বিগত নির্বাচন কমিশন সূচিত নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের অন্যতম উদ্দেশ্য ছিল, দেশের নির্বাচনী ব্যবস্থার উন্নতি সাধনের পাশাপাশি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে আরও উন্নত করার নিমিত্তে সহযোগিতা করা। বিষয়টি ছিল নির্বাচনী আইন সংস্কারের অন্যতম উপাদান। বাংলাদেশে বিগত এক দশক থেকে নাগরিক সমাজ এবং অধিকাংশ রাজনৈতিক দল এসব সংস্কারের দাবিতে একমত হয়ে আন্দোলনও করেছিল। ২০০৬-২০০৭ সালে তৎকালীন নির্বাচনী সংস্কারের যে দাবি নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছিল, ওই আন্দোলনের ২৩ দফা দাবির মধ্যে বেশির ভাগ দফাই ছিল নির্বাচন কমিশন এবং নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার। এর অন্যতম দাবি ছিল নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন, যা ২০০১ সালে নির্বাচন কমিশন করতে গিয়ে ব্যর্থ হয়েছিল।যে কাজটি ২০০১ সালে করা সম্ভব হয়নি, তা সম্ভব হয়েছিল ২০০৭-২০০৮ সালে। এর প্রধান কারণ ছিল, বৃহত্তর আঙ্গিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সংস্কার। ওই সময়ে দেশের বৃহত্তর দলগুলো ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে একাধিকবার আলোচনার মাধ্যমে সূচিত হয়েছিল সংস্কার-প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল নাগরিক সমাজের বৃহদংশ এবং মিডিয়া ব্যক্তিত্বরা, যারা প্রায় দেড় দশক দেশের গণতন্ত্রের ভিত সুদৃঢ় করার এবং পরিবর্তনের পক্ষে জনমত সৃষ্টি করেছিল। এই জনমতের চাপই ছিল রাজনৈতিক দলের সম্মতির অন্যতম প্রধান কারণ। এরই প্রেক্ষাপটে ২০০৮ সালে বেশির ভাগ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দলের নিবন্ধন বাধ্যতামূলক করে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অধ্যায় ৬এ সম্পূর্ণ নতুনভাবে যুক্ত করা হয়। যদিও ওই সব আলোচনায় বিশেষ কারণে বিএনপির মূল অংশ আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। তবে একাধিক অনানুষ্ঠানিক আলোচনার পরিপ্রেক্ষিতে নিবন্ধনের আইন তারা মেনে নিয়েছিল। ২০০৮ সালের নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশের এই অধ্যায়ে উদ্ধৃত সব অনুচ্ছেদ মানাতেই ১১২টি দলের আবেদনের মধ্য থেকে ৩৯টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল। বর্তমানে ৩৮টি দল নিবন্ধিত রয়েছে।আরপিও অধ্যাদেশ আকারে জারি করা হয় ২০০৮ সালের অক্টোবরে। অধ্যাদেশের অধ্যায় ৬এ (Chapter VIA) তে নিবন্ধনের শর্তের ৯০বি(বি) (iii [90B(b) (iii)])তে স্পষ্ট বলা ছিল, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র অথবা শিক্ষক এবং আর্থিক প্রতিষ্ঠান অথবা শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনসহ অন্য পেশাজীবীদের অঙ্গ অথবা অন্য কোনোভাবে দলের সাংগঠনিক কাঠামোতে যুক্ত করা যাবে না। তবে ওই সব সংগঠন স্বকীয় সত্তায় নিজেদের সাংগঠনিক কাঠামো এবং স্বীয় গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হতে পারবে। একইভাবে বিদেশে রাজনৈতিক দলের শাখা দলের গঠনতন্ত্রে না রাখার শর্তও ছিল। ২০০৮ সালের অধ্যাদেশ মোতাবেক নিবন্ধিত দল নিজ নিজ গঠনতন্ত্রের প্রয়োজনীয় পরিবর্তন দলের কাউন্সিলের মাধ্যমে স্থায়ী করেছিল। পরে ২০০৯ সালে অধ্যাদেশ এবং আলোচিত অধ্যায় প্রায় অপরিবর্তিত অবস্থায় জাতীয় সংসদে আইন আকারে অনুমোদিত হয়। অপরিবর্তিত থাকে উল্লিখিত স্তবক। তবে দলের সাংগঠনিক গঠনতন্ত্রে সমমনা সহযোগী সংগঠন বিষয়ে উল্লেখ থাকলেও নিজ নিজ গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হওয়া নেতা নির্বাচনের বিষয়টি ওই সব সংগঠনের হাতে ছেড়ে দেওয়ার উল্লেখ বলবৎ রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় গঠনতন্ত্রে প্রায় অভিন্ন ভাষায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল। অবশ্য জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে এসব সহযোগী অথবা অঙ্গসংগঠন না থাকলেও ছাত্রশিবির তাদেরই অনুসারী হিসেবে স্বীকৃত। সুকৌশলে পরিচালিত হচ্ছে এই দলের অন্যান্য সহযোগী সংগঠন।বিভিন্ন দলের গঠনতন্ত্রে এ বিষয়ে সুস্পষ্ট উল্লেখ থাকলেও ২০০৯ সালে কিছুটা পরোক্ষভাবে দলের সম্পৃক্ততার প্রবণতা প্রতীয়মান হলে ওই সময় উল্লিখিত তিনটি দলকে আইনের ব্যত্যয় ঘটার কারণে জিজ্ঞাসা করে তাদের ব্যাখ্যার ওপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছিল। ওই বছরের পর ওই সব সংগঠনের কাউন্সিল অথবা নতুনভাবে কোনো নির্বাচন হয়নি। তবে ইদানীং পুরোনো প্রবণতা আবার পরিলক্ষিত হচ্ছে, যা সংসদ দ্বারা অনুমোদিত এবং প্রচলিত আইনের পরিপন্থী বলে পরিগণিত। ইদানীং পত্রপত্রিকা মারফত জানা যাচ্ছে যে দেশের বৃহৎ দুটি দল ক্রমেই বিদ্যমান আইনের সরাসরি লঙ্ঘন করে পুরোনো অবস্থায় ফিরে আসছে (প্রথম আলো: ৮ সেপ্টেম্বর ২০১২)। হালে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি দলের কেন্দ্রের আদেশে যুক্তরাজ্যের তথাকথিত সহযোগী শাখা কমিটি ভেঙে দিয়েছে এবং ছাত্রদলের কমিটি দলের ইচ্ছা ও ঘোষণা অনুযায়ী পুনর্গঠিত হয়েছে। ওই সব সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র থাকলেও তা মানা হয়নি। সরকারে অধিষ্ঠিত দল আওয়ামী লীগও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হয়েছে বলে উল্লিখিত পত্রিকায় প্রকাশ। এসবই বিদ্যমান আইনের পরিপন্থী এবং দুটি বৃহৎ দল, যারা পালাক্রমে দেশের ক্ষমতায় ছিল, আছে কিংবা থাকবে; তাদের কাছ থেকে আইনের এই লঙ্ঘন কাম্য ছিল না। গণপ্রতিনিধিত্ব আদেশ প্রতিপালনের নিশ্চয়তা বিধানের দায়িত্ব নির্বাচন কমিশনের; তবে এখন পর্যন্ত উল্লিখিত দল দুটির আইন-পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের দায়িত্ব আইন প্রতিপালনের নিশ্চয়তা বিধান করা। কিন্তু অবস্থাদৃষ্টে সেই দায়িত্ব পালনে তেমন সচেতনতা লক্ষ করা যাচ্ছে না। ওপরের বক্তব্যের প্রেক্ষাপটে আরেকটি উদাহরণ অপ্রাসঙ্গিক হবে না। এটি হলো গাজীপুর-৪ আসনে দলীয় মনোনয়ন প্রদানের প্রক্রিয়া। জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে আলোচিত অধ্যায়ের ৯০এ(বি) (ni) [90A(b)(iv)]তে। ওই অনুচ্ছেদে উদ্ধৃত রয়েছে যে দলের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা অথবা জেলা কমিটি থেকে প্রাপ্ত প্যানেল হতে প্রার্থী মনোনীত করবে। কিন্তু গাজীপুর-৪ আসনের মনোনয়ন প্রদানের সময় ওই উপধারার প্রতিপালন হয়েছে বলে মনে হয় না। এ ক্ষেত্রেও নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এর নিশ্চয়তা বিধান করা। দৃশ্যত সরকারি দলের মনোনয়ন প্রদানে এই উপধারা আমলে নেওয়া হয়েছে, এমন কোনো তথ্য জানা নেই। নির্বাচন কমিশনও জনগণের কাছে তাদের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে।প্রথমেই যেমনটা বলেছি যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও নিয়ে বছরব্যাপী আলোচনার পর যেসব সংস্কার করা হয়েছে, তার সবটুকুই রাজনৈতিক দলের সম্মতিতেই হয়েছে। যে কারণে অতি অল্প সময়ের মধ্যে আইন হিসেবে সংসদে পাসও হয়েছিল প্রায় অপরিবর্তিত অবস্থায়। কাজেই ওই আইনের প্রয়োগেও রাজনৈতিক দলের দায়দায়িত্ব রয়েছে। বৃহৎ রাজনৈতিক দল, বর্তমানে ক্ষমতাসীন এবং ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় যারা রয়েছে, তাদের উচিত দেশের অন্যান্য দলের জন্য মডেল হওয়া। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, দুই দলের মধ্যে আইন ভঙ্গ করার প্রবণতা বেশি।হালে প্রতিটি রাজনৈতিক দল এবং তথাকথিত সুশীল সমাজের নেতারা নির্বাচন কমিশনকে অধিক শক্তিশালী করতে বলেন। কিন্তু কীভাবে, কোন পদ্ধতিতে করবেন, তা সচরাচর শোনা যায় না। অনেকে নির্বাচন কমিশনকে তত্ত্বাবধায়ক সরকারের অথবা অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প হিসেবে দেখতে চান অথচ নির্বাচন কমিশনের আচরণ পঙ্গু হাঁসের মতো। অবশ্য নির্বাচন কমিশন বলছে, তারা অনেক শক্তিশালী। কিন্তু জনগণ এখনো তার নমুনা পায়নি।নির্বাচনী আইনে এমনও ফাঁক রয়ে গেছে, যেগুলোর দিকে প্রথমে নজর দেওয়া দরকার। যেমন—বৃহৎ দলগুলো প্রায়ই আইন ভঙ্গ করছে; সে ক্ষেত্রে প্রতিকারের সুস্পষ্ট বিধান সংযুক্ত করা প্রয়োজন। আমি আমার লেখায় মনোনয়নপত্রে আরপিওর অনুচ্ছেদ ১২(১)(জে)-তে উল্লিখিত দলের সঙ্গে তিন বছরের সম্পৃক্ততার বাধ্যবাধকতা-বিষয়ক সনদ এবং তৃণমূল পর্যায় থেকে সুপারিশ করা প্রার্থীর নিশ্চয়তার সনদ প্রদান বাধ্যতামূলকভাবে যুক্ত করার বিধান রাখার সুপারিশ করে আসছিলাম।আমার জানা নেই, সেসব সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন আদৌ কার্যকর পদক্ষেপের কথা ভাবছে কি না। এখনই যদি এসব বিষয় সুরাহা না করা হয়, তবে প্রায় এক বছর তিন মাসের মাথায় নির্বাচনের জন্য নতুন কমিশনের সব প্রয়াস ভেঙে পড়ার আশঙ্কা থাকছে। আমি মনে করি, এসব বিষয় নিশ্চিত করতে হলে দলের প্রাথমিক সদস্যদের তালিকা অবশ্যই থাকতে হবে এবং নির্বাচন কমিশনের উচিত হবে তা নিশ্চিত করা।এ কথা অনস্বীকার্য যে দেশের আইন যদি ক্ষমতাসীন এবং সংসদের বিরোধী দল ভঙ্গ করে, তবে সেই আইন প্রয়োগ করা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের পক্ষে একা প্রয়োগ করতে যে মানসিকতা ও নৈতিক সাহসের প্রয়োজন, তা অত্যন্ত বিরল। তবে কোনো দৃশ্যমান উদ্বেগও যদি না দেখা যায়, সে ক্ষেত্রে হতাশ হওয়া ছাড়া আর গতি নেই।আগামী নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা শুধু সরকারপদ্ধতি বদলালেই হবে না; এর জন্য যেমন প্রয়োজন হবে নির্বাচন কমিশনের বলিষ্ঠ ভূমিকা, তেমনি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। যেসব পরিবর্তন এবং আইনের সংস্কার করা হয়েছিল, সেগুলো শুধু রাজনৈতিক দলকে সহযোগিতার জন্য করা হয়নি, করা হয়েছিল রাজনৈতিক দল পরিচালনার সহায়ক হিসেবে। কাজেই আমি মনে করি, আলোচিত ও অনালোচিত আইনের প্রয়োগ নির্বাচন কমিশনের হলেও রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার নৈতিক দায়িত্ব রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী রাজনৈতিক দল পরিচালনা দলেরই দায়িত্ব। তবে সেটা যদি আইনের আওতায় পড়ে, তা দেখার একমাত্র দায়িত্ব নির্বাচন কমিশনের। সংশোধনীতে নির্বাচনী আইনের বহুধারার পরীক্ষার ক্ষেত্র ছিল গাজীপুর-৪ আসনের নির্বাচন-পূর্ব সময়, কিন্তু আমরা নির্বাচন কমিশনের তেমন তৎপরতা দেখতে পাইনি।ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে যাচ্ছে। এই উত্তাপের মধ্যেই আগামী নির্বাচনের সময় দ্রুত এগিয়ে আসবে। কাজেই নির্বাচন-পূর্ব সময় থেকেই যদি আইন প্রয়োগে শিথিলতা প্রতীয়মান হয়, তা হলে পরিস্থিতি দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাগালের বাইরে চলে যাবে। আশা করি, সব রাজনৈতিক দল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে অভ্যন্তরীণ গণতন্ত্রায়ণ এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। অন্যথায় আগেই ভেঙে পড়বে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। শুধু মুখেই নয়, কাজেও নির্বাচন কমিশনকে শক্ত অবস্থানে দাঁড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.): সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক। [email protected]