বাংলাদেশে আড়াই দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ও রাজনৈতিক দলের চালকের আসনে নারী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার জোরালো প্রতিফলন নেই। গতকাল প্রথম আলোর খবর থেকে জানা যায় যে গত আট বছরে কেন্দ্রীয় নেতৃত্বে আওয়ামী লীগ ১৮ দশমিক ৫১ শতাংশ, বিএনপি ১৩ দশমিক ০৫ ও জাতীয় পার্টি ৮ দশমিক ৪৮ শতাংশ কোটা পূরণ করেছে। অন্যান্য দলের মধ্যে সিপিবি ১৩ দশমিক ৩৩ শতাংশ পদে এবং জাসদ (ইনু) ১১ দশমিক ৯২ শতাংশ অর্জন করেছে। ছোট-বড় কোনো দলই এক-তৃতীয়াংশ নারী নেতৃত্ব গঠনের কাছাকাছিও যেতে পারেনি। ২০০৮ সালে হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সব স্তরের নেতৃত্বে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
বড় রাজনৈতিক দলে এখনো নারীর অবস্থান পাল্টায়নিকেন্দ্রীয় নেতৃত্বে এই হতাশাজনক চিত্রের পাশাপাশি তৃণমূলের অবস্থা আরও নাজুক। অনেক কমিটিতে নারীর প্রতিনিধিত্বই নেই। বিভিন্ন দলের নারী কর্মীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় নারীদের কমিটিতে নেওয়া হয় না। রাজনৈতিক দলে নারীর ক্ষমতায়ন না হওয়ার কারণ বহুবিধ।
দুটি প্রধান দলের শীর্ষ পদে নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক কাঠামো নারীর ক্ষমতায়নের সহায়ক নয়। পুরুষতান্ত্রিক মানসিকতাও তাদের রাজনীতিতে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার ৪৫ বছর পরও আমরা এমন পরিবেশ গড়ে তুলতে পারিনি, যাতে নারীরা নির্বিঘ্নে ও নির্ভয়ে রাজনৈতিক নেতৃত্বে আসতে পারেন। এখনো দলীয় রাজনীতি অনেকটা পেশিনির্ভর।
রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার পূরণ করতে হলে তৃণমূল পর্যায় থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার ওপর জোর দিতে হবে। তবে সংখ্যা পূরণই একমাত্র প্রতিকার নয়। রাজনৈতিক সংস্কৃতিকে এমন উন্নত পর্যায়ে নিতে হবে, যেখানে পুরুষের পাশাপাশি নারীরা সমভাবে রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী হয়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রচর্চা বাড়াতে পারলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলা অসম্ভব নয়। বর্তমানে যাঁরা রাজনীতিকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের একটি বড় অংশ ছাত্ররাজনীতি থেকে এলেও ২৫ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এটিও নারী নেতৃত্ব না আসার অন্যতম কারণ।