দুর্নীতি একটি বৈশ্বিক প্রবণতা হলেও উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সুশাসন ও আইনের শাসনকে অর্থবহ করতে হলে দুর্নীতির রাশ টানার বিকল্প নেই। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এবারের প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ২৫ অপরিবর্তিত থাকলেও অবস্থান এক ধাপ নেমে গেছে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪, এবারে ১৩। টিআইয়ের প্রতিবেদন নিয়ে ক্ষমতাসীনদের কেউ কেউ ক্ষীণ স্বরে প্রতিবাদ করলেও অর্থমন্ত্রীর স্বীকারোক্তি তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, ‘দুর্নীতি রোধে কোনো উন্নতি হয়নি।’
ক্ষমতাসীন মহল থেকে দুর্নীতিবিরোধী যেসব বক্তৃতা-বিবৃতি শোনা যাচ্ছে, তার প্রায় পুরোটাই অতীতের। অতীতে সংঘটিত দুর্নীতির বিচারের পাশাপাশি বর্তমান দুর্নীতি রোধে যে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, সেই অপ্রিয় সত্যটি নীতিনির্ধারকেরা বেমালুম ভুলে যান। ফলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। পাকিস্তানের মতো দেশও দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার আমরা যে শাণিত করতে ব্যর্থ হয়েছি, খোদ অর্থমন্ত্রীর বক্তব্যই তার প্রমাণ। দুর্নীতি রোধে আমাদের যেসব আইন ও অবকাঠামো আছে, তার সংস্কার প্রয়োজন। কিন্তু তার চেয়েও জরুরি হলো সেই আইনের যথাযথ প্রয়োগ। আইন ক্ষেত্রবিশেষে অন্ধ হলে দুর্নীতিবিরোধী অভিযান চোরাগলিতে আটকে যেতে বাধ্য। দুর্নীতি রোধ করতে হলে প্রতিটি সরকারি বিভাগ ও অধিদপ্তরকে নিজেদের বিভাগীয় তদন্ত ও প্রতিকারের ব্যবস্থাকে সচল করতে হবে। আইনি রক্ষাকবচ ও স্বশাসিত বাজেট নিয়েও দুদকের নখদন্তহীন থাকা মূলত উচ্চপর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা না থাকারই নির্দেশক।
শাসনব্যবস্থার সর্বস্তরে, বিশেষ করে রাজনীতিবিদদের দ্বারা সরাসরি পরিচালিত প্রতিষ্ঠান ও সংস্থাগুলোয় জবাবদিহিমূলক ব্যবস্থার ঘাটতি থাকলে তা আমলাতান্ত্রিক ব্যবস্থাকে আরও দুর্নীতিগ্রস্ত ও বেপরোয়া করে তোলে। এই চক্র থেকে বেরোতে হবে এবং সদিচ্ছা থাকলে সেটা যে সম্ভব, কাছের ও দূরের অনেক দেশই তা প্রমাণ করেছে। আমরা কেন পারব না?