দেশের দুই প্রধান রাজনৈতিক দলের যেকোনো একটি যখন ক্ষমতায় থাকে, তখন প্রতিপক্ষ দলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগে হয়রানিমূলক অনেক মামলা দায়ের করে। এ ধরনের মামলাকে বলা হয় রাজনৈতিক হয়রানিমূলক মামলা। ক্ষমতার পালাবদল ঘটলে আগের বিরোধী দল ক্ষমতাসীন হয়ে আগের সরকারের দায়ের করা সেই সব মামলা প্রত্যাহার করে নেয়; দলের নেতা-কর্মীরা হয়রানি থেকে মুক্তি পান।কিন্তু মামলা প্রত্যাহারের এই অনুশীলন দূষিত হয়ে পড়েছে। ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেক গুরুতর ফৌজদারি অপরাধের মামলাও এখন রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হচ্ছে। এর সর্বশেষ একটি দৃষ্টান্ত গত বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিঠুন ওরফে মিঠুর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ: মিঠু ১২ বছর বয়সী এক কিশোরীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। একসময় মিঠু তাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি তাতে রাজি না হলে তাকে শারীরিকভাবে আঘাত করেন। একবার মিঠু মেয়েটির গায়ে কিছু তরল পদার্থও নিক্ষেপ করেন, যার ফলে মেয়েটির গায়ে জ্বলুনি হয়। মিঠু একপর্যায়ে মেয়েটিকে অপহরণেরও চেষ্টা করেন, কিন্তু মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা তার সাহায্যার্থে এগিয়ে এলে মেয়েটি অপহরণ থেকে রক্ষা পায়।এই সব কটি অভিযোগই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন অনুযায়ী বিচারযোগ্য। বিচারের প্রত্যাশায় মেয়েটির বাবা মামলা দায়ের করেছিলেন। অথচ সেই ফৌজদারি মামলাটি প্রত্যাহার করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায়।রাজনৈতিক বিবেচনায় এভাবে অন্যায়-অপরাধকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে মামলাটি পুনরুজ্জীবিত করা হোক। মামলা প্রত্যাহারের এমন অসৎ ও ক্ষতিকর চর্চা বন্ধ করা প্রয়োজন।