শাহবাগে তারুণ্যের যে জাগরণ ঘটেছে, তা বড়দের জন্য ছিল আকস্মিক ও অভূতপূর্ব ঘটনা। তরুণদের মনের মধ্যে ক্ষোভ যে বারুদের মতো বিস্ফোরণের অপেক্ষায় ছিল, তা বড়রা আঁচ করতেই পারেননি। নতুন এই প্রজন্ম যে মুক্তিযুদ্ধের গৌরব ও অর্জনকে এভাবে হূদয়ে ধারণ করেছে, তা-ও জানা ছিল না। আর ওরা যুদ্ধাপরাধীদের লঘু শাস্তি আর ঔদ্ধত্যের প্রতিবাদে যখন ফেটে পড়ল, তখন বড়রা আবিষ্কার করল, তাঁদের নিজেদের স্মৃতির অতলে চাপা পড়ে যাওয়া চেতনা মরে যায়নি। প্রেরণার অগ্নি-শলাকায় উজ্জীবিত হয়ে উঠেছেন বয়স্করাও। আসলে মানুষ তো গৌরবের অংশীদার হতে চায়, গ্লানির বোঝা বইতে নারাজ। তাই আজ শাহবাগে তো বটেই, সারা দেশের গণজাগরণ মঞ্চে নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ—সবার ঢল নেমেছে। বাংলাদেশ নেমে এসেছে রাজপথে।এটা বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা নয়। বায়ান্ন, উনসত্তর, একাত্তর, নব্বই—গত শতাব্দীতে এভাবে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। আর প্রতিবারই সে বিজয়ী হয়েছে।বায়ান্নতে কেবল যে ভাষার অধিকার ফিরে পেয়েছিল তা নয়, বাঙালি জাতীয়তাবাদের বীজ বপন হয়েছিল সেদিনের আন্দোলনের মাধ্যমে। উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিতে ছয় দফার ভিত্তিতে অর্জিত হয়েছিল সত্তরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়। একাত্তরে এসেছে স্বাধীনতা আর নব্বইতে গণতন্ত্র। প্রতিবারই জাতীয় মুক্তির পথে অনেকটা দূর অগ্রসর হওয়ার পাথেয় জুটেছে। কিন্তু প্রতিবারই আবার সামাজিক অচলায়তন আর রাজনৈতিক বিরোধ-বিভ্রান্তির ঘুরপাকে পড়ে দেশ আশানুরূপ অগ্রসর হতে পারেনি। বরং আজ হতাশার সঙ্গে তাকিয়ে দেখতে হয়, কীভাবে পেছন থেকে এসে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আমাদের ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। এসব মিলিয়ে তরুণসমাজের মনে রাগ-ক্ষোভ তো আছেই, আবার নিশ্চয়ই জেদও তৈরি হয়েছে। আজ আমরা তরুণ প্রজন্মের সাহসী জেদের পরিচয় পাচ্ছি। তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিবাদে ফুঁসে উঠেছে। একে কেবল রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধবিরোধী জেদি প্রতিবাদ ভাবলে ভুল হবে। এর কেন্দ্রীয় বিষয় যুদ্ধাপরাধীদের শাস্তি হলেও পরিধি আরও ব্যাপক। তাই প্রথম দাবির সূত্র ধরে অত্যন্ত সংগতভাবেই উঠে এসেছে জামায়াত ও ধর্মব্যবসায়ীদের রাজনীতি বন্ধ করার দ্বিতীয় দাবিটি। আমরা লক্ষ করছি, শাহবাগের গণজাগরণ মঞ্চের মূল উদ্যোক্তা তরুণেরা প্রথাগত রাজনীতিবিদদের এ মঞ্চ ব্যবহারের সুযোগ দিতে নারাজ। সরকারের মন্ত্রী, সরকারি দলের সাংসদেরা সংহতি জানিয়ে গেছেন, কিন্তু মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার সুযোগ পাননি। সত্যি কথা হলো, আমাদের প্রথাগত রাজনীতির এতটাই অবক্ষয় হয়েছে যে মানুষ রাজনীতিবিদদের ওপর আস্থা রাখতে পারছে না। শাহবাগে যে জনতার ঢল নেমেছে, তার আসল কারণ, এর উদ্যোক্তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আর এই অরাজনৈতিক সংগঠকদের ওপর মানুষের আস্থা এতটাই গভীর ও প্রসারিত হয়েছে যে সব বয়সের মেয়েরা প্রচণ্ড ভিড়ের মধ্যে সমাবেশে যোগ দিচ্ছেন, এমনকি অনেকে দুধের শিশুকে নিয়েও সমাবেশে হাজির হচ্ছেন। মোটামুটি একই চিত্র দেশের সর্বত্র। সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণ কিন্তু এ আন্দোলনের নির্দলীয় অরাজনৈতিক চরিত্র। কিন্তু তার পরেই ভাবনার বিষয় হলো, উদ্যোগ অরাজনৈতিক হলেও ইস্যুগুলো তো রাজনৈতিক। কেবল যে ইস্যু রাজনৈতিক তা নয়, এর যে প্রতিপক্ষ, তারা তো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল। ফলে রাজনীতি এবং রাজনৈতিক দলকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া তো সম্ভব নয়। ইতিমধ্যে জামায়াত-শিবির প্রত্যাঘাত হানা শুরু করেছে। আন্দোলনের একজন সংগঠন ব্লগার নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন। তা ছাড়া আন্দোলনের দাবিগুলোর প্রতি সরকার ও রাজনৈতিক দলের সমর্থনও তো চাইতে হচ্ছে, দাবি পূরণের দাবি জানাতে হচ্ছে সরকারের কাছে। সরকার এরই মধ্যে আপিলের বিধান সংযোজন করে আইনের সংশোধনীর উদ্যোগ নিয়েছে। আবার প্রধানমন্ত্রী ব্লগার স্থপতি শহীদ রাজীবের বাসায় সাংবাদিকদের বলেছেন, জামায়াত-শিবিরের এ দেশে রাজনীতি করার অধিকার নেই।অর্থাৎ আমরা লক্ষ করছি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার আন্দোলনকে সরাসরি প্রভাবিত বা পরিচালিত করার চেষ্টা না করেও এর প্রতি সহমর্মী ও সহযোগী ভূমিকা নেওয়ার নীতি নিয়েছে। বলা যায়, আদর্শিকভাবে এ আন্দোলন এবং আওয়ামী লীগ ও জোটের শরিক অন্যান্য দলের তেমন পার্থক্য নেই। এর বাইরে সিপিবি-বাসদের মতো বাম দলগুলোর সঙ্গে আন্দোলনকারীদের নীতিগত নৈকট্য রয়েছে, এ কথাও বলা যায়। এ আন্দোলনের ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বিএনপি। আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দল গড়তে বিএনপির সংগঠকেরা এর বিপরীত নীতি-আদর্শ গ্রহণ করতে গিয়ে কেবল পুরোনো মুসলিম লীগের ধর্মভিত্তিক জাতীয়তা ও সাম্প্রদায়িকতার নীতিই গ্রহণ করেননি, একই সঙ্গে প্রতিপক্ষকে দুর্বল ও নিজেদের শক্তি বৃদ্ধির জন্য জামায়াতকে পুনরুজ্জীবিত করেছেন, জামায়াত-মুসলিম লীগ ও অন্যান্য পাকিস্তানপন্থী দল এবং ব্যক্তিদের পুনর্বাসনে সহায়তা দিয়েছেন। আজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ১৮ দলীয় জোটের দৃঢ় ঐক্যের কথা বলে ছাত্র-তরুণদের আন্দোলনের প্রতি সম্পূর্ণ উপেক্ষা প্রদর্শন করলেন। এই অবস্থানই যদি বিএনপি বজায় রাখে, তাহলে সম্ভবত এটা হবে তাঁদের সবচেয়ে বড় রাজনৈতিক ভ্রান্তি। দেশের গণতন্ত্রের জন্যও এ হবে গভীর সংকটের কারণ। কেননা, বিএনপি যদি যুদ্ধাপরাধীদের পক্ষেই থাকে, জামায়াতকে নিয়েই জোট বজায় রাখতে চায়, তাহলে যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে যে গণজাগরণ ঘটেছে এবং ঐকমত্য গড়ে উঠেছে, তাকেই চ্যালেঞ্জ জানানো হবে। এ আন্দোলনের বিরুদ্ধতা জোরদার হলে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন মহাজোট সরকারকে এর পাশে দাঁড়াতে হবে। পরিস্থিতি এমনও হতে পারে, উনসত্তর-একাত্তরের মতো রাজনৈতিক দল ও নাগরিকসমাজ একাকার হয়ে যাবে। দেশে যখন এভাবে গণজাগরণ হয়, তখন পরিস্থিতির দাবি অনুযায়ী রাজনৈতিক পদক্ষেপ নিতে হয়। সেটা বঙ্গবন্ধু পেরেছিলেন বলেই একাত্তরের মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতা সম্ভব হয়েছে। আজকের চলমান এই আন্দোলনের সহজ ও সুন্দর পরিণতি হতে পারত, যদি বিএনপিও যুদ্ধাপরাধী ও তাদের দলের প্রতি সমর্থন তুলে নিত। দেশে আজ একাত্তরের মতো যে ভাবাবেগ তৈরি হয়েছে, যে নীতি-আদর্শের প্রতি অঙ্গীকার ব্যক্ত হচ্ছে এবং যে জাতীয় ঐক্যের সূচনা হয়েছে, তা তখন গণতন্ত্রের পথে রাজনৈতিক উত্তরণের জন্য সহায়ক হতো। দেশের জনসংখ্যার বড় একটা অংশ ছাত্রলীগ-যুবলীগের টেন্ডারবাজি-দখলদারি আর আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর দুর্নীতি-দুঃশাসনে বিরক্ত, তারা এর অবসান চায়। কিন্তু তারাও নীতি-আদর্শের প্রশ্নে যুদ্ধাপরাধীদের সঙ্গে থাকতে রাজি হবে না। নতুন প্রজন্মের বারতা হলো বাংলাদেশ মুক্তিযুদ্ধের ফসল, এ দেশে যুদ্ধাপরাধী ও পরাজিত অমানবিক সাম্প্রদায়িক রাজনীতির কোনো স্থান হবে না। ইতিহাসের এই বারতা যদি বিএনপি ঠিকভাবে পাঠ না করে, তবে কি ইতিহাস থেমে যাবে? পেছনের দিকে যাবে? যাবে না, কারণ, ভবিষ্যৎ প্রজন্মই আজকের আন্দোলনের কান্ডারি। তারা অচল হয়ে পড়া অবরুদ্ধ ইতিহাসকে মুক্তি দেওয়ার অঙ্গীকার নিয়েই যেন রাজপথে নেমেছে। বিএনপি নেই আর এই অবকাশে যদি আওয়ামী লীগ কেল্লা ফতে বলে নিজের পাতে সবটা তুলে নিতে যায়, তবে ভুল করবে। তরুণেরা জাতির জন্য দুটি বড় শিক্ষা নিয়ে এসেছে। প্রথমত, স্বাধীন বাংলাদেশের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, যার মূল স্তম্ভ হলো—অসাম্প্রদায়িক মানবতা, গণতন্ত্র, হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য। দ্বিতীয়ত, এই রাজনীতির জন্য যে সহনশীল সুশাসনের ধারা দরকার, তা নিশ্চিত করতে প্রয়োজন জাতীয় লক্ষ্যাদর্শ নিয়ে ঐকমত্য। সেই ঐক্য প্রতিষ্ঠার পথই খুলে দিয়েছে তরুণ প্রজন্ম। দলীয় সংকীর্ণতা এবং ক্ষমতার প্রতাপ ও দুর্নীতির আঁতাতে গড়া দূষিত রাজনীতির অবসান ঘটিয়ে তবেই আমাদের রাজনৈতিক দলগুলো সে পথে জাতিকে এগিয়ে নিতে পারবে। ফলে তরুণ প্রজন্ম কেবল বিএনপিকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি, আওয়ামী লীগকেও দিয়েছে। সেটা না বুঝে কেবল এর সুবিধা ভোগ করতে চাইলে এ আন্দোলনও জাতির জন্য স্থায়ী সুফল বয়ে আনতে পারবে না। তাই সেদিক থেকে এ আন্দোলনের সাফল্য যেমন তরুণসমাজের ওপর নির্ভর করছে, তেমনি অনেকাংশে নির্ভর করছে আওয়ামী লীগের ভূমিকার ওপরও।নির্দলীয় অরাজনৈতিক সূচনার রাজনৈতিক সমাপনী টানার কাজে সব পক্ষেরই দক্ষতা ও দূরদর্শিতা প্রয়োজন।আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।