প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার অনেকটা আকস্মিকভাবেই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। এর আগে সরকারের হরতাল প্রত্যাহারের আহ্বানে সাড়া দেয় প্রধান বিরোধী দল বিএনপি। দেশের রাজনীতি সাম্প্রতিক সময়ে যেভাবে চলছিল, তাতে দুই পক্ষের এ ধরনের অবস্থান গ্রহণকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখেছেন অনেকে। তবে গতকালের জনসভায় বিরোধীদলীয় নেতার ৪৮ ঘণ্টার আলটিমেটাম জনমনে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে।প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আসেন, বসি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি’। তিনি আলোচনার জন্য সংসদকেই উত্তম স্থান বলে মনে করেন, তবে এর বাইরেও যে আলোচনা হতে পারে, তা-ও পরিষ্কার করেছেন। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে দেওয়া প্রতিক্রিয়ায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের পক্ষ থেকে সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার দাবি তোলেন। প্রধানমন্ত্রী শুক্রবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিরোধী দলকে যথাসময়ে সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে।প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানের পর এ নিয়ে ‘আনুষ্ঠানিক প্রস্তাব’ সংলাপের ‘আলোচ্যসূচি’, ‘শর্ত’ ও ‘পূর্বশর্ত’—এসব নানা বিষয় নিয়ে দুই পক্ষের তরফে কথাবার্তা শোনা যাচ্ছে। যেকোনো আলোচনায় দর-কষাকষির বিষয় থাকবেই। বিরোধী দল বিএনপির যেমন কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে, তেমনি সরকারি দলেরও এ ব্যাপারে নিজস্ব অবস্থান রয়েছে। কিন্তু আমরা মনে করি, সংলাপ শুরু করার জন্য দুই পক্ষের আন্তরিকতাই যথেষ্ট।বিএনপির মূল দাবি হচ্ছে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান। সংলাপের আহ্বানের পর বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, তাতে এটা স্পষ্ট হয়েছে যে এই বিষয়কে সুনির্দিষ্ট করেই তারা আলোচনায় বসতে চায়। অন্যদিকে প্রধানমন্ত্রী গত শুক্রবার সাংবাদিকদের বলেছেন, বিএনপির দাবি আগেই মেনে নিলে এ নিয়ে আর আলোচনার কী আছে। আমরা মনে করি, সংলাপের প্রক্রিয়া শুরু হওয়ার পর এ নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ নেই। আসল কথা হচ্ছে, আগামী নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে দুই পক্ষের আলোচনা ও সমঝোতায় আসা। এ ক্ষেত্রে খোলা মন নিয়ে আলোচনায় বসার বিকল্প নেই।সংলাপ বা আলোচনার পরিবেশ তৈরির বিষয়টি জরুরি। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ বা দৃশ্যমান কিছু পরিবর্তনের মধ্য দিয়েও যেমন তা হতে পারে, তেমনি অনানুষ্ঠানিক যোগাযোগ ও নানা উদ্যোগের মাধ্যমেও তা হতে পারে। যেকোনো গণতান্ত্রিক দেশে সরকার এবং বিরোধী দলের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই ধরনের যোগাযোগই থাকে।আমরা আশা করব, সরকার ও বিরোধী দল খোলা মন নিয়ে যত দ্রুত সম্ভব সংলাপে বসবে—এটাই অচলাবস্থা দূর করার একমাত্র পথ। সংলাপের ব্যাপারে জনমনে আশাবাদ সৃষ্টি করে যদি তা কার্যকরভাবে অনুষ্ঠানে দেশের প্রধান দুটি দল ব্যর্থ হয়, তবে তার দায় দল দুটিকেই নিতে হবে। জনগণ আর কোনো হরতাল-অবরোধ বা সহিংসতা দেখতে চায় না।