কুপিয়ে হত্যার ধারাবাহিকতায় ঘটনাস্থল আবারও রাজশাহী। হত্যাকাণ্ডের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, যিনি একজন নির্বিবাদী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। অধ্যাপনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড করেন, গানের চর্চা করেন। এমন একজন ব্যক্তিকে নৃশংস কায়দায় হত্যার কী কারণ থাকতে পারে?
একই কায়দায় ধারাবাহিকভাবে আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার ধরনে মিল রয়েছে। আগেরগুলোর মতো এই হত্যাকাণ্ডের পরও ‘আইএস’ থেকে দায় স্বীকার করা হয়েছে। একক কোনো গোষ্ঠী বা ভিন্ন ভিন্ন গোষ্ঠী যারাই এই হত্যাকাণ্ডগুলো ঘটাক না কেন, তাদের উদ্দেশ্য যে অভিন্ন, তা স্পষ্ট। এসব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কার্যত মুক্তচিন্তা, বিভিন্ন ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর আঘাত হানা হচ্ছে এবং ক্রমাগত একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।
অধ্যাপককে কুপিয়ে হত্যাদুঃখজনকভাবে সরকার এই পরিস্থিতি সামাল দিতে ধারাবাহিকভাবে ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছে। এ ধরনের হত্যাকাণ্ডের পর কেউই ধরা পড়ে না বরং সরকারের বিভিন্ন মহল থেকে হত্যার শিকার ব্যক্তিদের বক্তব্য, বিশ্বাস বা নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সরকারের এই অবস্থানের মধ্যে দায়িত্ববোধের পরিচয় মিলছে না। এটা বরং খুনি চক্রকে আরও বেপরোয়া হতেই উৎসাহিত করবে।
একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা গায়েব হয়ে যাচ্ছে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এর কূলকিনারা করতে পারছে না, এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে। কোথাও কোনো গাফিলতি হচ্ছে কি না, তা খুঁজে বের করা জরুরি। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং যার খেসারত পুরো দেশ ও জাতিকে দিতে হবে। আশা করছি, সরকার ও সংশ্লিষ্ট সবার টনক নড়বে।
রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের চিহ্নিত ও আটক করার ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের ব্যর্থতা দেখতে চাই না। তাঁর পরিবার-পরিজনের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।