রাজনৈতিক অস্থিরতায় মন্থর হচ্ছে অর্থনীতির গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালেহউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিইএচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্পকাল শিক্ষকতা করার পর তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং দীর্ঘ পেশাজীবনে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। ড. সালেহউদ্দিন বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক।  সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম ও আসজাদুল কিবরিয়াপ্রথম আলো  প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দুর্বলতা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, ব্যাপক দুর্নীতিসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে এবং তা ধরে রাখা গেছে, তাতে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। এটা কীভাবে সম্ভব হচ্ছে?সালেহউদ্দিন আহমেদ  বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। কিন্তু এর প্রাকৃতিক সম্পদ সীমিত। এ দেশ পরিচালিত হচ্ছে ক্ষুদ্র মুক্ত অর্থনীতির কাঠামোয়। ১৬ কোটি মানুষের এই দেশের উন্নয়নযাত্রা তাই বিশ্বব্যাপী বিস্ময়ের সৃষ্টি করেছে। তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন বেশ ইতিবাচক। বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের পেছনে কয়েকটি বিশেষ দিক চিহ্নিত করা যায়। প্রথমত, বাংলাদেশের একটা সামাজিক পুঁজি গড়ে উঠেছে। বিভিন্ন বেসরকারি উদ্যোগ, সৃজনশীল উদ্যোগ, ক্ষুদ্রঋণ ইত্যাদি ঘটছে। আর এসব উদ্যোগ সরকারের উদ্যোগের সঙ্গে মিল রেখে এগিয়ে যাচ্ছে, এগুলো সরকারি প্রচেষ্টার পরিপূরক হচ্ছে। এটা বাংলাদেশের একটা বড় অর্জন ও শক্তি। বাংলাদেশের মানুষের সহনক্ষমতা অনেক বেশি। বন্যা-ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েও মানুষ পুরোপুরি ভেঙে পড়ে না। কোনো দুর্যোগেই কোনো খাত পুরোপুরি ধ্বংস হয়নি।প্রথম আলো  সরকারের ওপর নির্ভরশীল না থেকেই সাধারণ মানুষের ব্যক্তি পর্যায়ের সৃজনশীল অর্থনৈতিক উদ্যোগ, ক্ষুদ্রঋণ ব্যবস্থার বিস্তার ও ফলপ্রসূতা—এগুলোকে আপনি সরকারি উদ্যোগের পরিপূরক বলছেন? নাকি এগুলোই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি?সালেহউদ্দিন আহমেদ  উভয় খাতের উদ্যোগই পরস্পরের পরিপূরক। উন্নয়নের অগ্রযাত্রায় একটা বড় ভূমিকা রাখছেন আমাদের কৃষকেরা। সরকার কৃষিতে কতটা কী করছে, সেটার চেয়েও বড় হলো কৃষকদের নিজস্ব চেষ্টা ও তাগিদে উৎপাদন বজায় রাখা ও উৎপাদন বাড়ানো। ১৬ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করা বিরাট ব্যাপার। এই অর্জনের মূল কৃতিত্ব কৃষকদের। দ্বিতীয়ত, বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন বেড়েছে। তৈরি পোশাকশিল্পে লাখ লাখ নারী শ্রমিক কাজ করছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো যার যার জায়গায় সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে ক্রিয়াশীল রয়েছে। সৃজনশীল উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠছে। তৃতীয়ত, প্রবাসী কর্মজীবীরা দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে লাখ লাখ মানুষ কাজ করতে যাওয়ার ফলে দেশের ভেতরে কর্মসংস্থানের ওপর চাপ কমছে। তাঁদের পরিবারগুলোর জীবনযাপনের মান বাড়ছে এবং ইতিমধ্যে সেটা একটা মানে উন্নীত হয়েছে। প্রথম আলো  উন্নয়নের যাত্রাপথে আমরা তাহলে এখন কোন অবস্থানে আছি? সালেহউদ্দিন আহমেদ  আমরা উত্তরণ-পর্যায়ে আছি, তবে জোরেশোরে উড়াল দিতে পারছি না। উড়োজাহাজটি আকাশে ওঠার জন্য রানওয়েতে যেভাবে দ্রুত ছুটে চলা প্রয়োজন, রানওয়ের অবস্থা ততটা অনুকূলে না থাকায় তা সম্ভব হচ্ছে না। আমাদের এগিয়ে যাওয়ার গতিটা এখন কিছুটা যেন থমকে গেছে। আর তাই ২০১৮ বা ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ হওয়ার যে স্বপ্ন দেখছিলাম, তা বাস্তবায়ন হবে না, আরও বেশি সময় লাগবে। ২০২৫ সাল পর্যন্ত লেগে যেতে পারে।প্রথম আলো  থমকে যাওয়ার কারণগুলো কী?সালেহউদ্দিন আহমেদ  সাম্প্রতিক সময়ে এসে অর্থনীতির বিষয়গুলো পেছনে পড়ে গেছে, অনেক বেশি সামনে উঠে এসেছে রাজনীতির বিষয়গুলো। সুশাসন ও গণতন্ত্র নিয়ে যত গুরুত্ব দিয়ে ও যেভাবে কথাবার্তা হচ্ছে, অর্থনীতির ক্ষেত্রগুলো নিয়ে সে রকম হচ্ছে না। রাজনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং রাজনীতির অবস্থা ঠিক না থাকলে অর্থনীতিসহ অন্যগুলোও ঠিকমতো চলবে না। কিন্তু নীতিনির্ধারকেরা রাজনীতির দিকে বেশি নজর দিচ্ছেন ক্ষমতার জন্য। তাই সুশাসনের কথা যতই বলা হোক, কার্যত স্বচ্ছতা ও জবাবদিহি আসছে না। গণতন্ত্রের কথা বলা হলেও অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না।প্রথম আলো  কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান তো উন্নত হয়েছে। যেমন, আগে বিপুলসংখ্যক মানুষ অর্ধাহারে-অনাহারে কাটাত, এখন সেটা নেই। আগে যেখানে বিপুলসংখ্যক মানুষ খালি পায়ে থাকত, এখন সেখানে সবার পায়েই জুতো আছে। শিক্ষা, স্বাস্থ্যসেবার বেশ উন্নতি হয়েছে। তাহলে সুফল পৌঁছাচ্ছে না বলতে আপনি কী বোঝাতে চাইছেন? সালেহউদ্দিন আহমেদ  সুফল যে একেবারেই পৌঁছাচ্ছে না, তা নয়। তবে তা একেবারেই ন্যায্যভাবে পৌঁছাচ্ছে না। এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির সুফলটা নিয়েছে প্রধানত ধনিক শ্রেণী ও উদ্যোক্তা গোষ্ঠী। সংখ্যায় কম হলেও তারাই বেশির ভাগ অর্থ-সম্পদের মালিক ও নিয়ন্ত্রক। আর জনগোষ্ঠীর বেশির ভাগ অংশ যে মধ্য ও নিম্ন আয়ের মানুষ, তারা পিছিয়ে আছে অনেক, এটাকে দৃষ্টিকটুই বলা যায়। একদিকে বাড়ছে আঞ্চলিক বৈষম্য, অন্যদিকে বাড়ছে ব্যক্তি পর্যায়ের বৈষম্য। আয়-উপার্জনে বড় ধরনের অসমতা তৈরি হয়েছে এবং তা ক্রমেই আরও বাড়ছে। বলা হয়, পাকিস্তান আমলের সেই ২২ পরিবার এখন কয়েক হাজার পরিবার হয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক ও নেতিবাচক। ঢাকা শহরে গুলশান, বনানী, বারিধারায় বসবাসকারী কিছু পরিবারের সাত-আটটি করে দামি গাড়ি আছে। আর এই শহরেই হাজার হাজার কর্মজীবী মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রতিদিন কী কষ্টই না করে। সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা পায়নি বলে উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। শেষ পর্যন্ত এ ধরনের উন্নয়নও টেকসই হবে না। বরং বৈষম্য বাড়তে থাকলে সামাজিক অসন্তোষ ও অস্থিরতা বাড়বে।প্রথম আলো  প্রবৃদ্ধি ঘটলে বৈষম্য বাড়ে। এটা কি অবধারিত? বাংলাদেশে বৈষম্য এভাবে বেড়ে যাওয়ার কারণ কি এটাই?সালেহউদ্দিন আহমেদ  আমাদের বৈষম্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ সুশাসনের ঘাটতি। সুশাসনের ঘাটতির জন্য বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা বহুলাংশে দায়ী। আমরা এ জন্য দায়ী করি শুধু সরকারকে, কিন্তু অন্যান্য সংস্থা ও ব্যক্তিরাও দায়ী। সরকার সার্বিক নীতি প্রণয়ন করবে, নীতির বাস্তবায়ন দেখবে। আর নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদের নিজস্ব আইনি ক্ষমতার আওতায় কাজ করবে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, বিনিয়োগ বোর্ড ইত্যাদি রাষ্ট্রীয় সংস্থার বিভিন্ন ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করার কথা। কিন্তু দক্ষতা ও স্বচ্ছতার অভাবে এবং রাজনৈতিক-আমলাতান্ত্রিক হস্তক্ষেপে তারা তাদের কাজ ঠিকমতো করতে পারছে না। এই যে হল-মার্ক কেলেঙ্কারি হলো, তার জন্য দায়ী তো মূলত সুশাসনের প্রকট ঘাটতি। ঋণের নামে সোনালী ব্যাংক থেকে অর্থ নিয়ে আত্মসাতের পর বিষয়টিতে অর্থ মন্ত্রণালয় দৃশ্যমান দ্রুত পদক্ষেপ নেয়নি। বিষয়টির দিকে নজর রাখার মূল দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের। এটা দুই বছর আগে ধরা পড়লেও বাংলাদেশ ব্যাংক সময়োচিত ও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সুশাসনের চরম ব্যর্থতার এটি একটি দৃষ্টান্ত।প্রথম আলো  এ রকম দৃষ্টান্ত আরও অনেক আছে?সালেহউদ্দিন আহমেদ  পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়ন নিয়ে যে পরিস্থিতি হয়েছে, সেটা আরেকটা দৃষ্টান্ত। পদ্মা সেতু অত্যন্ত প্রয়োজনীয়, বাস্তবায়নযোগ্য ও লাভজনক প্রকল্প। নির্মাণের ক্ষেত্রে কারিগরিভাবে কোনো বাধা নেই। অথচ অর্থায়নের জায়গায় এসে অস্বচ্ছতা-অনিয়ম করে গোল বাধানো হলো। এখন বলা হচ্ছে, নিজস্ব অর্থায়নে করা হবে। এটা অত্যন্ত বিপজ্জনক চিন্তা। এটি করতে গিয়ে আমাদের সামাজিক খাতে ব্যয়-বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।প্রথম আলো  ধনী-গরিব, গ্রাম-শহর ও আঞ্চলিক বৈষম্যের সঙ্গে সুশাসনের ঘাটতির সম্পর্ক আছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকারব্যবস্থার কি কিছু করণীয় নেই? সালেহউদ্দিন আহমেদ  অবশ্যই আছে। বৈষম্য বেড়ে চলার অন্যতম বড় কারণ হলো দুর্বল স্থানীয় সরকার। বাংলাদেশের কোনো সরকারই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায়নি, চায় না। বরং কেন্দ্রীয়ভাবে ওপর থেকে আমলারা সিদ্ধান্ত চাপিয়ে দেন। উন্নয়নের স্থানীয় চাহিদা ও প্রয়োজন যাচাই করা হয় না, সেটার ওপর গুরুত্ব দেওয়া হয় না। ফলে দূরদূরান্তের হাজার হাজার গ্রামের লাখ লাখ মানুষের সমস্যা ও প্রয়োজন অনুসারে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয় না। মুষ্টিমেয় কিছু লোক রাজধানীতে বসে বিশেষ কিছু এলাকার জন্য কর্মসূচি নেয়। অথচ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করে স্থানীয় মানুষের চাহিদা অনুসারে পদক্ষেপ নিলে উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছানো সহজ হতো, সম্পদের অপচয়ও কম হতো, বৈষম্যও এভাবে বাড়তে পারত না।প্রথম আলো  এই অবস্থা থেকে কীভাবে উত্তরণ সম্ভব?সালেহউদ্দিন আহমেদ  প্রথমত, প্রধান রাজনৈতিক দলগুলোকে অর্থনৈতিক বিষয়ে একমত হতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ঠিকমতো কাজ করতে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, ব্যবসা-বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য অর্থনৈতিক কর্মসূচিগুলো নিয়ে তাদের একমত হওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদ বিবেচনা করে দক্ষতা অর্জনের ওপর জোর দিতে হবে। এ জন্য শিক্ষার গুণগত মানের দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। শিক্ষার সঙ্গে কার্যক্ষেত্রে প্রায়োগিক দক্ষতার সমন্বয় ঘটাতে হবে। তৃতীয়ত, দেশজ সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে হবে। তা না হলে প্রবৃদ্ধির হার ৭ বা ৮ শতাংশে উন্নীত করা যাবে না। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিনিয়োগের হার এখন ২৩-২৪ শতাংশ। এটি ৩০-৩২ শতাংশে উন্নীত করতে হবে। বিনিয়োগ বাড়াতে হলে সঞ্চয় বাড়াতে হবে, এ জন্য বাড়াতে হবে মানুষের আয়ক্ষমতা। এটা বাড়বে কর্মসংস্থান তৈরির মাধ্যমে।প্রথম আলো  বিদেশি বিনিয়োগ?সালেহউদ্দিন আহমেদ  বিনিয়োগের কথা বলতে গেলে অবশ্যই বিদেশি বিনিয়োগের কথাও বলতে হয়। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে বিদেশিরা বিনিয়োগ করতে আসবে না। আবার এগুলো ভালো হলেও যদি নীতির নিরবচ্ছিন্নতা বা ধারাবাহিকতা না থাকে, তাহলেও বিদেশি বিনিয়োগ তেমন আসবে না। কেউ তো দুই-তিন বছরের জন্য বিনিয়োগ করে না। সর্বোপরি আর্থিক খাতে যে অনিয়ম-দুর্নীতি প্রকট হচ্ছে, সেটাও ভুল বার্তা দিচ্ছে। পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক-এডিবির পিছিয়ে যাওয়ায় বিদেশি বিনিয়োগকারীরাও কিছুটা দ্বিধায় ভুগতে পারে।প্রথম আলো  রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেশ ঘন ঘন হরতালের ফলে অর্থনীতির ক্ষতি হচ্ছে। জাতীয় উন্নয়নে এর প্রভাব কতটা ব্যাপক?সালেহউদ্দিন আহমেদ  আমাদের অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তা আরও দ্রুত এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি হচ্ছে হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কারণে। আমাদের অর্থনীতি আরও বেগবান হওয়ার পেছনের প্রধান কারণগুলো হচ্ছে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহির অভাব, দুর্নীতি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতা। এসব কারণে আমাদের উন্নয়নের গতি মন্থর। এখন এই হরতাল ইত্যাদির কারণে গতিটা আরও মন্থর হয়ে যাচ্ছে। আমি হরতালকে একদম প্রধান কারণ বলি না, এটা একটা বাড়তি কারণ। তবে এই বাড়তি কারণটাও বেশ গুরুতর। এতে পরিস্থিতি জটিল হচ্ছে। বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা আসবে না, যারা এসেছে তারা চলে যাচ্ছে, আমরা বিদেশে আমাদের বাজার হারাচ্ছি। আমাদের স্থায়ী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো তীব্রতর হয়ে উঠছে হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কারণে। কারণ, অর্থনৈতিক উন্নয়নের জন্য যে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা প্রয়োজন, এসবের ফলে তা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে, দেশের বাইরে আমাদের সম্পর্কে নেতিবাচক বার্তা চলে যাচ্ছে।প্রথম আলো  তাহলে আমরা যে গণতন্ত্র এনেছি, সেই গণতন্ত্র তো অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় হিসেবে দেখা দিয়েছে।সালেহউদ্দিন আহমেদ  আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না, অর্থনৈতিক উন্নয়নের জন্য গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন অত্যন্ত প্রয়োজন। আবার উন্নয়ন ঘটলেই শুধু চলবে না, উন্নয়নের সুফল জনগোষ্ঠীর সব অংশের মধ্যে সুষমভাবে বা যুক্তিসংগত ন্যায্যতার সঙ্গে বিতরণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এটাই গণতন্ত্রের মূল কথা। গণতান্ত্রিক কাঠামো অবশ্যই দরকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সর্বক্ষেত্রে। কিন্তু বাংলাদেশে আমরা গণতন্ত্রকে সীমাবদ্ধ করে ফেলেছি শুধু ভোট দেওয়া আর একটা সংসদ গঠনের মধ্যে। গণতন্ত্রের মূল্যবোধ ও অনুশীলন আমরা নিশ্চিত করতে পারিনি। সে কারণেই মনে হচ্ছে গণতন্ত্র বুঝি উন্নয়নের অন্তরায়। আসলে উল্টোটা, উন্নয়নের জন্য গণতান্ত্রিক কাঠামো, মূল্যবোধ ও অনুশীলন অপরিহার্য।প্রথম আলো  আপনাকে অনেক ধন্যবাদ।সালেহউদ্দিন আহমেদ  আপনাদেরও ধন্যবাদ।