অনেক হয়েছে বলা-কওয়া, অনেক হয়েছে লেখালেখি। অতঃপর নারায়ণগঞ্জ নিয়ে লেখার ইতি টানব ভেবেছিলাম। কিন্তু প্রথম আলোর সোহরাব হাসান তাগাদা দিলেন, সম্পাদক এমনকি পাঠকও আরেকটি লেখা চান। তাই বিশ্লেষণাত্মক একটি প্রতিবেদন পাঠক সমীপে পেশ করলাম। নির্বাচনের আগে দুটি লেখায় আমি এককালের মফস্বল শহরটির প্রতি আমার মমতাবোধ ও সংশ্লিষ্টতার কথা বলেছি। ইতিপূর্বে একটি লেখায় বলেছি, নারায়ণগঞ্জ স্টিমারঘাট ছিল সমগ্র বাংলাদেশ থেকে রাজধানী ঢাকার একমাত্র প্রবেশপথ। বলা হয়নি, প্রথম বাঙালি তথা এশিয়ান ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ব্রজেন দাস কয়েকবার নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর বিরতিহীন প্রস্তুতি সাঁতার দিয়েছিলেন। আমি তখন চ্যানেল ক্রসিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, এই উপলক্ষে বারবার নারায়ণগঞ্জে গিয়েছি। সমগ্র পাকিস্তানের জাতীয় অলিম্পিকে সাঁতারে প্রতিবছর শীর্ষস্থান দখল করে রাখত নারায়ণগঞ্জের কাশিপুর ক্রীড়া চক্রের (কেসিসি) ছেলেমেয়েরা। তাদের সাঁতার প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেতাম। দানবীর আর পি সাহার আমন্ত্রণে গিয়েছি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টে, সারা ভারতে ধুতি সরবরাহকারী ঢাকেশ্বরী বস্ত্র কারখানার মালিকদের আতিথ্য গ্রহণ করেছি। ইতিপূর্বে বলেছি, কীভাবে নারায়ণগঞ্জে প্রোথিত হয়েছিল আজকের আওয়ামী লীগের বীজটি। ঐতিহ্যবাহী তোলারাম কলেজ ছিল সমগ্র পূর্ব পাকিস্তানের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম। অধ্যক্ষ শামসুল হুদার আমন্ত্রণে গিয়েছি কলেজের বিভিন্ন অনুষ্ঠানে।এতক্ষণ যা বললাম, সবই অতীতের শান্তিময় নারায়ণগঞ্জের চিত্র। কালক্রমে আমার সেই নারায়ণগঞ্জ তার ঐতিহ্য, শান্ত পরিবেশ আর ঐতিহাসিক গৌরবটি হারিয়ে ফেলেছে। তবে হারিয়ে যায়নি উপরিউক্ত কারণে নারায়ণগঞ্জের প্রতি আমার একধরনের দুর্বলতা। সেই হারিয়ে যাওয়া ছোট্ট মহকুমা শহরটিকে কালের পরিক্রমায় হারিয়ে ফেলায় আমার মনে একধরনের মর্মবেদনা অনুভব করেছি। এমনি যাতনা অনুভব করি যখন আমার জন্মস্থান ফেনীর একই ধরনের রূপান্তর নিয়ে আমার দুর্ভাবনা হয়। নারায়ণগঞ্জ বা ফেনী শুধু নয়, স্বাধীনতা-পরবর্তী অনেক শহর আর অঞ্চলে বিগত শতাব্দীর শেষ দিকে প্রায় একই সময়ে বিভিন্ন শাসনামলে রাজনৈতিক নীতিবোধের অবক্ষয় ঘটেছে। সন্ত্রাসের চারণভূমির পরিচিতি পেয়েছে। অবশ্য সারা বাংলাদেশে এই অবক্ষয়ের সূচনা করেছিলেন এক সামরিক শাসক, বিস্তারিত করেছিলেন আরেকজন জেনারেল। তবে নারায়ণগঞ্জ সেই রাজনৈতিক চরিত্রহীনতা ও নীতি-বিচ্যুতির রাহুগ্রাস থেকে মুক্ত থেকেছে বিগত বছরগুলোকে। প্রাণবন্ত শহরটিতে পরিবর্তনের সুবাতাস প্রথম বইয়েছিলেন আলী আহাম্মেদ চুনকা। চুনকা-পরবর্তী জমানায় নারায়ণগঞ্জে সাময়িক দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসের উত্থান ঘটেছিল। তার অবসান ঘটিয়ে স্নিগ্ধ রাজনীতিতে সুবাতাসটি আবার পুরোদমে বইয়ে দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন তাঁর কন্যা। রোববার কৃতজ্ঞ নারায়ণগঞ্জবাসী সেই মুক্তির বাতাস সঞ্চালনের পাখাটি নতুন করে তুলে দিলেন তাঁর কন্যার হাতে।আমার সাংবাদিকতার ক্রান্তিকালে চুনকার আমন্ত্রণে নারায়ণগঞ্জে গিয়েছি। চুনকা চলে গেলেন, ত্রাস ও শঙ্কায় বিপর্যস্ত নারায়ণগঞ্জে যাওয়া হয়নি। অতঃপর চুনকার মেয়ে এলেন, কীভাবে বিদেশ থেকে তাঁকে নিয়ে এলেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের ঐতিহ্যবাহী জনগণ, সে কাহিনি ইতিপূর্বে বলেছি। আওয়ামী লীগের পরিচিতি নিয়ে কতিপয় দুর্বৃত্ত নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, সে ইতিহাসও সবার জানা। তাদের সৃষ্ট সন্ত্রাসী পরিবেশ থেকে নারায়ণগঞ্জ মুক্ত করলেন আওয়ামী ঐতিহ্যবাহী ঘরানার একটি মেয়ে। সিটি করপোরেশন নির্বাচনে সেই মুক্তির মন্দিরের সোপানটি হারাতে চাননি বলেই নারায়ণগঞ্জবাসী নির্বাচনের মাধ্যমে নয়া মুক্তি ও শান্তির বার্তাবাহী আইভীকে নিজেদের হূদয়ের মাঝে আরও সুরক্ষিত করলেন।একসময়ে আইভী আর সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ একাত্ম হয়ে গেল। তারপর আইভীকে স্থানচ্যুত করার ষড়যন্ত্র শুরু হলো। বাসস্ট্যান্ড, নদীর পাড়, বন্দরে-ব্যবসায়ে, শিল্প-কারখানায় দখলদারি, ভূমিদস্যুতা, সাধারণ নাগরিকের মাঝে দৌরাত্ম্য প্রতিরোধে আইভীর প্রচেষ্টা ও সাফল্যের লক্ষণগুলো যাঁরা মেনে নিতে পারেননি, তাঁরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেই সুযোগ নিতে সচেষ্ট হলেন। সেই প্রচেষ্টায় করপোরেশনে রূপান্তরের পর তাঁকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো না। অথচ কুমিল্লাসহ বেশ কয়েকটিতে পূর্বনির্ধারিত মেয়র প্রশাসক পদে বহাল হলেন, ব্যতিক্রম ঘটল নারায়ণগঞ্জে।আইভীকে জিজ্ঞেস করলাম, এখন কী করবে? আইভী তেজি স্বরে বলল, ‘সরকারি নিয়োগ নয়, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমেই এই পদটি আমাকে জনগণই দেবে।’ একই প্রশ্ন আবার করেছি সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর। আওয়ামী লীগের দোহাই দিয়ে দলের দু-তিনজন নেতা শামীম ওসমানকে দলীয় প্রার্থী ঘোষণা করলেন। আইভী আমাকে জানাল, সে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেই। সে দ্ব্যর্থহীন ভাষায় জানাল, ‘দল না চাইতে পারে, নারায়ণগঞ্জের জনগণ তাকে মেয়র পদে দেখতে চায়। দলের কতিপয় নেতার অনুগ্রহভাজন হয়ে নয়, দলনেত্রীর দোয়া আর জনগণের সমর্থন ও শুভেচ্ছা নিয়ে তাকে নির্বাচন করতেই হবে। নারায়ণগঞ্জবাসীকে হতাশ করব না, তাদের আবার দুর্বৃত্তকবলিত হতে দেব না।’ দলের সভানেত্রীর দোহাই দিয়ে তাকে দলের কতিপয় নেতা ঢাকা ডেকে এনে বললেন, ‘শামীম ওসমানকে মনোনয়ন দেওয়া হয়েছে, তুমি নির্বাচন করবে না।’ এ সম্পর্কে আইভী আমার মতামত জানতে চাইলে আমি বললাম, ‘তাঁরা কি দলের নীতিনির্ধারক? উচ্চপর্যায়ের কোনো স্তর থেকে নারায়ণগঞ্জে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।’ দুই দিন পর দলনেত্রী উভয়কে ডেকে পাঠালেন। কী বললেন নেত্রী—জিজ্ঞেস করলাম আইভীকে। জানলাম, নেত্রী দুজনকে বলেছেন, তোমরাই মিলেমিশে সিদ্ধান্ত নাও। সেই মিলমিশ শেষ পর্যন্ত হয়নি। আইভীকে জিজ্ঞেস করলাম, ‘এখন কী করবে?’ তার জবাব, ‘আমি নির্বাচন করব, কারণ আমি এখন দলীয় গণ্ডিতে নেই, আমি এখন দলমতনির্বিশেষে সকল নারায়ণগঞ্জবাসীর মনোনীত প্রার্থী।’ মনে মনে বললাম এই তো ‘চুনকার মাইয়া’। প্রকাশ্যে বললাম, এগিয়ে যাও। এ হচ্ছে দলীয় সমর্থন-মনোনয়নের ভোজবাজির কাহিনি।এখন আলোচিত হতে হবে, নারায়ণগঞ্জের নাগরিক সমাজ কেন তাঁকে মেয়র পদে অধিষ্ঠিত করতে চেয়েছে? শুধুই কি আইভীর প্রতি ভালোবাসার কারণে, পিতা চুনকার আদর্শের অনুসারীর জন্য বিশেষ স্নেহ ও মমতা? প্রথম উত্তর, নারায়ণগঞ্জবাসীর সিদ্ধান্তের মূলে রয়েছে কথিত আওয়ামী লীগ-সমর্থিত শামীম ওসমানের কর্মকাণ্ডে সন্ত্রাসী পরিচয়ের কারণে তার প্রতি নারায়ণগঞ্জবাসীর বিরাগ। বিপরীতে রয়েছে পৌরসভা পদে অধিষ্ঠিত থাকাকালে আট বছর একটি শান্ত সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টিতে আইভীর অবদানের কারণে সৃষ্ট জনপ্রিয়তা। নারায়ণগঞ্জবাসী আইভীকে নজিরবিহীন সমর্থন দিয়ে মূলত তাদের সন্ত্রাসবিরোধী অবস্থানটি জানিয়ে দিয়েছে। এই বক্তব্যটি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। প্রথমত, ভাবনায় নিতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের জনপ্রিয়তার যে ধস নেমেছে, এ নিয়ে সংশয়ের অবকাশ নেই। সুতরাং শামীম ওসমানকে আওয়ামী লীগের বাজিকরদের অপকর্মের দায়ভার নিতে হয়েছে, যা যুক্ত হয়েছে তার সন্ত্রাসী পরিচয়ের সঙ্গে। তবে শুধু এই কারণটিকে হারজিতের বিশ্লেষণে বিবেচনায় আনা যেত; যদি শামীম নয়, অন্য কেউ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বলে পরিচিত পেত।বাস্তবে নাসিক (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর যোগ্যতা সরকারের শাসনের ব্যর্থতা-সফলতার জনমতের মানদণ্ডে যাচাই করা হয়নি। দেশের সর্বত্র আওয়ামী লীগ সরকারের সমালোচনায় দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস, শেয়ার মার্কেট, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাকার বিষয়ে প্রাধান্য পেয়ে থাকে। নারায়ণগঞ্জের স্থানীয় নির্বাচনে সবগুলো বিষয় আলোচিত হয়নি, সরকারি দলের দুর্বৃত্ত ও গডফাদারদের দখলবাজি ও চাঁদাবাজি আর ভূমিদস্যুতাই হয়েছে নির্বাচনের ফলাফলের নিয়ামক।উপরিউক্ত প্রেক্ষাপটে যা বলা যায়, তা হলো আগাম একটি হুঁশিয়ারি। সেটি হচ্ছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, কালোটাকার প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে প্রভাবিত অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ভবিষ্যতের সাধারণ নির্বাচনে জয়ী হওয়া যাবে না। বাহুবল, অস্ত্রবল আর অর্থবলে জেতার জন্য কোনো সন্ত্রাসীকে সাধারণ নির্বাচনে মনোনয়ন দিলে জনগণ তাকে শুধু প্রত্যাখ্যান করবে না, সর্বত্র দলের জন্য বিপর্যয়ের কারণ হবে। প্রশাসনকে দলীয়করণ করে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না, কারণ প্রশাসকেরাও জনমতের হাওয়ায় পাল ওড়াবে, যেমনটি করেছে নারায়ণগঞ্জে। বিজয় ছিনিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক হবে না। কারণ তারা জনগণের মুখোমুখি হবে না বরং পাশে দাঁড়াবে, যেমনি দাঁড়িয়েছে নারায়ণগঞ্জে। নির্বাচন কমিশনকে যতই ক্ষমতাহীন করা হোক, তাদের স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার পথে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক, তারা স্বীয় কর্তব্য পালনে সাহসী হলে, অনড় থাকলে তাদের কর্তব্যচ্যুত করা যাবে না।উপরিউক্ত সকল না-সূচক মন্তব্য করা হলো নারায়ণঞ্জে নির্বাচনের আগে ও পরের বিভিন্ন আলামত পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে। বস্তুত নারায়ণগঞ্জে একটি মিনি-ন্যাশনাল অর্থাৎ জাতীয় অণুনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ রকম যে হবে সে কথাটি আগেই বলেছি। অনেকে হয়তো আমতা আমতা করে বলতে পারেন উপরিউক্ত সকল ‘না’ বলা সম্ভব হয়েছে নারায়ণগঞ্জের সীমিত পরিধিতে নির্বাচনটি হয়েছে বলে। তা ছাড়া সীমিত পরিধিতে ছিল মিডিয়া বা গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি। শত শত ক্যামেরার চোখ আর কয়েক শ গণমাধ্যমকর্মী প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রেখেছিলেন নির্বাচন পরিচালনাকারীদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। সারা দেশে নির্বাচনে কি এমন নজরদারি সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর এই লেখার সমাপ্তিতে দিয়েছি। আগাম বলছি, এই নজরদারি করবে জনতা।নির্বাচন কমিশনকে সৈন্য সরবরাহ না করে নিধিরাম সর্দার বানানোর চেষ্টাটি নস্যাৎ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তাঁরা প্রবল ব্যক্তিত্ব ও অসীম মনোবলের প্রকাশ ঘটিয়ে নির্বাচনকালীন সময়ে কেন্দ্র দখল আর ভোট ছিনতাই ঠেকাতে ত্বরিত ব্যবস্থা গ্রহণে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। এ নিয়ে রোববারের দু-একটি সাধারণের অজানা ঘটনা সর্বসাধারণ্যে প্রকাশ করছি। যেমন—সিদ্ধিরগঞ্জে মিজমিজির একটি কেন্দ্র সন্ত্রাসীরা দখল করে নিয়েছিল। জাল ভোট আর কেন্দ্র দখলের পরিকল্পনা করেছিল তোলারাম কলেজ আর আদর্শ বিদ্যালয়ে। খবর গেল কমিশনার এম সাখাওয়াত হোসেনের কাছে, তাঁদের নির্দেশে শত শত র্যাব কেন্দ্রগুলো ঘিরে ফেলার পর প্রকৃত ভোটারেরা স্বচ্ছন্দে ভোট দিলেন। সুতরাং নারায়ণগঞ্জের সন্ত্রাসী প্রার্থী যে ‘কিছুই’ করার চেষ্টা করেননি তা নয়। কিন্তু কাউকে ‘কিছুই’ হতে দেননি মিডিয়ার শ খানেক প্রতিনিধি, নিরপেক্ষ প্রশাসন আর র্যাব-পুলিশ, সন্ত্রাসবিরোধী ভোটযুদ্ধে অংশগ্রহণকারী নারায়ণগঞ্জবাসী আর করিৎকর্মা নির্বাচন কমিশন।সর্বশেষ মন্তব্য: নির্বাচনী ফলাফলের মাধ্যমে প্রধান রাজনৈতিক দলগুলোকে নারায়ণগঞ্জবাসী কী বার্তা পাঠিয়েছে? (১) জনগণ ভবিষ্যতে শুধু বিশেষ দলীয় মার্কা দেখে নয়, প্রার্থী যাচাই করে ভোট দেবে। যোগ্য প্রার্থী মনোনয়ন দিন, জনগণ সন্ত্রাসীনির্ভর নির্বাচন হতে দেবে না। তারা ভোট ছিনতাইয়ের সকল প্রক্রিয়া অকেজো করে দেওয়ার নীলনকশা এমনকি সূক্ষ্ম কারচুপি বানচালের ক্ষমতা রাখে। (২) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা নির্বাচন কমিশনকে যতই দলীয়করণ অথবা প্রভাবিত করা হোক, তারা জনমতের বিপরীতে অবস্থান নেবে না।এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।