রাজনৈতিক দলের আয়-ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনে আওয়ামী লীগ ও বিএনপি গত বছরগুলোর মতো এবারও আয়-ব্যয়ের ফিরিস্তি জমা দিয়েছে, কিন্তু সবার জন্য তা প্রকাশ করেনি। ক্ষমতাসীন দলের আয় বাড়ে, আর বিরোধী দলে থাকলে আয় কমে, মনে হচ্ছে হিসাব প্রদর্শনের এ রকম একটি ধারা প্রতিষ্ঠা পেতে চলেছে।
তবে কে কতটা ও কীভাবে আয়-ব্যয়ের হিসাব দেখিয়ে আসছে, তা এখন পর্যন্ত রহস্যাবৃত। কারণ, রাজনৈতিক দল নিবন্ধন আইনের আওতায় দলগুলো ২০০৯ থেকে যে হিসাব জমা দিচ্ছে, তা আমাদের নির্বাচন কমিশন বিনা বাক্য ব্যয়ে মেনে আসছে এবং গোপন রেখে চলছে। যদিও রাজনৈতিক দলগুলোর দেওয়া আয়–ব্যয়সংক্রান্ত তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে যথেষ্ট জোরালো প্রশ্ন রয়েছে। সাংবিধানিক সংস্থা হিসেবে এর সত্যাসত্য যাচাই করার এখতিয়ার নির্বাচন কমিশনের। কিন্তু এ ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। দলগুলো এসব তথ্য গোপন রাখতে চায় বলে তারাও যেন এই সব তথ্য যক্ষের ধনের মতো আগলে রেখেছে।
আমরা দেখেছি বিশিষ্ট নাগরিকদের একটি দল এ ব্যাপারে তথ্য চাইলে তারা তা দিতে অস্বীকার করে এবং তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে তথ্য কমিশন ইসির মতকেই সমুন্নত রাখে। এরপর সুখবর হলো, হাইকোর্ট এ–সংক্রান্ত এক রিটে গত ফেব্রুয়ারিতে আয়–ব্যয়ের হিসাব প্রকাশের পক্ষে রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের তথ্য অজানা থাকলেও ইসির উচিত তা প্রকাশ করা।
আমাদের তথ্য অধিকার আইনে রাজনৈতিক দল ‘কর্তৃপক্ষ’ নয়, ফলে তথ্য দিতে বাধ্যবাধকতা নেই এমন যুক্তি তোলা হয়। ভারতেও এমনটি ছিল না, কিন্তু সেখানকার কমিশন ২০১৩ সালে রাজনৈতিক দলগুলোকেও অন্তর্ভুক্ত করে। আমরা মনে করি, দলগুলোকে অবশ্যই তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। স্বচ্ছতা ও সুশাসনের কথা বলেই দলগুলো ভোট প্রার্থনা করে। কিন্তু তারা তাদের তথ্য গোপন রাখবে, সেটা সুনীতি ও জনস্বার্থের পরিপন্থী।