রাজশাহীর ক্লিনিক মালিকদের ধৃষ্টতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর যে চিত্র উঠে এসেছে, তা এককথায় ভয়াবহ। তবে এই অভিযানের প্রতিবাদে ক্লিনিক ও হাসপাতালগুলোর ধর্মঘটে যাওয়া বা রোগীদের সেবা বন্ধ করে প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়ার ঘটনাটি আরও ভয়াবহ। অবস্থাদৃষ্টে মনে হয় চিকিৎসা ব্যবসার নামে সেখানে কার্যত একটি মাফিয়া চক্রের রাজত্ব কায়েম হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত যে কয়েকটি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছেন, সেখানে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী, অস্ত্রোপচার কক্ষের নোংরা পরিবেশ, চিকিৎসকের স্বাক্ষরসহ ফাঁকা প্যাড, এমনকি ভারতের সরকারি হাসপাতালের ‘নট ফর সেল’ লেখা চিকিৎসা সামগ্রীও পাওয়া গেছে। আদালত স্বাভাবিকভাবেই ক্লিনিকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা ধর্মঘটের ডাক দেয় এবং ক্লিনিকগুলো রোগীদের বের করে তালা লাগিয়ে দেয়। তাদের এই আচরণ ও অবস্থান স্পষ্টতই ধৃষ্টতার শামিল।
ক্লিনিক মালিকদের আচরণে মনে হচ্ছে তঁারা আইনের ঊর্ধ্বে। তঁারা যথাযথ চিকিৎসার মান নিশ্চিত করবেন না, রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন বা নানা পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করবেন; কিন্তু তাঁদের কিছু বলা যাবে না। সংগঠনটির সহসভাপতি ডা. ফয়সাল কবীর যেসব দাবি তুলেছেন, তা বেআইনি আবদার ছাড়া আর কিছুই নয়। তিনি জরিমানা ছাড়া আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও সামগ্রিকভাবে জরিমানার পরিমাণ কমানোর দাবি করেছেন। এসব দাবি মানা না হলেও গতকাল বিকেলে ক্লিনিকগুলো ধর্মঘট প্রত্যাহার করে। আমরা মনে করি, যেখানে মানুষের চিকিৎসা ও যার সঙ্গে জীবন-মরণের সম্পর্ক রয়েছে, সেখানে যেকোনো ধরনের ন্যূনতম অবহেলা ও অনিয়মের জন্য শাস্তি ও জরিমানার বিধান থাকা প্রয়োজন।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এবং সেগুলো মেনে না চললে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। রাজশাহীর বেসরকারি ক্লিনিকগুলো সরকারকে সেই দায়িত্ব পালনে বাধা দিয়ে স্পষ্টতই আইনের লঙ্ঘন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব প্রথম আলোর কাছে যে মন্তব্য করেছেন, আমরা তার সঙ্গে একমত। তিনি বলেছেন, যারা রোগীদের বের করে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দিয়েছে, সরকারের উচিত সেগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজশাহীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের বেআইনি কর্মকাণ্ড ও ধৃষ্টতামূলক আচরণের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।