচ্ছেন হতাশা। মানুষ এতই হতাশ যে অনেকে ব্রিটিশ আমলের জন্য আক্ষেপও করেন, যদিও কোনো সন্দেহ নেই যে সেটা ছিল ঔপনিবেশিক ও নিপীড়নমূলক। কিন্তু আইন প্রয়োগ ও শৃঙ্খলার ব্যাপারে তারা ছিল কঠোর। যে ভারতে প্রধানমন্ত্রী জওয়াহেরলাল নেহরুর কল্যাণে গোড়া থেকেই গণতান্ত্রিক শাসন ছিল, সেখানে এত দিনে সুপ্রতিষ্ঠিত ও বলিষ্ঠ রাজনৈতিক সমাজের পত্তন হওয়া উচিত ছিল। দেশের সর্বত্র আইনশৃঙ্খলা সমানভাবে বিরাজ করা উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি সম্পূর্ণ এর বিপরীত। সত্যি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিক থেকে ভারত গণতান্ত্রিক দেশ। কিন্তু এ দেশে এমনকি ১০ কিলোমিটার ভ্রমণ করাও অনিরাপদ। ভোটারদের ঘুষ দিয়ে বা বোকা বানানো স্বাধীন নির্বাচনের সঙ্গে মশকরা ছাড়া আর কিছু নয়। মোটামুটি একটি আসন জিততে পাঁচ কোটি রুপি লাগে। তাই অবাক হওয়ার কিছু নেই যে রাজনৈতিক দলগুলোর নেতারা কর মওকুফ বাবদ সরকারকে ফাঁকি দেন আড়াই হাজার কোটি টাকা। এর ৮০ ভাগই করে প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপি। এই দুটি দলের কার্যকলাপের পরিমাপ করা সম্ভব পার্লামেন্টে তাদের আচরণ দিয়ে। পার্লামেন্টের উভয় কক্ষেই তারা রাজনৈতিক ও ব্যক্তিগত যুদ্ধে ব্যস্ত। বছর কয়েক আগে, কংগ্রেস কয়েক মাসের জন্য সংসদ অচল করে রেখেছিল। বিজেপিও এ বছরের শুরুতে অধিবেশন সব সময় অকার্যকর করে দিয়েছিল।সম্প্রতিও বিজেপি সেই একই কাজ করতে যাচ্ছে বলে মনে হলেও চাপের মুখে কংগ্রেস হোঁচট খেয়ে একেবারে শেষ মুহূর্তে অধিবেশনটাকে বাঁচায়। মাল্টি-ব্র্যান্ড খুচরা পণ্যের বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের বিষয়টির ওপর পার্লামেন্টে ভোটাভুটির দাবি তারা মেনে নেয়। বিষয়টি এভাবে টেনে নিয়ে যাওয়া বিজেপির উচিত হয়নি। তারা চেয়েছিল পার্লামেন্টের কিছু বিধির দোহাই দিয়ে পুরো বিষয়টাকেই স্থগিত করে দিতে। এর ফল হলো, বিতর্কটা থেকে তাদের প্রস্থান। স্পিকার বিতর্কের পক্ষে রুল জারি করলেন এবং পরিস্থিতিটা একভাবে বাঁচল।কংগ্রেস তো খারাপই, কিন্তু বিজেপি অতি মন্দ। আমার স্মৃতি যদি ঠিকঠাক সাহায্য করে তো বলতে পারি, রাজ্যসভায় তৎকালীন বিরোধীদলীয় নেতা মনমোহন সিং বিজেপির বৈরী আচরণে বিরক্ত হয়ে আমাকে চার্চিলের ওই উক্তির কথা বলেছিলেন। আমি তাঁর সঙ্গে একমত হয়েছিলাম। আজ মনে হয়, চার্চিলের ওই কথাটা তখনকার চেয়ে এখন বেশি সত্য।এর মানে এই নয় যে, আমাদের বর্তমান দুরবস্থার জন্য ক্ষমতাসীন কংগ্রেসকে দোষারোপ করব না। এর মানে কেবল এটাই যে—যে কারণেই অপারগ হন না কেন, চার্চিলের হুঁশিয়ারি তিনিও খণ্ডাতে পারেননি। নয় বছরের অপশাসনের শিক্ষা এটাই, সবচেয়ে ভালো যোগ্যতা নিয়েও যে কেউ খড়ের পুতুল বনে যেতে পারেন। কার্যত দেশে নেতার আকাল পড়েছে। কোনো দলেই উঁচু মাপের লোক নেই। আমরা পেয়েছি কিছু জিরো আর নিরো। তাঁরা হয়তো টিভিতে জনপ্রিয় বা ভালো বিতার্কিক। কিন্তু তাঁরা মানুষের হূদয়ে সাড়া তুলতে পারেন না। দুর্দশা ও দুঃখের জীবন বদলানোর জন্য যে ধরনের সারবত্তা ও নিষ্ঠার সন্ধান মানুষ করে, এঁদের মধ্যে তার খুবই অভাব। প্রতিটি পার্লামেন্ট অধিবেশনে মানুষ নেতাদের ব্যর্থতার সাক্ষী হয়। দেশ আজ যেসব পাহাড়প্রমাণ সমস্যার মুখোমুখি, সেসব নিয়ে কেউই নিজ নিজ ব্যক্তিগত বা দলীয় বিবেচনার ওপরে উঠে নিরপেক্ষভাবে আলোচনা করতে পারেন না। ক্ষমতাসীনদের তো আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু তারা হয়েছে আরও ঔদ্ধত্য, চালচলনে রাজতান্ত্রিকতার কথা তো বাদই দিলাম। বিরান-প্রান্তরেই কংগ্রেস সংযত থাকে। জাতি পিছলে পড়ে যাচ্ছে, তা নিয়ে এমনকি বিদেশিরাও চিন্তিত। অথচ মৌলিক প্রশ্নে ন্যূনতম সমঝোতায় আসতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ এবং এ জন্য তারা মোটেই লজ্জিত নয়। রাজনৈতিক দলগুলো যখন কেবল ভোটের আশায় দেশকে বিপর্যস্ত করে, তখন এর থেকে বড় দুর্ভাগ্য কোনো দেশের হতে পারে না। পার্লামেন্টে চলা বিতর্কগুলোর বেশির ভাগই নিষ্ফলা। সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে হবে, তাতে সন্দেহ নেই। কিন্তু এটা নিয়েই পড়ে থাকলে তো চলবে না। এমনকি জরুরি বিলগুলোও তামাদি হয়ে পড়ে থাকে, পাস হয় না। বিরোধী দলের অবশ্যই মনে রাখা উচিত, প্রধানমন্ত্রীকে ধরাশায়ী করা যায় কেবল লোকসভায় আসনের সংখ্যার জোরে, কম্পট্রোলার জেনারেল বা অডিটর জেনারেলের রিপোর্টে কী বলা হয়েছে, তা দিয়ে নয়। হোক সেই রিপোর্ট হতাশাজনক। অপর পক্ষে শালীনতার প্রশ্নে প্রধানমন্ত্রীর নীরব থাকার কথা না হয় নাই বললাম।ইংরেজি থেকে অনূদিতকুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।