রাজশাহীতে মালদ্বীপের শিক্ষার্থী রাউধা আথিফের মৃত্যুর ঘটনা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, তা দূর করা খুব জরুরি হয়ে পড়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে রাউধার মৃত্যুর কারণ আত্মহত্যা বলা হলেও তাঁর পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।
মালদ্বীপ সরকারের বৃত্তি নিয়ে গত বছরের জানুয়ারিতে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে ভর্তি হন রাউধা। গত ২৯ মার্চ সকালে মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একটি কক্ষ থেকে রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলা হলেও রাউধার পরিবার যেহেতু বিষয়টি মানতে রাজি নয়, তাই এর অধিকতর তদন্তের বিষয়টি বিবেচনায় নিতে হবে।
রাউধার চিকিৎসক বাবা বলছেন, তিনি অনেক আলামত খুঁজে পেয়েছেন এবং রাউধার দেহে কিছু চিহ্ন দেখেছেন, যা নির্দেশ করে যে তিনি আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে। রাউধার বাবার এই অভিযোগ উপেক্ষা করার সুযোগ নেই।
রাউধা একজন বিদেশি শিক্ষার্থী এবং তঁার মৃত্যুটি স্বাভাবিক নয়। এ ক্ষেত্রে প্রকৃত কী ঘটেছে, তা উদ্ঘাটন করে তাঁর পরিবারের সব সন্দেহ দূর করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এর সঙ্গে দেশের মান-মর্যাদার প্রশ্ন জড়িত রয়েছে। প্রথমআলোসহ বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী, এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। একজন ছাড়া সব সহপাঠীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সব সময় হাসিখুশি থাকতেন রাউধা। তাঁর বন্ধুরাও কেউ মনে করছেন না যে রাউধা আত্মহত্যা করেছেন।
রাউধার মৃত্যু নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে, তাই যথাযথ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে এর নিষ্পত্তি করতে হবে। আত্মহত্যার বাইরে অন্য কোনো আলামত পাওয়া গেলে সে অনুযায়ী তদন্ত এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশে অসংখ্য বিদেশি ছাত্রছাত্রী লেখাপড়া করছেন। এ ঘটনার যথাযথ তদন্ত এবং এ নিয়ে বিভ্রান্তি দূর করতে না পারলে তঁাদের মধ্যে আস্থার সংকট দেখা দেবে। এটা কোনোভাবেই কাম্য নয়।