বন্ধ হয়ে যাওয়ার ১৬ বছর পর গত শুক্রবার চালু করা হলো রাজশাহী রেশম কারখানা। দেরি হলেও এই কারখানা চালুর বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এর মধ্য দিয়ে দেশে রেশমশিল্পের সুদিন ফেরার একটা সম্ভাবনা সৃষ্টি হলো বলেই আমরা মনে করি।
লোকসান হচ্ছে—এ কারণ দেখিয়ে ২০০২ সালে তৎকালীন সরকার এই রেশম কারখানা বন্ধ করে দেয়। তখন এই কারখানার ঋণের বোঝা ছিল ১ কোটি ৩০ লাখ টাকা। বন্ধ করে দেওয়ায় কারখানার ৩০০ জন শ্রমিক বেকার হয়ে পড়েন। একই কারণ দেখিয়ে তৎকালীন সরকার সে সময় ঠাকুরগাঁওয়ের আরেকটি রেশম কারখানাও বন্ধ করে দেয়।
অথচ আগে পরিস্থিতি এমন ছিল না। বাংলাদেশে একসময় রেশমশিল্পের রমরমা অবস্থা ছিল। রাজশাহীর রেশম বা সিল্ক দিয়ে তৈরি শাড়ি, পাঞ্জাবি ও অন্যান্য পণ্য খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। রাজশাহী সিল্কের সুনাম একসময় দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল বিদেশেও। কিন্তু সরকারের নজরদারির অভাব, মুক্তবাজার অর্থনীতির প্রভাবসহ নানা কারণে এ শিল্পে এখন চরম মন্দাবস্থা চলছে। ১৯৮৮ সালে বিদেশ থেকে রেশম সুতা আমদানির সিদ্ধান্ত এই শিল্পের দুরবস্থার জন্য অনেকাংশে দায়ী। এতে বড় ধরনের লোকসানে পড়েন স্থানীয় রেশম সুতার উৎপাদকেরা। বিদেশ থেকে আমদানি করা সুতার দাম তুলনামূলক কম হওয়ায় দেশি সুতার ক্রেতা কমতে থাকে। আর চাহিদা না থাকায় কমতে থাকে রেশম চাষ ও সুতা উৎপাদন।
এদিকে বিদেশ থেকে প্রকৃত রেশম সুতার বদলে সিনথেটিক সুতা আমদানি এবং তা দিয়ে শাড়িসহ অন্যান্য পণ্য তৈরি করার কারণে মানুষের বিশ্বাস নষ্ট হয়েছে, সম্ভাবনাময় এই বাজারও নষ্ট হয়েছে। এখন বিদেশ থেকে আমদানি করা সুতার দামও দিন দিন বাড়ছে। ফলে লোকসানের কবলে পড়ে বহু কারখানা বন্ধ হয়েছে। বহু মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে। কিন্তু এ শিল্পকে বাঁচাতে তেমন কোনো পদক্ষেপ নেই।
রেশমশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য দেশে একটি রেশম বোর্ড রয়েছে। কিন্তু এ শিল্পের উন্নয়নে রেশম বোর্ড যদি কোনো কার্যকর ভূমিকা পালন করত, তা হলে পরিস্থিতি এই পর্যায়ে যেত না। এই পরিস্থিতি খুবই দুঃখজনক। আমরা আশা করছি, রেশম বোর্ডের টনক নড়বে এবং প্রতিষ্ঠানটি দেশের রেশমশিল্পের বিকাশ ও উন্নয়নে দরকারি ভূমিকা পালন করবে।
বিশ্ববাজারে আজও রেশমের চাহিদা অপরিসীম। তাই সরকারকে এ শিল্পের দিকে বাড়তি নজর দিতে হবে। বন্ধ হয়ে যাওয়া রেশম কারখানাগুলো চালু করা, রেশম চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি, রেশমচাষিদের বিনা সুদে ঋণ প্রদান ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে রেশমশিল্পের সুদিন ফেরানো সম্ভব। আমরা যদি নতুন করে এ শিল্পের বিকাশ ঘটাতে সফল হই, তাহলে অসংখ্য মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে। বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।