রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুস সোবহানের অপকর্মের দায় নিতে হচ্ছে রুটিন দায়িত্বে থাকা সহ-উপাচার্য তথা পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আগের উপাচার্য তাঁর শেষ কর্মদিবস ৬ মে ১৩৮ জনকে নিয়োগ দিয়ে যান। এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। পরে ৮ মে নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদান স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাবেক উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান উপেক্ষা করে নিজের খেয়ালখুশিমতো সবকিছু করেছেন। সরকার সমর্থক প্রগতিশীল শিক্ষকসমাজও সাবেক উপাচার্যের এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে বাতিল করার দাবি করেছিল। কিন্তু দেড় মাসের বেশি চলে গেলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় সেই অবৈধ নিয়োগপ্রাপ্তরা ক্যাম্পাসে শক্তি প্রদর্শন করে চলেছেন।

প্রথম আলোর খবরে বলা হয়, অবৈধ নিয়োগপ্রাপ্তদের হুমকির কারণে গত মঙ্গলবার আহূত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেছেন, ‘আমাদের কোষাধ্যক্ষ ও অপর সহ-উপাচার্যের বাসায় কয়েকটি মোটরসাইকেলে লোকজন গিয়ে সিন্ডিকেটে অংশ না নিতে হুমকি দেন। বুধবার ও মঙ্গলবারও তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। অথচ নতুন নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের কাজে বাধা দেবেন না বলে ওয়াদা করেছিলেন। এর আগেও তাঁরা প্রশাসনিক ভবনের সভাকক্ষের ভেতরে অবস্থান নিয়ে সহ-উপাচার্যসহ অনেককে অবরুদ্ধ করেছিলেন। সেই সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, শিগগিরই বিষয়টি ফয়সালা করা হবে। ইতিমধ্যে দেড় মাস চলে গেলেও তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। নতুন উপাচার্যও নিয়োগ দেওয়া হয়নি।’

আইনে ইউজিসির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তারা কেবল সুপারিশ করতে পারে। ইউজিসির ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা তারা পালন করেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদনও জমা দিয়েছে। এর আগে উপাচার্য নিয়োগবিধি শিথিল করে নিজের কন্যা, জামাতাসহ কয়েকজনকে নিয়োগ দিয়েছিলেন। সে সময়েও ইউজিসির তদন্তে আইন লঙ্ঘন করে নিয়োগ দেওয়ার বিষয়টি বেরিয়ে আসে। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সাবেক উপাচার্য সেসব আমলে নেননি, তার প্রমাণ শেষ কর্মদিবসে ১৩৮ জনকে নিয়োগ দেওয়া।

অবৈধভাবে নিয়োগপ্রাপ্তরা পদায়নের জন্য প্রশাসনকে নানাভাবে চাপ দিয়ে আসছেন। তঁারা একবার প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করেও রেখেছিলেন। সে সময়ে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে যোগাযোগও করেছিলেন। তখন মন্ত্রণালয় থেকে জানানো হয়, শিগগিরই বিষয়টির সুরাহা হবে। কিন্তু সেই ‘শিগগির’ এখনো আসেনি। ফলে নিয়োগপ্রাপ্তরা ক্যাম্পাসে অরাজক অবস্থা তৈরি করে চলেছেন।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ১৩৮ জনের নিয়োগ অবৈধ। ইউজিসির তদন্তে বেরিয়ে এসেছে নিয়োগ অবৈধ। তারপরও নিয়োগপ্রাপ্তরা ক্যাম্পাসে শক্তি প্রদর্শনের সাহস পান কীভাবে? মূলত শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি ও সিদ্ধান্তহীনতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

যে ব্যক্তি সবকিছু জেনেও অবৈধ নিয়োগ দিয়েছেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় শিক্ষা মন্ত্রণালয়কেই নিতে হবে। অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এমন একজন দক্ষ ও সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক, যিনি অন্তত বিশ্ববিদ্যালয়ের আইন মেনে চলবেন। আশা করি, দেরিতে হলেও শিক্ষা মন্ত্রণালয়ের চৈতন্যোদয় হবে।