উত্তরবঙ্গের এক ছোট উপজেলায় যেতে হয়েছিল ব্যাংকের একটা শাখা খোলার সম্ভাব্যতা যাচাই করতে। এ জাতীয় ছোট জায়গায় সচরাচর যা ঘটে, বেশ কিছু কর্মহীন কৌতূহলী মানুষ জুটে যায় সেখানে। তারা কোনো লুকোছাপা না করে আমাদের ব্যাপারে প্রকাশ করে তাদের কৌতূহল। ব্যাংকের শাখা খোলার উদ্দেশ্য জানার পর তাদেরই একজন বলে ওঠে, ও, সরকার যে নতুন ব্যাংক দিচ্ছে, সেই ব্যাংক? তখনো নতুন ব্যাংকের অনুমতি দেওয়া হয়নি, কেবল কথাবার্তা চলছিল, সেসব নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন ছাপা হচ্ছিল। অথচ দেখা গেল, ঢাকা থেকে বহু দূরের মফস্বলের সেই অতিসাধারণ মানুষটিও সে খবর রাখে। এই ছোট অনুল্লেখযোগ্য ঘটনাটি প্রমাণ করে যে আর দশটি মুনাফা অর্জনকারী ব্যবসাপ্রতিষ্ঠানের মতো নয় বলেই প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের গুরুত্ব ও মর্যাদা আলাদা। একটি দেশের আর্থবাজারের অন্যতম অংশীদার বলে জাতীয় অর্থনীতিতে ব্যাংকিং প্রতিষ্ঠান সব সময়ই জনগুরুত্বসম্পন্ন, স্পর্শকাতর এবং অতি প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান। এই ভাবমূর্তির কারণে মানুষ এই প্রতিষ্ঠানকে এখনো অগাধ বিশ্বাসে এবং ভিন্ন মর্যাদায় গ্রহণ করে। বাংলাদেশের ব্যাংকিং-ব্যবস্থা যে উত্তরাধিকারের ফসল, ভারত বিভক্তির পর সেই পাকিস্তানে ব্যাংকের সর্বমোট শাখা ছিল মাত্র ৪৭৮টি, যার বেশির ভাগই ছিল অবিভক্ত ভারতীয় ব্যাংকের শাখা। ফলে ১৯৪৮ সালের মাঝামাঝি সময়ে ভারতীয় ব্যাংকের শাখাগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাংকের মোট শাখা ৪৭৮ থেকে কমে দাঁড়ায় ১৯৫টিতে। ১৯৪৯-এর শেষে পাকিস্তানে মোট পাকিস্তানি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা ছিল মাত্র চারটি আর ২৩টি ছিল ভারতীয় মালিকানাধীন। ১৯৫৯-৬০ সালে চালু হয় ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক। এত দিন পাকিস্তানের ব্যাংকগুলোর কার্যক্রম সীমাবদ্ধ ছিল মূলত শহরাঞ্চলে এবং উন্নত এলাকায়। কিন্তু ইউনাইটেড ব্যাংক শহরের গণ্ডি ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যাংককেও তার সঙ্গে তাল মেলাতে হয়। বর্তমানে দেশটিতে দেশি-বিদেশি মিলিয়ে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৪৭টি আর সারা দেশে মোট শাখার সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার।বাংলাদেশের স্বাধীনতার আগ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ স্টেট ব্যাংক অব পাকিস্তানের দুটো শাখা ছিল, সংগতভাবেই ঢাকা ও চট্টগ্রামে। এ ছাড়া ছিল ১৭টি বড় বাণিজ্যিক ব্যাংক। এগুলোর মধ্যে দুটোর মালিকানা ছিল বাঙালিদের, তিনটা ছিল বিদেশি মালিকানাধীন আর বাকি ১২টির মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। আরও কিছু ছিল ছোট ছোট বাণিজ্যিক ব্যাংক এবং কো-অপারেটিভ ব্যাংক। স্বাধীনতার সঙ্গে সঙ্গে পাকিস্তানি মালিকানাধীন ব্যাংকগুলো এক রকম অভিভাবকহীন হয়ে পড়ে। দেশের নবগঠিত সরকার বাঙালি-অবাঙালি মালিকানা-নির্বিশেষ সব বাণিজ্যিক ব্যাংককে মোট ছয়টি ব্যাংকে পরিণত করে রাষ্ট্রায়ত্ত করে নেন। তবে অপাকিস্তানি মালিকানার বিদেশি ব্যাংকগুলোর অবস্থান এবং মালিকানাস্বত্বে কোনো পরিবর্তন ঘটানো হয় না। আর স্টেট ব্যাংক অব পাকিস্তানের দুটো শাখা বাংলাদেশ ব্যাংক নাম পরিগ্রহ করে পরিণত হয় সদ্য স্বাধীন দেশের কেন্দ্রীয় ব্যাংকে। আর বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা কার্যক্রম মূলত ছিল নগরকেন্দ্রিক, বড়জোর থানা পর্যায়ে। সাধারণ মানুষও এত বেশি ব্যাংককেন্দ্রিক ছিল না।রাষ্ট্রায়ত্ত হওয়ার কারণে ব্যাংকগুলো সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়, ফলে বাণিজ্যিক ব্যাংকের সেবার যে গুণগত মান তার ক্রমাবনতি ঘটে। কারণ, স্বাধীনতার আগে পর্যন্ত ব্যাংকগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের বেশির ভাগই ছিলেন অবাঙালি। স্বাধীনতার প্রাক্কালে তাঁদের সবাই পাকিস্তানে প্রত্যাবর্তন করলে আমাদের সদ্য প্রতিষ্ঠিত ব্যাংকিং খাতে সৃষ্টি হয় যোগ্য লোকবলের এক ব্যাপক শূন্যতা। দক্ষ জনশক্তির এই ঘাটতি মোকাবিলার জন্য তখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের সহায়তা ও উপদেশে উচ্চপদস্থ কিছু অভিজ্ঞ বাঙালি ব্যাংকারকে নিয়ে ১১ সদস্যের এক টাস্কফোর্স গঠন করা হয়েছিল। এই টাস্কফোর্সের সুপারিশেই ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। বলা বাহুল্য, এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নবনিযুক্ত এবং অভিজ্ঞতাহীন ব্যাংকারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ ব্যাংকার তৈরি করা।ব্যাংকিং সেবাদানের জন্য দক্ষ জনশক্তি তৈরির প্রক্রিয়া চলতে থাকলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ধীরে ধীরে কেবল যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রশস্ত ক্ষেত্রে পরিণত হয় তা নয়, দুর্নীতির বিস্তারও ঘটে ব্যাপকভাবে। তবে সত্তরের দশকের প্রথম দিক থেকে শুরু করে শেষার্ধ পর্যন্ত কয়েকটা মেধাবী ব্যাচের নবীন কর্মকর্তাদের নিযুক্তির ফলে ব্যাংকিং খাতে জনশক্তির দক্ষতায় কিছুটা নতুন মাত্রা যুক্ত হয়। তবু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সহজাত দুর্বলতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং স্বাভাবিক সেবা প্রদানে অনীহা ও অপারগতা সম্পূর্ণভাবে দূর হয় না।এই সময়ে দুবার দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেছে, স্বাধীনতা-পরবর্তী সরকারের সমাজতান্ত্রিক নীতি পরিবর্তনের হাওয়ায় দেশে একসময় রাষ্ট্রায়ত্ত করা শিল্পকারখানা ব্যক্তিমালিকানা এবং আদি মালিকদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আর তারই পথ ধরে স্বাধীনতার ১০ বছর পেরিয়ে যাওয়ার পর দেশে বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া হয়। তত দিনে অবশ্য ব্যাংকিং খাতে দক্ষ লোকবলের অভাব কিছু মাত্রায় দূর হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে তৈরি হয়েছে তরুণ মেধাবী ব্যাংকারদের একটা বহর। এই মেধাবী এবং অভিজ্ঞ ব্যাংকারদের দিয়ে শুরু হয় বেসরকারি খাতের ব্যাংকের পথচলা। এই বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ায় এত দিনের অনাদরের পর গ্রাহকশ্রেণী আবার পেতে শুরু করে ভিন্নমাত্রার সেবার আস্বাদ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রশিক্ষিত কর্মী বাহিনীর তত্ত্বাবধানে বেসরকারি ব্যাংকের নবীন কর্মকর্তারা প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর মজবুত ভিত্তি গড়ে তোলার সুযোগ পান।প্রথম প্রজন্মের এই বেসরকারি ব্যাংকগুলো স্থাপনের এক দশকের মাথায় আবারও কিছু ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া হয়, তবে দ্বিতীয় প্রজন্মের এসব ব্যাংককে জনবলের জন্য আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে হয় না। প্রথম প্রজন্মের প্রশিক্ষিত কর্মকর্তারাই মূলত দ্বিতীয় প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলো পরিচালনা করার দায়িত্ব লাভ করেন। তারপর তৃতীয় দফায় অনুমতি দেওয়া হয় আরও ডজনখানেক ব্যাংককে। এবার প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ব্যাংকগুলো থেকে প্রশিক্ষিত কর্মকর্তারা তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলোর হাল ধরেন। তবে বেসরকারি ব্যাংকের এই রমরমা অবস্থায় একটা বিষয় অনেকের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল যে একটা অপরিসর অর্থনীতিতে সীমিত-দক্ষ জনবল নিয়ে এতগুলো ব্যাংক চালু হওয়ায় সত্যিকার অভিজ্ঞ ও দক্ষ জনবলের ঘাটতি সৃষ্টি হয়। দেশের একমাত্র ব্যাংক প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি ব্যাংক-ব্যবস্থাপনায় স্নাতকোত্তর কোর্স চালু করার ফলে এই ঘাটতিকে কিছু মাত্রায় সামাল দেওয়া সম্ভব হয়। তবে এই স্বস্তি নিম্ন ও মধ্যপদের কর্মকর্তাদের নিয়ে থাকলেও উচ্চপদে সত্যিকার দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা এবং নির্বাহীর ঘাটতি মেটানো সম্ভব হয়নি।এ রকম অবস্থায় দেশে আবারও এক দফা ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া হলো মূলত রাজনৈতিক সিদ্ধান্তে। সরকার এটা নিয়ে কোনো রাখঢাকও রাখেনি। অবশ্য রাজনৈতিক বিবেচনায় ব্যাংক প্রতিষ্ঠার নজির এবারই প্রথম নয়, ওপরে উল্লিখিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলোর অনুমতিও দেওয়া হয়েছিল প্রধানত রাজনৈতিক বিবেচনায়। তবে পার্থক্য হচ্ছে, এর আগে রাজনৈতিক বিবেচনার কথাটি উহ্য ছিল আর এবার সরাসরি স্বীকার করেই বলা হলো।দেশে বর্তমানে দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি মিলিয়ে ব্যাংক আছে ৪৭টি। এগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক চারটি, চারটি বিশেষায়িত ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩০টি এবং বিদেশি ব্যাংক নয়টি। এ ছাড়া আছে প্রয়োজনাতিরিক্ত (৩০টি) নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। আমাদের জিডিপি ১০ হাজার ৫০০ কোটি ডলার আর জনসংখ্যা ১৬ কোটির ওপর। এতগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমাদের মতো নিম্ন-মাঝারি অর্থনীতিতে প্রয়োজন ছিল কি না, সে প্রশ্ন অনিষ্পন্ন থাকতেই আবারও নতুন ব্যাংক প্রতিষ্ঠা কতখানি যুক্তিসংগত, সে প্রশ্নও সংগতভাবে উঠে আসে। অথচ আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাঁচ হাজার কোটি ডলার জিডিপি-সংবলিত শ্রীলঙ্কার দুই কোটি চার লাখ জনসংখ্যার জন্য আছে ৩৭টি ব্যাংক, এক হাজার ৫০০ কোটি ডলার জিডিপি এবং দুই কোটি ৮৬ লাখ মানুষের দেশ নেপালে ২২টি, ১৬ হাজার ৫০০ কোটি ডলার জিডিপি এবং সাড়ে ১৭ কোটি জনসংখ্যা-সংবলিত পাকিস্তানে ৪৭টি আর এক লাখ ৫৪ হাজার কোটি ডলার জিডিপি এবং ১১৯ কোটি জনসংখ্যার দেশে ভারতে রাষ্ট্রায়ত্ত, নতুন-পুরোনো বেসরকারি মিলিয়ে মোট ব্যাংকের সংখ্যা ৪৫টির মতো। এ ছাড়া আছে কিছু আঞ্চলিক এবং কো-অপারেটিভ ব্যাংক। আরও একটু বাইরে গিয়ে দূরপ্রাচ্যের দিকে তাকালে মালয়েশিয়ার মতো সমৃদ্ধ অর্থনীতির দেশে ব্যাংক পাওয়া যায় মাত্র ২২টি, অথচ দেশটির জিডিপি ২১ হাজার ৯০০ কোটি ডলার আর জনসংখ্যা দুই কোটি ৮২ লাখ। আবার একসময়কার এশীয় ব্যঘ্র চতুষ্টয়ের একটি—থাইল্যান্ডের জিডিপি ৩১ হাজার ৩০০ কোটি ডলার এবং জনসংখ্যা ছয় কোটি ৭১ লাখ, তার বিপরীতে ব্যাংকের সংখ্যা ১৯।ওপরের হিসাব অনুযায়ী, বিভিন্ন দেশের অর্থনীতির আয়তন এবং সেসব অর্থনীতিতে ব্যাংকের সংখ্যা বিচারে দেখা যাচ্ছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, এমনকি পাকিস্তানের মতো দেশেও জিডিপি অনুপাতে ব্যাংকের সংখ্যা বাংলাদেশের চেয়েও কম। এমনকি মাথাপিছু ব্যাংক হিসাব করলেও পাকিস্তান কিংবা ভারতে ব্যাংকের সংখ্যা কম। একটা ছোট অর্থনীতিতে বেশিসংখ্যক ব্যাংকের কোনো অর্থনৈতিক যৌক্তিকতা নেই, বরং বর্তমান ঝুঁকি ব্যবস্থাপনার যে ধারণায় ব্যাংকগুলো পরিচালিত হওয়ার কথা, সে বিবেচনায় প্রয়োজনাতিরিক্ত ব্যাংক ব্যাংকিং খাতে ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেয়। বলা বাহুল্য, ব্যাংকগুলোর বার্ষিক লাভের অঙ্কই এই খাতে বিনিয়োগের প্রধানতম প্রলোভন, কিন্তু এ কথা স্মরণ রাখা প্রয়োজন যে ব্যাংকিং ব্যবসা অন্যান্য শিল্প বা বাণিজ্যের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং কঠোর শৃঙ্খলায় আবদ্ধ, সাধারণ শিল্পে বা ব্যবসায় লোকসান ঘটলে কিংবা বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় উদ্যোক্তা, কিন্তু ব্যাংক বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ আমানতকারী। নতুন ব্যাংকগুলো কেবল বিদ্যমান ব্যাংকগুলোর মুনাফায় ভাগ বসাবে, অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করবে, নাকি নতুন গ্রাহক এবং তাদের ব্যাংকবহির্ভূত তরল অর্থ ব্যাংকব্যবস্থায় অন্তর্ভুক্ত করবে, সেটি এখনো নিশ্চিত করে বলা যায় না। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ব্যাংকগুলো যেখানে বাসেল ২ বাস্তবায়নে স্বাচ্ছন্দ্যের অভাব বোধ করছে, অথচ দরজায় কড়া নাড়ছে বাসেল ৩-এর উচ্চতর পরিপালন মান, সেখানে নতুন ব্যাংকগুলো কতখানি দৃঢ়ভিত্তি লাভ করবে, সে সংশয় থেকেই যায়। ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার।[email protected]